
৩ আগস্ট গুজবের তাণ্ডবে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের ছয়টি পাহাড়ি গ্রামে বাঙালি বসতি স্থাপনকারীরা হামলার মাধ্যমে কমপক্ষে অর্ধশতাধিক বাড়িতে অগ্নিসংযোগ এবং পাঁচ শতাধিক বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনার পর প্রাণভয়ে কয়েক শ পাহাড়ি বাড়িঘর ছেড়ে নিকটবর্তী সীমান্তের কাঁটাতারের বেড়া অতিক্রম করে ওপারে আশ্রয় নেয়। আতঙ্কিত দেশান্তরি মানুষদের দেশে ফিরিয়ে আনতে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের তড়িঘড়ি করে সীমান্তবর্তী ফেনী নদীর তীরে ছুটে যেতে দেখা যায়। তবে ফেনী-তাইন্দং এলাকার পাহাড়িদের দেশান্তরি হওয়ার ঘটনা কেবল এবারই প্রথম নয়। ১৯৭৯ সালে সরকারি পৃষ্ঠপোষকতায় সমতলের ছিন্নমূল কয়েক হাজার বাঙালি পরিবারকে পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসনের পর ১৯৮০ সালের ২৫ মার্চ রাঙামাটির কলমপতি ইউনিয়নের কাউখালী বাজারের ঘটনার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক হামলার সূত্রপাত হয়। এ ঘটনায় তিন শতাধিক লোক নিহত হয়। পরের বছর ১৯৮১ সালের ২৫ জুন মাটিরাঙ্গা-বেলছড়িতে পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম গণহত্যাটি সংঘটিত হয়। এ ঘটনায়ও শতাধিক লোক নিহত হয় এবং ওই এলাকার প্রায় ২৫ হাজার পাহাড়ি ভারতে আশ্রয় নিয়েছিল। এরপর ১৯৮৬ সালের ১ মে মাটিরাঙ্গা, পানছড়ি ও খাগড়াছড়িতে একযোগে পাহাড়ি গ্রামগুলোতে আবার পরিকল্পিতভাবে হামলা করা হয়। এ ঘটনার পর পার্বত্য চট্টগ্রাম থেকে রেকর্ডসংখ্যক পাহাড়ি নিরাপদ আশ্রয়ের জন্য ভারতের মাটিতে আশ্রয় নেয় এবং দীর্ঘ এক দশকেরও বেশি সময় পরে ১৯৯৭ সালে তারা স্বদেশে ফিরে আসে।
পাহাড়ের মানুষদের আর কতকাল গুজবের ‘বলি’ হতে হবে। গত বছরের সেপ্টেম্বর মাসে রাঙামাটির সহিংস ঘটনাও গুজব থেকে উদ্ভূত হয়েছে। ওই ঘটনায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ শতাধিক লোক আহত হয়েছে। এ ঘটনার এক সপ্তাহ পর রামুর ঘটনার কথা সবারই জানা। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী একের পর এক ঘটনা ঘটিয়ে যায়, অথচ কোনো ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হয় না। সে কারণেই স্বার্থান্বেষী এই গোষ্ঠী বুঝে গেছে, পাহাড়ে কিংবা সংখ্যালঘুদের ওপর হামলা করে দুই দিন গা ঢাকা দিলে তার ওপর আর কেউ আইনের আঁচড় লাগাতে পারবে না!
পার্বত্য চট্টগ্রামে কারা সাম্প্রদায়িক উসকানি দিয়ে বারবার সহিংস ঘটনা ঘটাচ্ছে, সেটি প্রশাসনের অজানা থাকার কথা নয়। তাইন্দং ঘটনা পর্যালোচনা করলে এর সত্যতা মিলবে। গত ৩১ জুলাই তাইন্দংয়ের বিভিন্ন এলাকায় মসজিদের মাইকে বাঙালিদের সতর্ক থাকার আহ্বান কারা দিয়েছিল? এটি পরিকল্পনার পূর্বাভাস ছিল কি? ১ আগস্ট তাইন্দং বাজারে বাঙালিদের সমাবেশে পাহাড়ি বিদ্বেষী উসকানিমূলক স্লোগান দিতে কারা উদ্বুদ্ধ করেছিল? বেশ কিছুদিন ধরে মাটিরাঙ্গা-গোমতী-তাইন্দং এলাকার সার্বিক পরিস্থিতি ভালো নয় বলে স্থানীয় প্রশাসন ও বিজিবি স্বীকার করে এলেও এসব ধারাবাহিক ঘটনার পর বিজিবি, স্থানীয় প্রশাসন কেন নিরাপত্তাব্যবস্থা জোরদার করেনি? বান্দরসিং পাড়াটি বিজিবি ক্যাম্পের কাছে হওয়া সত্ত্বেও সে গ্রামটি কীভাবে আক্রান্ত হয়?
