১১ অক্টোবর সকাল থেকে রাত পর্যন্ত অনেক ফোন এসেছিল প্রথম আলোর নম্বরে। এসব ফোনে অপরপ্রান্ত থেকে মোটামুটি একই রকম জিজ্ঞাস্য ছিল, ‘দোয়েল ল্যাপটপ কোথায় পাব?’ ‘কবে পাব?’ বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল, বাংলাদেশ সাশ্রয়ী মূল্যে ল্যাপটপ কম্পিউটার তৈরি করতে যাচ্ছে। ১১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) তৈরি করা দেশি ল্যাপটপ দোয়েলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। ১৮০ কোটি টাকার একটি প্রকল্পের অধীনে জুলাই মাস থেকে এই ল্যাপটপ তৈরি শুরু হয় টেশিসের কারখানায়। উদ্যোগটা যৌথ। টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের টেশিস, মালয়েশিয়ার টিএফটি এবং ঢাকার টু এম—এ তিন প্রতিষ্ঠান মিলে গঠন করা হয় টিএসএস-টুএম-টিএফটি টেকনোলজি লিমিটেড। তারাই তৈরি করছে এই ল্যাপটপ। কারিগরি পরামর্শ দিচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। অ্যানালগ ও ডিজিটাল টেলিফোনের পর এখন টেশিস ল্যাপটপ কম্পিউটার তৈরি করছে, এ নিশ্চয়ই সুসংবাদ। আরও সুসংবাদ, এ ল্যাপটপের দাম হবে সাড়ে ১০ থেকে ২৬ হাজার টাকার মধ্যে। চারটি মডেলের ল্যাপটপ তৈরি করছে টেশিস। এর মধ্যে প্রথম তিনটি আসলে নেটবুক কম্পিউটার। নেটবুক মানে হলো সীমিত ক্ষমতার ল্যাপটপ। এসবে তথ্য সংরক্ষণের জন্য হার্ডডিস্ক থাকে না, থাকে এসএসডি (সলিড স্টেট ড্রাইভ) বা ফ্ল্যাশ ড্রাইভ। থাকে না কোনো অপটিক্যাল ড্রাইভ (সিডি বা ডিভিডি ড্রাইভ)। ইন্টারনেট ব্যবহারের সুবিধাসহ সাধারণ কাজ করা যায় নেটবুক কম্পিউটারে।পত্রিকায় প্রকাশিত খবরে জানা যায়, চার মডেলের কম্পিউটারের দাম হতে পারে সাড়ে ১০, ১৪, ২২ ও ২৬ হাজার টাকার মতো। তবে আনুষ্ঠানিক উদ্বোধনের পরও দোয়েল ল্যাপটপের বাজারজাতকরণের নীতি পরিষ্কার হলো না। আপাতত দোয়েল সরবরাহ করা হবে সরকারি সংস্থায়। ছয় মাস পরে শিক্ষার্থী বা সাধারণ মানুষের কাছে দোয়েল বিক্রি করা হবে বলেও শোনা যাচ্ছে। কথা হলো, এ কম্পিউটার সাধারণের জন্য সহজলভ্য হবে কি না! অতীতে আমরা দেখেছি, সরকারি মোবাইল ফোন কোম্পানি টেলিটকের একটা সংযোগ পাওয়া কতটা কঠিন ছিল। দেশি হওয়ায় সাধারণ মানুষের আগ্রহ থাকলেও সরকারি প্রতিষ্ঠানটির প্রাগৈতিহাসিক বিপণন-প্রক্রিয়ার কারণে পরবর্তী সময়ে টেলিটকের প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলে। একই ধরনের ঘটনা দোয়েলের ক্ষেত্রেও যাতে না ঘটে, তা দেখতে হবে সবার আগে। বর্তমানে এক শিফট কাজ করে প্রতিদিন ৩৫০টি করে ল্যাপটপ উৎপাদন হচ্ছে টেশিসে। মাসে ১০ হাজার ল্যাপটপ তৈরি করার ক্ষমতা এখন আছে। দোয়েল তৈরি করে ডিজিটাল বাংলাদেশের পথে আরও একটি ধাপ অগ্রসর হওয়া গেছে, বলছে সরকার। সাধারণ মানুষের মধ্যে যে পরিমাণ আগ্রহ তৈরি হয়েছে দোয়েল নিয়ে, তাতে তাদের হাতের নাগালে প্রযুক্তিকে আনার কথা সবার আগে বিবেচনা করা উচিত। সরকারি কর্মকর্তাদের হাতে ল্যাপটপ দিয়ে লাভটা কী? কর্মকর্তাদের সহজ শর্তে ঋণ দিয়েও তো ল্যাপটপ কিনে দেওয়া যায়। ২০০৮-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে জাতীয় পরিচয়পত্র ও ভোটার আইডি কার্ড তৈরির