দ্রুত এলাকাবাসীর দুর্ভোগ দূর করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা-তেরখাদা সড়কটি তেরখাদাবাসীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। কিন্তু এ সড়কে এখন যানবাহন চলাচল করাই দায় হয়ে পড়েছে। ২১ কিলোমিটার সড়কটির বিভিন্ন স্থানে পিচ উঠে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এসব গর্তে অনেক সময় বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ছে। এতে যাত্রীরা যেমন দুর্ভোগে পড়ছে, পাশাপাশি দুর্ঘটনাও ঘটছে। কিন্তু সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই।
রোববার প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সর্বশেষ ২০১১ সালে খুলনা-তেরখাদা সড়কে কিছুটা সংস্কারকাজ হয়েছিল। ২০১২ সালে সড়কটির উন্নয়নে একটি প্রকল্প হাতে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ২০১৫ সালের মে মাসে প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ হয়। ওই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার পর থেকে ওই সড়কে কোনো ধরনের সংস্কারকাজ হয়নি। অর্থ বরাদ্দের পর এক বছরেরও বেশি সময় চলে গেছে, এখনো উন্নয়নকাজ শুরু হয়নি, আর সংস্কারও বন্ধ।


প্রকাশিত প্রতিবেদন থেকে আরও জানা যায়, সড়কটির অনেক স্থান আঁকাবাঁকা ও অপ্রশস্ত। বেশির ভাগ স্থানে পিচ উঠে গেছে, সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্তের। ফলে ঝুঁকি নিয়ে এ সড়কে যানবাহন চালাতে হচ্ছে। ২১ কিলোমিটার যেতে যেখানে ৪০ মিনিটের বেশি লাগার কথা নয়। সেখানে রাস্তা খারাপ হওয়ায় দেড় থেকে দুই ঘণ্টা সময় লেগে যায়।
একটি রাস্তা তিন বছর ধরে সংস্কার হবে না—এটা কি কোনো যুক্তিতে গ্রহণযোগ্য? রাস্তা উন্নয়নের প্রকল্প নেওয়া হয়েছে এবং সে কাজ শুরু করতে সময় লাগছে, কিন্তু তাই বলে কি রাস্তাটি চলাচলের উপযোগী রাখার জন্য সংস্কারও বন্ধ থাকবে? এসব ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। তাদের উদ্যোগ থাকলে একটি রাস্তা এত দিন সংস্কারবিহীন থাকার কথা নয়। খুলনা সড়ক ও জনপথ বিভাগের টনক নড়ুক, দূর হোক তেরখাদাবাসীর দুর্ভোগ।