নতুন বছরে দেশের বিকাশমান পর্যটনশিল্প আরও বেশি প্রতিশ্রুতি এবং সম্ভাবনা নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে। ২০১২ সাল ভালোমন্দ মিলিয়ে দেশের পর্যটনশিল্পকে এগিয়ে নিয়ে গেছে। সংখ্যার বিচারে তা ২০১১ সাল থেকে ১৫-২০ শতাংশ বেশিই হবে। আমি মূলত ইন-বাউন্ড কিংবা বিদেশিদের বাংলাদেশে আসার পরিসংখ্যানই এখানে উল্লেখ করলাম। এ ছাড়া অভ্যন্তরীণ পর্যটনের বিস্তার তো ২০১১ সালের চেয়ে শতভাগ বেড়েছে। ইতিমধ্যে দেশের বেসরকারি পর্যটন আয়োজক সংস্থাগুলো ২০১৩ সালে বিদেশি পর্যটকদের বাংলাদেশে আসার ব্যাপারে ব্যাপক আগ্রহ ও বুকিং দেখে আশাবাদী হয়ে উঠছিল। মনে হচ্ছিল, ২০১৩ সালে আমরা ২০১২ সাল থেকেও ২৫-৩০ শতাংশ বেশি বিদেশি পর্যটক দেশে নিয়ে আসতে পারব। অন্তত প্রাথমিক যোগাযোগ ও বুকিংয়ের ধরন দেখে তা-ই মনে হচ্ছিল। আপনারা নিশ্চয়ই জানেন, ২০১০ সাল থেকে দেশে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রতিষ্ঠিত হয়েছে। অন্যান্য কাজের পাশাপাশি ট্যুরিজম বোর্ড যে কাজটি করে ইতিমধ্যে প্রশংসিত হয়েছে, তা হলো, পৃথিবীর বিভিন্ন আন্তর্জাতিক পর্যটন মেলায় সরকারের পাশাপাশি বেসরকারি পর্যটন সংস্থার উল্লেখযোগ্য অংশগ্রহণ। ইতিমধ্যে এর সুফলও পেতে শুরু করেছে দেশ। নতুন নতুন পর্যটন মার্কেট গড়ে উঠছে দেশে দেশে। একসময় যে পর্যটকেরা বাংলাদেশ নামেই পরিচিত ছিলেন না, আজ তাঁরা আগ্রহ নিয়ে পর্যটন মেলায় বাংলাদেশের স্টলে এসে বিভিন্ন ট্যুরের খোঁজখবর নিচ্ছেন। বাংলাদেশে আসার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন। এসবই বাংলাদেশের পর্যটনশিল্পের ইতিবাচক দিক।কিন্তু ইতিমধ্যে তা বেশ খানিকটা ম্লান হতে চলেছে বিরোধী দলগুলোর ক্রমাগত হরতাল আর ধ্বংসাত্মক কার্যক্রমের কারণে। এমনিতেই বহির্বিশ্বে আমাদের ইতিবাচক ভাবমূর্তির বড়ই অভাব। বাংলাদেশ যখন বহির্বিশ্বে রাজনৈতিক সহিংসতা, ঝড় আর বন্যার বিপরীতে একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই এমন হরতাল আর ধ্বংসাত্মক কার্যক্রমে আমাদের পর্যটনশিল্প, বিশেষত ইন-বাউন্ড ট্যুরিজম ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদেশি পর্যটকেরা ঝড়-বন্যা কিংবা প্রাকৃতিক বিপর্যয়ের চেয়েও বেশি গুরুত্ব দেন হরতালকে। কারণ, তাঁরা বাংলাদেশে মূলত বেড়াতেই আসেন। তাই এসব হরতালে তাঁরা বাইরে বের হতে না পেরে হোটেলেই একপ্রকার গৃহবন্দী হয়ে পড়েন। এ ছাড়া তাঁদের নিজ নিজ দেশের Foৎeign office advice-এও দেশটিতে ভ্রমণের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়, তাই পর্যটকদের তাঁদের দেশের নির্দেশ না মেনে উপায়ও থাকে না। ফলে পর্যটকেরা ভ্রমণের ব্যাপারে উৎসাহ হারান, ক্ষতিগ্রস্ত হয় দেশের পর্যটনশিল্প।