দেশের কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের কয়লা সম্পদ মাটির নিচে ফেলে না রেখে দ্রুতই তা উত্তোলনের উদ্যোগ নেওয়ার আহ্বান আবারও উচ্চারিত হলো ১১ জুলাই ২০১২ এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিনের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে। ভারতের খ্যাতিমান খনি বিশেষজ্ঞ অধ্যাপক অজয় ঘোষ সেমিনারে প্রধান বক্তা হিসেবে খেদ নিয়েই বললেন, উল্লেখযোগ্য পরিমাণ এবং ভালো মানের কয়লা বাংলাদেশের উত্তরাঞ্চলে আবিষ্কৃত হলেও তা অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক বিতর্কে অনাহরিত রয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরূল ইমাম বললেন, দেশের সম্ভাবনার কয়লা তোলার বদলে প্রধান দুই রাজনৈতিক দল ‘কয়লা নিয়ে রাজনৈতিক ফুটবল খেলছে’। দেশের একমাত্র উৎপাদনক্ষম বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান বললেন, কয়লা কোন পদ্ধতিতে তোলা হবে, সেটি অপ্রয়োজনীয় বিতর্ক। বরং কয়লা উত্তোলন করতে পানি ব্যবস্থাপনা, ক্ষতিগ্রস্ত মানুষকে কীভাবে পুনর্বাসন করা যায়, সেটি হওয়া উচিত আলোচনার বিষয়। ব্যবসায়ী নেতা আনিসুল হক জোর দিয়েই বললেন, ‘বিশ্বে আমরাই প্রথম কয়লা উত্তোলন করতে যাচ্ছি না; অন্যান্য দেশ যদি সমস্যা সমাধান করে সফলভাবে কয়লা উত্তোলন এবং বিদ্যুৎ উৎপাদনে তা ব্যবহার করতে পারে, সে ক্ষেত্রে আমাদের কেন সমস্যা হবে?’ প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বললেন, ‘সরকার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিষয়গুলো নিয়ে দেশের কয়লা উৎপাদনের উদ্যোগ নেবে; কিন্তু বিদ্যুৎ উৎপাদনে এখনই আমাদের কয়লার প্রয়োজন। সে কারণে কয়লা আমদানি করে এখন বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে।’ইতিমধ্যে আইপিপির ভিত্তিতে এক হাজার ১০০ মেগাওয়াট ক্ষমতার তিনটি বিদ্যুৎকেন্দ্র আমদানি করা কয়লা দিয়ে নির্মাণের চূড়ান্ত চুক্তি সরকার স্বাক্ষর করেছে ওরিয়ন গ্রুপের সঙ্গে। আরও কয়েকটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চেষ্টা চলছে। সরকারের ‘পাওয়ার সেক্টর মাস্টারপ্ল্যান’ অনুযায়ী ২০৩০ সালের মধ্যে কয়লা দিয়ে প্রায় ১৯ হাজার ৬৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ উৎপাদনের আকাঙ্ক্ষা রয়েছে। এর মধ্যে দেশের খনি থেকে উত্তোলিত কয়লা দিয়ে ১১ হাজার ২৫৯ মেগাওয়াট এবং আমদানি করা কয়লা দিয়ে আট হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা। সেই ধারাবাহিকতায় ২০১৭ সালে দেশের কয়লা দিয়ে প্রায় পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা। বৃদ্ধাঙ্গুলির নিয়মে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য আমাদের দেশে প্রাপ্ত কয়লা বছরে প্রয়োজন হবে প্রায় ১৫ মিলিয়ন টন। উন্মুক্ত পদ্ধতির একটি কয়লাখনি নির্মাণ শুরু করলে (ভূমি অধিগ্রহণ দীর্ঘসূত্র না হলে) অন্তত তিন বছর এবং ভূগর্ভস্থ পদ্ধতির খনি হলে প্রায় দ্বিগুণ সময় লাগবে প্রথম উৎপাদিত কয়লা পেতে। একটি কয়লাভিত্তিক মাঝারি আকৃতির বিদ্যুৎকেন্দ্র নির্মাণ সম্পন্ন করতে অন্তত চার বছর সময় দরকার। কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা দীর্ঘদিন আগে চূড়ান্ত হলেও বাস্তবে দেশীয় কয়লা (বড়পুকুরিয়ার সমস্যাসংকুল ও বছরে এক মিলিয়ন টন উৎপাদন সামর্থ্যের ছোট খনিটি ছাড়া) তোলার কার্যকর কোনো উদ্যোগই এখনো শুরু হয়নি। একইভাবে শুরু হয়নি নতুন কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ। প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা আপাতত আমদানি করা কয়লা দিয়ে ‘শুরু’ করতে চান। পরবর্তীকালে দেশীয় কয়লা উত্তোলনে উদ্যোগের কথা বলছেন। সরকারি ট্রাস্ট ‘সিইজিআইএস’ সম্প্রতি সমীক্ষা চালিয়ে বলছে, কয়লা আমদানির সবচেয়ে নিকটবর্তী উৎস হতে পারে ইন্দোনেশিয়া। বিভিন্ন সীমাবদ্ধতায় ইন্দোনেশীয় কয়লা চট্টগ্রাম বন্দর পর্যন্ত আনতে (শুল্ক, কর ও ভ্যাট ছাড়া) টনপ্রতি প্রায় ১৪৫ মার্কিন ডলার ব্যয় হবে। ২০১৪ সালের ফেব্রুয়ারির পর ইন্দোনেশিয়ার কয়লা রপ্তানি অনেক বেশি নিয়ন্ত্রিত হবে। (ইন্দোনেশিয়ার মজুদ কয়লার প্রায় ৩০ শতাংশ নিম্নমানের এবং তুলনামূলকভাবে সস্তা। ইন্দোনেশিয়া সরকার ইতিমধ্যে আইন প্রণয়ন করেছে, যাতে অন্তত পাঁচ হাজার ৭০০ কিলোক্যালরি/কেজি ক্ষমতার চেয়ে কম তাপজ্বলন ক্ষমতার কয়লা রপ্তানি ২০১৪ থেকে নিষিদ্ধ করা হয়েছে।) এর সম্ভাব্য পরিণাম বিশ্ববাজারে কয়লার সরবরাহ সংকোচন এবং মূল্যবৃদ্ধি।অপরদিকে, কয়লার আমদানি চাহিদার চাপ বাড়ছে। পৃথিবীতে বছরে প্রায় ছয় বিলিয়ন টন কয়লা উৎপাদিত হয়, যার মধ্যে চীন এককভাবে উৎপাদন করছে ৩ দশমিক ২ বিলিয়ন টন। এর পরও চীন জাপানকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়ে গত বছর বৃহত্তম কয়লা আমদানিকারকে উন্নীত হয়েছে। প্রায় ১৮২ মিলিয়ন টন কয়লা আমদানি করেছে চীন গত বছর এবং এর সিংহভাগ সরবরাহ করেছে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া। ২০১৫ সাল নাগাদ চীনের কয়লার চাহিদা প্রায় চার বিলিয়ন টনে পৌঁছাবে। ভারত গত বছর নিজে উৎপাদন করেছে ৬৬০ মিলিয়ন টন এবং আরও আমদানি করেছে ১৬৫ মিলিয়ন টন। ২০১৬ সালে ভারতের কয়লার চাহিদা এক বিলিয়ন (এক হাজার মিলিয়ন) টনে উন্নীত হবে। ফলে ভারতের আমদানি বাড়বে। ইতিমধ্যে ভারতের বিনিয়োগকারীরা ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ায় বিনিয়োগ করে কয়লাখনির মালিকানা নিশ্চিত করছেন, যাতে ভারতের আমদানি কয়লার জোগান তাঁরা নিশ্চিত করতে পারেন। বিদ্যুৎ উৎপাদনের জন্য যেহেতু নিরবচ্ছিন্ন কয়লা সরবরাহ নিশ্চিত রাখতে হয়, সে কারণে অনিশ্চিত মূল্য ও সরবরাহ ওঠানামার বাজারে বিদ্যুৎ উৎপাদন কোম্পানি কয়লা কেনার ঝুঁকি সাধারণত পরিহার করে। এ ক্ষেত্রে দীর্ঘমেয়াদি আগাম চুক্তিতে কয়লা কেনা ও সরবরাহব্যবস্থা গড়া হয়। কিন্তু দীর্ঘমেয়াদি কয়লা ক্রয় ও বিরতিহীন সরবরাহ নিশ্চিত করার কোনো চুক্তি সম্পাদনের উদাহরণ বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের আজও নেই। রাতারাতি এ সামর্থ্য গড়েও ওঠে না। কিন্তু আমরা ২০১৭ সালে কয়লা দিয়ে অন্তত পাঁচ হাজার এবং ২০৩০ সালে প্রায় ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চাইছি। এর মধ্যে ১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যদি দেশের খনির কয়লা দিয়ে উৎপাদন করতে হয়, তাহলে বড়পুকুরিয়া খনির মতো উৎপাদনক্ষম ৩৩টি ভূগর্ভস্থ খনি অথবা প্রস্তাবিত ফুলবাড়ী খনির মতো দুটি বা তারও বেশি উন্মুক্ত কয়লাখনিকে উৎপাদনে থাকতে হবে। বড়পুকুরিয়ায় উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কয়লাক্ষেত্রের একাংশে উন্মুক্ত খনি নির্মাণের জন্য কেবল জরিপের আলাপ হচ্ছে; ফুলবাড়ী কয়লাক্ষেত্রের যে জরিপ ও সমীক্ষা পরিচালিত হয়েছে, সরকার এখনো সেই প্রতিবেদন উপযুক্ত বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা ও পর্যালোচনা করেই দেখেনি। অন্যান্য কয়লাক্ষেত্রের প্রাপ্ত তথ্য আরও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ পটভূমিতে দেশের কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা বাস্তবায়ন কি কাগুজে ঘোষণাই থাকবে?ড. মুশফিকুর রহমান: খনি প্রকৌশলী। জ্বালানি ও পরিবেশবিষয়ক লেখক।