দেয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের নির্মাণাধীন দেয়াল চাপা পড়ে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু এবং দুজনের আহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাজধানীর বনশ্রীর ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটে। সকাল সাড়ে নয়টায় বিদ্যালয়ে ১৫ মিনিটের বিরতি হলে প্রথম শ্রেণীর শিক্ষার্থী জোবায়ের আহমদ দুই বন্ধুকে নিয়ে উত্তর দিকের নির্মাণাধীন শ্রেণীকক্ষে যায় এবং সেখানে তাদের দুজন দেয়ালের সঙ্গে বাঁধা একটি রশি ধরে ওপরে উঠতে চেষ্টা করলে তারা নিচে চাপা পড়ে। এতে জোবায়ের নিহত ও অপর দুজন আহত হয়। যে শিশুটি বিদ্যালয়ে এসেছিল পাঠ নিতে, সে ফিরে গেল লাশ হয়ে। এই মৃত্যুর জবাব কী? নিহত জোবায়েরের বাবা এ জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের চরম দায়িত্বহীনতাকে দায়ী করেছেন। তবে তিনি মামলা করেননি। মামলা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। যে দেয়াল নির্মাণ করা হয়েছে, তার জন্য রাজউকের অনুমতি নেওয়া হয়নি। এর মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষ দুটি অন্যায় করেছে। প্রথমত, রাজউকের অনুমতি ছাড়া দেয়াল তোলা, দ্বিতীয়ত, শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারা। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক যে ব্যাখ্যা দিয়েছেন তাও গ্রহণযোগ্য নয়। যেখানে ছোট ছোট শিক্ষার্থী পড়াশোনা করছে, সেখানে মৌখিক কেন, লিখিত বিজ্ঞপ্তিও যথেষ্ট নয়। নির্মীয়মাণ দেয়ালটির চারপাশ এমনভাবে ঘেরাও করে রাখা উচিত ছিল, যাতে শিক্ষার্থীরা সেখানে যেতে না পারে। শিশুদের স্বাভাবিক কৌতূহলের বিষয়টি কর্তৃপক্ষ মাথায় না রেখে অন্যায় করেছে। যারা মানুষ গড়ার কারিগর, তাদের কাছ থেকে এতটা দায়িত্বহীনতা কাম্য নয়। কেবল এই বিদ্যালয় নয়, রাজধানীতে যে বিপুলসংখ্যক স্থাপনা গড়ে উঠেছে তার মধ্যে খুব কমই ইমারত আইন মেনে চলে। কয়েক মাস আগে পান্থপথের একটি নির্মাণাধীন ভবনের ইট পড়ে এক যুবকের মৃত্যু হয়। সেই ঘটনায় আদালতের নির্দেশে কোম্পানি মোটা অঙ্কের ক্ষতিপূরণ শোধ করে। কিন্তু এই আর্থিক ক্ষতিপূরণ কি সন্তানহারা বাবা-মার শূন্যতা পূরণ করতে পারবে? আমরা চাই বিদ্যালয়, আবাসিক কিংবা বাণিজ্যিক—সব ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান আইন মেনে চলবে এবং ঝুঁকিমুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তাহলে আমাদের জোবায়েরের মতো শিশুদের অকালে ঝরে যেতে হবে না।