পত্রিকার মাধ্যমে জানা যায়, এ ঘটনায় জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের মধ্যে কথিত ‘অপহূত’ মোটরসাইকেলের চালক মো. কামালউদ্দিনও রয়েছে। কিন্তু কেবল গ্রেপ্তার করেই দায় শেষ হয়ে যায় না। এ ধরনের পরিকল্পিত ঘটনার মূল নায়কদের খুঁজে বের করে আইনের আওতায় আনাই হবে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রথম দায়িত্ব। কারণ, অতীতে কোনো ঘটনার সুষ্ঠু বিচার হয়নি বলে আজও ষড়যন্ত্রকারীরা প্রশাসনের নাকের ডগায় বসে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তাইন্দংয়ের ঘটনাটি এতটাই সাজানো নাটক ছিল যে নিরাপত্তা বাহিনী বা স্থানীয় প্রশাসনের এটি আড়াল করার আর কোনো সুযোগ ছিল না। সম্ভবত পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে এটাই প্রথম ঘটনা—পাহাড়িদের ওপর পরিকল্পিত হামলার কথা নিরাপত্তা বাহিনী ও প্রশাসন জনসমক্ষে স্বীকার করল!
অনেকের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, ষাটের দশকে কাপ্তাই বাঁধের কারণে সৃষ্ট উদ্বাস্তুদের বড় একটি অংশই মাটিরাঙ্গার ফেনী-তাইন্দংবাসী। আর ফেনী-তাইন্দং ভ্যালিটি পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে উর্বর এলাকা। স্থানীয়দের অনেকের ধারণা, এ এলাকা থেকে পাহাড়িদের উচ্ছেদ এবং তাদের আর্থিকভাবে দুর্বল করতেই বাঙালিরা উদ্দেশ্যমূলকভাবে এ ঘটনা ঘটিয়েছে।
আরেকটি বিষয় এখানে উল্লেখ করা দরকার, সেটি হলো— অধিকাংশ সময় দেখা যায়, পাহাড়ে কোনো ঘটনা ঘটলে মিডিয়ায় সেটিকে পাহাড়ি ও বাঙালির সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে উল্লেখ করা হয়। দাঙ্গা, সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া—এসব শব্দের মধ্যে উভয় পক্ষের পেশিশক্তির ভারসাম্য থাকার অবস্থাকে বোঝায়। কিন্তু পাহাড়ে যখন কোনো হামলার ঘটনা ঘটে, সেটিকে যদি ঢালাওভাবে ‘দাঙ্গা’, ‘সংঘর্ষ’ এসব শব্দচয়নে গাঁথা হয়, তখন স্বাভাবিকভাবে আমজনতা বিভ্রান্তির মধ্যে পড়ে।
পরিশেষে যে কথাটি পুরোনো হলেও পুনরাবৃত্তি করতে চাই—বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে। আমরা পার্বত্য চুক্তির আগে সংঘটিত কলমপতি, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, লংগদু, মাইল্যে, নান্যাচরের মতো গণহত্যাগুলোর বিচার পাইনি। চুক্তির পরেও বাঘাইহাট, বাবুছড়া, মাইচছড়ি, মালছড়ি, সাজেক, খাগড়াছড়িতে সংঘটিত সাম্প্রদায়িক হামলারও কোনো বিচার হয়নি। অতীতের কোনো ঘটনারই সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের বিচার হয়নি বলে আজও পাহাড়ে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে চলেছে। আমরা চাই, অবিলম্বে দোষী ব্যক্তিদের দ্রুত বিচার আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর এ ধরনের সহিংসতার পুনরাবৃত্তি না ঘটে এবং এ সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা যেন নেওয়া হয়।
ইলিরা দেওয়ান: হিল উইমেন্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক।
[email protected]