স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অনিয়ম এখন কোন স্তরে পৌঁছেছে, তার নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। কারণ, আশঙ্কা প্রবল হওয়া স্বাভাবিক যে, এই প্রতিষ্ঠানটি কোনো নিয়ম–নীতি মানছে না। গত বছরের ডিসেম্বরে প্রথম আলোয় ‘মন্ত্রী-উপদেষ্টাদের গাড়িবিলাস’ শিরোনামে প্রকাশিত রিপোর্টে এলজিইডির বিভিন্ন প্রকল্পের ৭৭টি গাড়ি মন্ত্রী-উপদেষ্টা, সরকারি কর্মকর্তাসহ প্রভাবশালীরা ব্যবহার করছেন বলে উল্লেখ করা হয়। এরপর কয়েকটি গাড়ি ফেরত দেওয়ার ঘটনা ঘটে। কিন্তু কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার তথ্য জানা যায়নি।
৫ ডিসেম্বরে প্রকাশিত আরেক প্রতিবেদনমতে রহস্যজনকভাবে আদায় করা ৮৫ কোটি টাকার ‘সার্ভিস চার্জ’ বা পেশাদারি ফির মধ্যে কেবল গাড়িবিলাসে ২২ কোটি টাকা খরচ হয়েছে। শুধু জ্বালানির দাম মেটাতে গাড়িচালকদের ব্যাংক হিসাবে এক কোটি টাকা পাঠানো ইঙ্গিত দেয় যে, কতটা ভয়ানক অনিয়ম সেখানে বাসা বেঁধেছে। গত বছরের জুলাইয়ে টিআইবি সেমিনারে বলা হয়েছিল, ‘এলজিইডি রাজনৈতিক বিবেচনায় প্রকল্প তৈরি করে, এর দরপত্রের নিয়ন্ত্রক ক্ষমতাসীন দল। বিল পরিশোধ করার ক্ষেত্রে ঠিকাদারের কাছ থেকে তারা সাড়ে ১০ শতাংশ পর্যন্ত ঘুষ নেয়। কর্মকর্তারা ব্যক্তিগত কাজে ব্যবহার করেন অফিসের গাড়ি। মন্ত্রী-সচিবদের সন্তুষ্ট রাখতে দিয়ে থাকেন গাড়িসেবা।’ এবার সরকারি অডিট রিপোর্ট কোটি কোটি টাকার অনিয়ম চিহ্নিত করেছে।
এই সংস্থার প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সনদ জালের অভিযোগ রয়েছে। কয়েক দিন আগে তাঁকে যখন দুদকে তলব করা হয়, তখন তিনি ছাত্রলীগের কর্মীবেষ্টিত অবস্থায় সেখানে যান। গাড়িবিলাস বিষয়ে ‘নিরীক্ষা আপত্তিগুলো তাঁর ভালো মনে নেই’ বলে তিনি যে সাফাই গেয়েছেন, তা হাস্যকার। স্থানীয় সরকার, অর্থ মন্ত্রণালয় ও সরকারি হিসাব কমিটির উচিত এ-বিষয়ক অনিয়মগুলোকে খতিয়ে দেখা। গাড়ি ক্রয়ে রীতিমতো ফৌজদারি অপরাধ সংঘটিত হচ্ছে কি না, সেটাও খতিয়ে দেখা দরকার। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাই কাম্য।