নৌপরিবহন খাতের অচলাবস্থা যেন কিছুতেই কাটছে না। মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে গত ২০ এপ্রিল রাত থেকে নৌযান শ্রমিকেরা দেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন। সরকার তাঁদের দাবি বিবেচনায় নিয়ে শ্রমিকদের সর্বনিম্ন ধাপের মজুরি ৭ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেয়। এরপর শ্রমিকনেতারা ২৬ এপ্রিল রাতে ধর্মঘট কর্মসূচি স্থগিত করেন।
তবে নৌযান মালিকদের প্রতিনিধিরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে পরদিন থেকে জাহাজ না চালানোর কর্মসূচি নিলে পদ্মা সেতু এলাকার নদীশাসনের কাজে ব্যবহার করার জন্য ৩৫ হাজার টন পাথরসহ বহু পণ্য চট্টগ্রাম বন্দরে আটকে গেছে। অনেক ব্যবসায়ী আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। বহির্নোঙরে পণ্য খালাস না হওয়ায় ক্ষতিপূরণ গুনতে হচ্ছে তাঁদের। জাহাজের আকারভেদে ক্ষতিপূরণের এই হার দিনে ৮ থেকে ১৫ হাজার ডলার বলে গতকাল শনিবার প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়।
বন্দর সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, নৌযান মালিকদের কর্মসূচির কারণে শুক্রবার বন্দরের বহির্নোঙরে থাকা ৬০টি জাহাজের মধ্যে ৪১টি জাহাজ থেকে পণ্য খালাসের কাজ হয়নি। কারণ, এসব জাহাজ থেকে পণ্য খালাস করতে হয় অভ্যন্তরীণ নদীপথে চলা লাইটার জাহাজের মাধ্যমে।
নৌযান মালিকেরা এভাবে জাহাজ না চালানোর কর্মসূচি অব্যাহত রাখলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন, দেশও ক্ষতির মুখে পড়বে। বন্দরে আটকে আছে অনেক শিল্পকারখানার কাঁচামাল, রড তৈরির কাঁচামাল, পুরোনো লোহালক্কড় ও সিমেন্টের কাঁচামাল। এগুলো যথাসময়ে খালাস না হওয়ায় বিভিন্ন শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হবে। দেশের পণ্য সরবরাহ ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়বে। প্রকারান্তরে তা দেশেরই ক্ষতি।
তাই সরকারের উচিত হবে আবারও এ বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে বৈঠকে বসে দ্রুত সমস্যার সমাধান করা। অন্যথায় পরিস্থিতি আরও নাজুক হতে পারে, যা কখনো কাম্য হতে পারে না। দ্রুত এ অচলাবস্থার অবসান হোক।