ক্ষমতাসীন আওয়ামী লীগের জঙ্গিবাদবিরোধী রাজনৈতিক সংকল্প সুবিদিত। পুলিশও জঙ্গিবাদ দমনে কিছু ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। কিন্তু ১২ জুলাই ২০১৬ প্রথম আলোয় সন্ত্রাস দমন আইনে তদন্তকারী পুলিশ অনুমোদন নেয়নি বলেই তিন প্রভাবশালী জঙ্গিনেতার বিচার থমকে থাকার বিস্ময়কর খবর ছাপা হয়। ওই সময় এ জন্য সংশ্লিষ্ট প্রতিবেদককে হেনস্তার শিকার হতে হয়েছিল। আইনে সরকারের পূর্বানুমোদন ছাড়া আদালতে অভিযোগপত্র দায়েরের কোনো সুযোগ নেই। অথচ দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারা এই কাজটিই করে চলছিলেন।
কিন্তু আমরা আশ্বস্ত হয়েছিলাম যে ওই খবর প্রকাশের দুই সপ্তাহ পার হতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই তিন জঙ্গিনেতাসহ মোট ১১৭টি মামলার অনুমোদন দিয়েছিল। পুলিশ বিভাগে যদি কর্তব্য অবহেলা ও গাফিলতির দায়ে শাস্তি প্রদানের নিয়ম স্বাভাবিক ধারায় চলত, তাহলে ইতিমধ্যে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। এবং সেটাই প্রকাশযোগ্য খবরে পরিণত হতো। কিন্তু দুঃখের বিষয় এখন ছয় মাসেরও বেশি সময়ের পর প্রথম আলোতে গত শনিবার (২১ জানুয়ারি) ওই ১১৭টি মামলা নিয়েই ‘জটিলতার’ খবর ছাপা হয়েছে। এতে বলা হয়েছে, তদন্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিচ্ছে। পরিহাস হলো এত বড় গাফিলতির বিষয়ে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণে এতটা উচ্চপর্যায় থেকে নির্দেশ দেওয়ার কথা নয়। এর অর্থ দাঁড়াচ্ছে তদন্তকারী কর্মকর্তাদের তদারককারী কর্মকর্তারাও তাঁদের দায়িত্ব পালনে গাফিলতির ছাপ রাখছেন।
ওই ১১৭টি মামলার মধ্যে অনেকগুলোর বিচারকাজ বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর পিপিরা এখন আক্ষেপ করছেন। আমাদের দেশের বিচারব্যবস্থার একটা সাধারণ প্রহসন হলো আসামিপক্ষ বিচার–প্রক্রিয়ার নানা ফাঁক-ফোকড় খুঁজে বিচার বিলম্বিত করার প্রবণতা দেখিয়ে থাকে। সন্ত্রাস দমন আইনে করা এই মামলার আসামিরাও সেই চেষ্টাই করবেন—এমনটাই স্বাভাবিক। সরকারের কৌঁসুলিরা এত দিন পরে এসে বলছেন, ‘এসব মামলা নতুন করে শুরু করতে হবে। পুনরায় অভিযোগপত্র দিতে হবে।’ এর ফলে ওই ১১৭ মামলার বিচার–প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য ঝুলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনজীবীদের সঙ্গে আলোচনা করে উপযুক্ত কৌশল নির্ধারণের কথা বলেছেন। এতে বিলম্ব কাম্য নয়।
বিষয়টি প্রশাসনিক নয়, বিচারিক। সংবিধানের ১১০ অনুচ্ছেদে জনগুরুত্বসম্পন্ন কোনো মামলায় আইনি জটিলতা দেখা দিলে তা নিষ্পত্তি করতে সংবিধান হাইকোর্টকে এখতিয়ার দিয়েছে। রাষ্ট্র এর সুবিধা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখতে পারে।