দোষীদের দ্রুত শাস্তি দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

আইনহীনতা খারাপ, কিন্তু আইনের ধোঁকার পর্দাটুকুও বজায় না রাখার ঔদ্ধত্য মারাত্মক। দুঃখজনক বিষয় হলো, কোথাও কোথাও আইনহীনতা এমন পর্যায়ে পৌঁছেছে যে দখলবাজিতে এখন আর দখলদারেরা কোনো রাখঢাক করেন না। আইনের মারপ্যাঁচের দিকেও যান না। যা করার খোলাখুলি করেন। মৌলভীবাজারে খাসিয়া সম্প্রদায়ের জায়গা দখল, তাদের ফসল লুট এবং তাদের বাস্তুচ্যুত করার চর্চা সেই খোলাখুলি পর্যায়ে চলে গেছে। বছরের পর বছর এই ধরনের ঘটনা ঘটছে, তা নিয়ে খবর ছাপা হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।

সর্বশেষ দুটি ঘটনা এই উৎপীড়নে নতুন মাত্রা যুক্ত করেছে। গত ২৮ মে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বনাখলাপুঞ্জির তিনটি পানের জুম বহিরাগত লোকজন দখল করেছেন। এরপর একই ইউনিয়নের আগারপুঞ্জিতে গত রোববার খাসিয়াদের প্রায় এক হাজার পানগাছ কে বা কারা কেটে ফেলেছে।

বনাখলাপুঞ্জিতে ছোটলেখা চা-বাগান কর্তৃপক্ষ চা–চাষের জন্য ১ হাজার ৯৬৮ একর টিলাভূমি সরকারের কাছ থেকে ইজারা নিয়েছে। তারা ২৭২ একর জমি বার্ষিক ১০ লাখ টাকায় খাসিয়াদের কাছে উপ-ইজারা দিয়েছে। পুঞ্জিতে বর্তমানে ৩৬টি খাসিয়া পরিবারের দেড় শতাধিক সদস্য থাকে। প্রতিটি পরিবারের আলাদা পানের জুম আছে। ২৮ মে বহিরাগত একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুঞ্জিতে ঢুকে তিনটি পানের জুম দখল করে নেয়। এ সময় তারা সেখানে একটি অস্থায়ী ঘরও নির্মাণ করে। আইনগতভাবে যে জমি খাসিয়ারা ইজারা নিয়েছে, তাদের উচ্ছেদ করে কীভাবে জায়গা দখল করা হলো, সেই প্রশ্নের জবাব খুঁজে বের করা প্রশাসনের দায়িত্ব।

এর পরপরই আগারপুঞ্জিতে খাসিয়াদের পানগাছ কাটা হলো। এই দুই ঘটনার মধ্যে যোগসাজশ আছে কি না, তা খতিয়ে দেখা এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দায়ও তাদের।

নিজেদের কেনা জমি না থাকায় খাসিয়াদের চা–বাগানের জায়গায় উপ-ইজারা নিয়ে থাকতে হয় অথবা সরকারি খাস জায়গায় আশ্রয় নিতে হয়। এই সম্প্রদায় শান্তিপ্রিয় হিসেবে পরিচিত। হয়তো এ কারণেই তারা দখলদারদের রোষানলে পড়ে বেশি।

দীর্ঘদিনের পর্যবেক্ষণে বিশেষজ্ঞরা বলে থাকেন, আদিবাসী ও খাসিয়া জনগোষ্ঠী যে বন বা পাহাড়ে থাকে, সেখানকার পরিবেশ-প্রকৃতি ভালো থাকে এবং তারা নিজের সন্তানের মতো ভালোবেসে বনকে রক্ষা করে। কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে কিছু দখলদার-ভূমিখেকো চক্র বন ধ্বংস করতে আদিবাসী ও খাসিয়া জনগোষ্ঠীর ওপর হামলা চালায়। এই আধুনিক মাৎস্যন্যায় বন্ধ করা না গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঙ্গে বৃহত্তর পরিবেশ-প্রকৃতিও বিপন্ন হয়ে উঠবে।