প্রকল্পে প্রায় পাঁচ হাজার ল্যাপটপ কম্পিউটার কেনা হয়েছিল। পরে সেগুলো কোনো পরিকল্পনা ছাড়াই সরকারি কর্মকর্তাসহ জনপ্রতিনিধি, বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। এর কোনো সুফল পাওয়া যায়নি। একজন সরকারি কর্মকর্তার হাতে সরকারি ল্যাপটপের চেয়ে একজন শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দেওয়া দেশের ভবিষ্যতের জন্য অনেক বেশি কাজের হবে। সেই শিক্ষার্থীরা কবে পাবে দোয়েল? আবার যাঁদের কিছুটা সামর্থ্য আছে তাঁরা যেন ১০, ১৫ বা ২০ হাজার টাকা দিয়ে দোয়েল কিনতে পারেন, সে ব্যবস্থাও করতে হবে। শিশু বা শিক্ষার্থীদের জন্য কম দামে ল্যাপটপ কম্পিউটারের ধারণাটা প্রথম আসে এমআইটির মিডিয়ার ল্যাবের অধ্যাপক নিকোলাস নেগ্রোপন্টের মাথা থেকে। প্রত্যেক শিশুর জন্য এক ল্যাপটপ প্রকল্প শুরু করেন তিনি। এমআইটির মিডিয়া ল্যাবে তৈরি হয় ১০০ ডলারের ল্যাপটপ। ২০০৫ সালে তিউনিসে জাতিসংঘের তথ্যসমাজ শীর্ষ সম্মেলনে এর উদ্বোধন করাও হয়। অনেক দেশ তাদের শিক্ষার্থীদের জন্য ১০০ ডলারের ল্যাপটপ কিনেছে। এদিকে ভারতে তৈরি করা হচ্ছে মাত্র ৩৭ ডলার দামের ‘আকাশ’ ট্যাবলেট কম্পিউটার। ভারতের তামিলনাড়ু রাজ্য সরকার প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ল্যাপটপ কম্পিউটার দেওয়ার কর্মসূচি চালু করেছে গত ১৫ সেপ্টেম্বর থেকে। রাজ্য সরকারচালিত বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের বিনা মূল্যে ল্যাপটপ দেওয়া হবে। এ জন্য ২০০ কোটি ডলারের বিশেষ তহবিলও গঠন করা হয়েছে। দোয়েল নিয়ে সরকারের এ রকম কোনো পরিকল্পনার কথা এখনো জানা যায়নি। কোনো বিপণন বা বিক্রয়নীতির কথাও শোনা যায়নি। ফলে দেশে তৈরি ল্যাপটপের সুবিধা আদৌ সাধারণ মানুষের দরজা পর্যন্ত যাবে কি না, তা বোঝা যাচ্ছে না। টেশিসের উৎপাদনক্ষমতা একদিকে যেমন বাড়াতে হবে, তেমনি মানুষের কাছেও একে নিয়ে যাওয়াটা জরুরি। দোয়েলের লোগোটি বেশ কিছুদিন ধরেই আলোচিত অনলাইন মাধ্যমে। ইংরেজিতে এর বানান লেখা হয়েছে DOEL (উচ্চারণ অনুযায়ী এর বানান DOYEL ছিল যুক্তিযুক্ত)। লোগোতে DOEL-এর O টিতে দোয়েল পাখির একটা অবয়ব আঁকা হয়েছে। হঠাৎ দেখে একে বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেলের লোগোর (DELL) মতো মনে হয়। এটি অবশ্যই পীড়াদায়ক। দেশের সৃজনশীল, কৃতী শিল্পীদের দিয়ে মৌলিক লোগোর নকশা কি করানো যেত না? আর ল্যাপটপ বলেই কি এর নাম লোগো ইংরেজিতে লিখতে হবে! যেখানে দোয়েল শব্দটি বাংলা, সেখানে বাংলা প্রতীকই যুক্তিযুক্ত ছিল। দোয়েলের বর্তমান লোগোটি অনেক ক্ষেত্রে যেন আমাদের বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীলতার দীনতাই ফুটিয়ে তুলেছে। সবকিছুর পরও টেশিসের তৈরি এ ল্যাপটপ নিয়ে আমরা গর্ব করতে চাই। বিশ্বকে জানাতে চাই, বাংলাদেশে ল্যাপটপও তৈরি হয়, ভবিষ্যতে মোবাইল ফোন, স্মার্টফোন সবই তৈরি করতে পারবে বাংলাদেশ। তবে দেশের সাধারণ মানুষ যেন এসব প্রযুক্তিপণ্য কিনতে পারে, শিক্ষার্থীরা যেন দেশি ল্যাপটপ হাতে স্কুলে যেতে পারে—সেই নিশ্চয়তা চাই সবার আগে। পল্লব মোহাইমেন: সাংবাদিক[email protected]