দৌলতদিয়া-পাটুরিয়া রুটে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার প্রথম আলোর খবর অনুযায়ী, গত সাত দিনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলকারী ১৯টি ফেরির মধ্যে ৬টি বিকল হয়েছে। এদিকে আবার নাব্যতাসংকটের কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ওই রুটের পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ভিড় করছে। ফলে উভয় ঘাট এলাকায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে গরমের মধ্যে যাত্রী ও যানবাহনের শ্রমিকদের ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে।

বিকল হয়ে যাওয়া ফেরিগুলো জরুরি ভিত্তিতে মেরামত করা দরকার। অথচ সে কাজটিই হচ্ছে না। ফেরি মেরামতের দায়িত্ব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি)। বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের প্রকৌশল বিভাগ সূত্রের খবর অনুযায়ী, ছয়টি ফেরির মধ্যে তিনটি ফেরি স্থানীয়ভাবে মেরামত করা হচ্ছে আর বাকি তিনটিকে নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে পাঠানো হয়েছে।

অভিযোগ আছে, ডকইয়ার্ডে পাঠানো হলেও নানা অনিয়ম ও গাফিলতির কারণে ফেরি মেরামতে অনেক সময় লেগে যায়। এ ছাড়া মেরামত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ না করারও অভিযোগ পাওয়া যায়। যেনতেনভাবে মেরামত করা ফেরি নদীতে নামানোর কিছুদিন পর আবার নষ্ট হয়ে যায়।

এদিকে শিমুলিয়া ও কাঁঠালবাড়ি নৌপথের নাব্যতাসংকটও দূর করা জরুরি হয়ে পড়েছে। নৌপথের নাব্যতাসংকট দূর করার দায়িত্বও বিআইডব্লিউটিসির। ফলে এটা মানতেই হচ্ছে, বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার দায় স্পষ্টতই বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের। আমরা এ ব্যাপারে নৌপরিবহন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।