বাংলাদেশে নতুন বছরে পর্যটন মৌসুম সবে শুরু হয়েছে। ইতিমধ্যে বিদেশি পর্যটকেরা বাংলাদেশে আসতে শুরু করেছেন। দেশের ট্যুর অপারেটররা ইতিমধ্যে হোটেল-মোটেলে বুকিং, গাড়ি, গাইড, সাইট-সিয়িং ইত্যাদি নিয়ে যখন ব্যস্ত, ঠিক তখনই ঘোষণা আসছে নতুন নতুন হরতালের। প্রতিদিনই অসংখ্য ই-মেইলের উত্তর দিয়ে বিদেশি পর্যটকদের জানানো হচ্ছে অগ্রগতি। অনেকে ভয়ে ট্যুর বাতিল করতে চাইছেন। অনেকে নিরাপত্তার নিশ্চয়তা চাইছেন। যাঁরা ইতিমধ্যে ট্যুরের টাকা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করেছেন, তাঁরা টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা চাইছেন। মোদ্দা কথা, একটা ভয়াবহ সময় পার করছেন দেশের ইন-বাউন্ড ট্যুর অপারেটররা। এর মধ্যে বিগত সময়ে যে বিষয়টি আরও ভয়াবহ হিসেবে ধরা পড়েছে, তা হলো, সারা দেশের সঙ্গে সঙ্গে বর্তমানে জেলায় জেলায় হরতাল পালন। অর্থাৎ স্থানীয় রাজনৈতিক সহিংসতায় কিংবা একেবারেই এলাকাভিত্তিক গোলযোগের কারণে রাজনৈতিক, এমনকি সামাজিক সংস্থাগুলোও কারণে-অকারণে হরতাল ডেকে বসছে। দেখা গেছে, একটি ছয় দিনের ট্যুর উত্তরবঙ্গের পুরাকীর্তি এবং প্রত্নতাত্ত্বিক জায়গাগুলোকে নিয়ে আয়োজন করা হলে এই ছয় দিনের মধ্যে কোনো না কোনো জেলায় স্থানীয় পর্যায়ের হরতাল আহ্বান করা হচ্ছে। ঢাকা থেকে রাজশাহী বেড়িয়ে বগুড়ায় যেতেই হরতাল। আবার পরদিন হয় রংপুর, না-হয় গাইবান্ধায় হরতাল। ফলে পর্যটক ও ভ্রমণ সংস্থাগুলোর নাজেহাল অবস্থা। আর পর্যটকেরাও অর্থের বিনিময়ে এমন ঝামেলায় পড়তে চান না। ফলে ক্রমেই কমছে তাঁদের আগ্রহ। এতে সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হবে দেশের পর্যটনশিল্প।পৃথিবীর ইতিহাসে পর্যটনই একমাত্র শিল্প, যা বৈদেশিক মুদ্রা অর্জনে, কর্মসংস্থান সৃষ্টিতে, দারিদ্র্য বিমোচনে কিংবা ইতিবাচক ভাবমূর্তি আনয়নে একটি বিশাল ভূমিকা রাখছে। বাংলাদেশেও এর এক বিশাল সম্ভাবনা দেখছেন দেশের পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও বিদেশি পর্যটকেরা। পর্যটনশিল্পই পারবে ভবিষ্যতে বাংলাদেশের অর্থনৈতিক চেহারা বদলে দিতে। আজকে দেশের যে অর্জন এবং সরকারের যে আনুকূল্য পোশাক ব্যবসায়ীরা পাচ্ছেন, এর ৪ ভাগের ১ ভাগ সহযোগিতা পেলেই পোশাকশিল্প থেকে আয়কৃত বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিগুণ অর্জন করে দিতে পারবেন দেশের পর্যটন ব্যবসায়ীরা। কারণ, মনে রাখতে হবে, পর্যটনশিল্প থেকে আয়কৃত বৈদেশিক মুদ্রার শতভাগ দেশেই থেকে যায়, যা পোশাকশিল্প থেকে হয় না। সুতরাং, সময় এসেছে সরকার এবং বিরোধী দলের সমন্বিত উদ্যোগ গ্রহণের। মনে রাখতে হবে, সরকার এবং বিরোধী দলগুলোর সম্মিলিত আন্তরিক সহযোগিতা ছাড়া দেশের পর্যটনশিল্পের অগ্রগতি সম্ভব নয়।সুতরাং, বিরোধী দলগুলোর কাছে আহ্বান জানাচ্ছি, দেশের বিকাশমান পর্যটনশিল্পের এই অগ্রযাত্রায় আপনারাও আপনাদের হাতটি বাড়িয়ে দিন। হরতালের মতো কর্মসূচি পরিহার করে দেশের পর্যটনশিল্প এবং পর্যটন ব্যবসায়ীদের বাঁচান। না হলে ভবিষ্যতে শত চেষ্টা করেও বিদেশি পর্যটকদের বাংলাদেশমুখী করা কঠিন হয়ে পড়বে। তার পরও যদি হরতাল দিতেই হয়, তাহলে পর্যটনশিল্প এবং দেশের ইতিবাচক ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে হরতালের সময় সংবাদপত্রবাহী গাড়ি, ওষুধ আর অ্যাম্বুলেন্সের পাশাপাশি বিদেশি পর্যটকবাহী গাড়িকেও হরতালের আওতামুক্ত রেখে দেশের পর্যটনশিল্পকে সমর্থন দিন। কথা দিচ্ছি, ভবিষ্যতে সরকারের পাশাপাশি বিরোধী দলগুলোর অর্থনৈতিক উন্নয়নেও আমরা সমান অবদান রেখে যাব।তৌফিক রহমান: উপদেষ্টা, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।[email protected]