দ্বিগুণ খরচ ও ভোগান্তির দায় কে নেবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ বছরে নির্মিত হলো একটি সেতু! এ সময়ের মধ্যে নির্মাণব্যয় ২ কোটি ৩২ লাখ টাকা থেকে বেড়ে হয়েছে ৪ কোটি ৩০ লাখ টাকা। অর্থাৎ দীর্ঘসূত্রতার খেসারত হিসেবে রাষ্ট্রীয় কোষাগার থেকে গচ্চা গেছে অতিরিক্ত প্রায় ২ কোটি টাকা। সর্বোচ্চ এক বছরের কাজ ১৬ বছরে গড়ানো এবং দ্বিগুণ খরচ বহনের দায় তাহলে কে নেবে?
নীলফামারী জেলার ডিমলা উপজেলার খোকসার ঘাট সেতুর জন্য অর্থ বরাদ্দ করা হয় ১৯৯৮-৯৯ অর্থবছরে। সেটা ছিল আওয়ামী লীগ সরকারের আমল। এরপর বিএনপি হয়ে তত্ত্বাবধায়ক সরকারের আমল হয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতায় অধিষ্ঠিত হয় ২০০৯ সালে। তারপরও পেরিয়ে গেছে সাত বছর! প্রথম আলোতে শনিবারে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ২০০৫ সালে ৪২ শতাংশ কাজ সম্পন্ন করার পর নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি ও অর্থ ছাড় না পাওয়ার অভিযোগে প্রথম ঠিকাদার কাজ ফেলে চলে যান। পরে আরও দুই ঠিকাদার কাজটি করেন। ২০১৫ সালের জুন মাসে সেতু নির্মাণের কাজ শেষ হয়।
প্রথমত দায় সড়ক ও জনপথের (সওজ)। তারা কঠোর হলে ঠিকাদার বা রাজনৈতিক কর্তৃপক্ষের অপচয় ও দীর্ঘসূত্রতার সুযোগ পাওয়ার কথা নয়।
প্রায় ছয় মাস হলো কাজটি শেষ হয়েছে। এখন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ওই সেতুটি উদ্বোধনের কথা রয়েছে। কেন নির্মাণ শেষ হওয়ার পরপরই সেতুটি জনসাধারণের ব্যবহারের স্বার্থে খুলে দেওয়া হলো না? সারা দেশেই দেখা যায়, প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রীদের মাধ্যমে উদ্বোধনের অপেক্ষায় নির্মাণ শেষ হওয়ার পরও সড়ক, সেতু ও অবকাঠামো অব্যবহৃত রেখে দেওয়া হয়। নির্মাণের দীর্ঘসূত্রতা ও উদ্বোধনের এই জটিলতা তো সরাসরি রাষ্ট্রীয় অপচয় এবং জনগণের ভোগান্তি ছাড়া আর কিছু নয়।