দ্বন্দ্ব ভুলে সম্প্রীতির ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ও আফগানিস্তানের পশতুন ভাষাভাষী উপজাতিদের মধ্যে গোষ্ঠীবিবাদের ধারা বহু পুরোনো। এই ধারা এতটাই প্রাচীন যে এক গোষ্ঠীর লোক অপর গোষ্ঠীর সঙ্গে কী নিয়ে বছরের পর বছর দ্বন্দ্বে জড়িয়ে আছে, তা তারা নিজেরাও বলতে পারে না। হয়তো তিন শ বা চার শ বছর আগে তাদের পূর্বপুরুষদের মধ্যে কোনো কিছু নিয়ে সংঘর্ষ বেধেছিল। সেই বিবাদ আর মেটেনি। সেই শত্রুতা বয়ে নিয়ে বেড়াচ্ছে পরের প্রজন্মগুলো। সেখানে এক গোষ্ঠীর লোক আরেক গোষ্ঠীর কারও গায়ে হাত তুললে বা অপমান করলে পুরো গোষ্ঠী প্রতিপক্ষ গোষ্ঠীর ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষে এমন সব নিরপরাধ শিশু এবং নারীও নিহত হয়, যারা মৃত্যুর আগে নিজেরাও বুঝতে পারে না কেন তাদের প্রাণ দিতে হচ্ছে।

আমাদের দেশে অত প্রকট আকারে না হলেও এই ধরনের ‘ফ্যামিলি ফিউড’ এখনো যে টিকে আছে, তা দেখা গেল নড়াইলের লোহাগড়ার পারমল্লিকপুর গ্রামে। এই গ্রামের দুটি পক্ষের মধ্যে প্রায় এক শ বছর ধরে বংশপরম্পরায় দ্বন্দ্ব চলে আসছিল। তুচ্ছ ঘটনায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট হচ্ছিল। খুনের বদলে খুন হচ্ছিল। সর্বশেষ হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি হয়ে ওই গ্রামের হাজারো মানুষ বাড়িছাড়া হয়েছে মাসের পর মাস। এ সুযোগে তাদের ঘরের মালামাল, ফসল, এমনকি বসতঘরের টিন ও ইট লুট করে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা বাড়িছাড়া হওয়ায় তাদের পড়াশোনা বন্ধ থেকেছে। এ অবস্থার অবসানে জেলা পুলিশ প্রশাসন যে ভূমিকা রেখেছে, তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন দুই পক্ষকে গত শনিবার ডেকে গ্রামের খেলার মাঠে একটি শান্তি সমাবেশের আয়োজন করেছেন। ‘সম্প্রীতির বন্ধন’ নামের সেই সমাবেশে দ্বন্দ্ব ভুলে শান্তি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে বিবদমান দুই পক্ষ। ৯ মাস ধরে বাড়িছাড়া প্রায় দেড় শ পরিবার নিজ বাড়িতে ফিরতে পেরেছে। সমাবেশে জেলা প্রশাসক আনজুমান আরা দুই পক্ষকে দিয়ে আর সংঘাতে না জড়ানোর অঙ্গীকার করিয়েছেন। এর মধ্য দিয়ে প্রায় এক শ বছর ধরে চলা সংঘাতের অবসান হয়েছে।

নড়াইলের জেলা প্রশাসনের পক্ষ থেকে এভাবে সামাজিক সম্প্রীতির উদ্যোগ নেওয়ার মধ্যে একটি মহান বার্তা পাওয়া যায়। পুলিশ শুধু আসামি ধরবে এবং আইন প্রয়োগের মধ্য দিয়ে অপরাধ দমন করবে—এই গতানুগতিক চিন্তা থেকে বেরিয়ে আসা দরকার। আইনের ধারা, বিধি ইত্যাদিতে আটকে না থেকে প্রশাসন যে সামাজিকভাবে বড় বড় সংকটের সমাধান করতে পারে, নড়াইল পুলিশ এবং জেলা প্রশাসন প্রমাণ করেছে। তাদের এই উদ্যোগ বাকি জেলা প্রশাসনের সামনে একটি মহান দৃষ্টান্ত হতে পারে। এই দৃষ্টান্ত অনুসরণ করে দেশের অন্যান্য জায়গার বিবদমান গোষ্ঠীগুলোর মধ্যেও শান্তি প্রতিষ্ঠা সম্ভব।