১৬ বছরের এক নাবালককে ধর্ষণের মামলায় যাবজ্জীবন শাস্তি দিয়ে যে ভুল করা হয়েছিল, তার দায় রাষ্ট্রকেই নিতে হবে। আমাদের ফৌজদারি বিচারব্যবস্থায় বহু ধরনের দুর্বলতা বহুকাল ধরে উপযুক্ত জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলার অভাবে বাসা বেঁধে আছে। আর প্রায় প্রতিটি অনিয়ম, অবহেলা ও ত্রুটিবিচ্যুতির মাশুল প্রধানত বিনা বাক্য ব্যয়ে শুধু ভুক্তভোগী আমজনতাকেই বহন করতে হচ্ছে।
বিচারের বাণী নীরবে-নিভৃতে কাঁদে, এটি একটি আপ্ত বাক্য হয়ে কেবলই যেন প্রতিকারহীন এক হতাশাব্যঞ্জক অভিব্যক্তির বহিঃপ্রকাশ হয়ে দাঁড়িয়েছে। তাই যখন ভুল আইনে সাজার ঘটনা প্রমাণিত হয়েছে, তখন আমরা উচ্চ আদালত থেকে একটি বিরল যুগান্তকারী রায় পেলাম। আমরা আশা করব, সরকার এই রায় প্রতিপালন করে একটি ভালো দৃষ্টান্ত স্থাপন করবে।
এ ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল বলেছেন, ভুল করলে বিচারক বা সরকারি কৌঁসুলিরা করেছেন। তাঁর এই যুক্তি গ্রহণযোগ্য নয়। কারণ, বিশ্বে এটা একটা প্রতিষ্ঠিত রেওয়াজ যে রাষ্ট্রকে আদালত ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ করেন এবং রাষ্ট্র অযথা কোনো ওজর-আপত্তি ছাড়াই তা তামিল করে থাকে। রাষ্ট্রের পক্ষে ব্যক্তিই ভূমিকা পালন করে। সুতরাং অ্যাটর্নি জেনারেলের যুক্তি অচল বটে। অবশ্য তিনি রায় মেনে এ কথাও বলেছেন যে, ‘৫০ লাখ টাকা অতিরিক্ত হয়ে গেছে।’
রাষ্ট্রের অপরাধ পদ্ধতিগত ও অমার্জনীয়। দণ্ডিত আবদুল জলিলকে ১৯৭৪ সালের শিশু আইনে পুনর্বিচারের জন্য ২০০৪ সালে হাইকোর্টের নির্দেশও অগ্রাহ্য করা হয়েছে। তাঁর বয়স পরীক্ষার নির্দেশ বিবেচনায় না নিয়ে বরং দ্বিতীয়বার নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাঁর জরিমানার অঙ্ক দ্বিগুণ করেছিলেন ভোলার অতিরিক্ত দায়রা জজ। এভাবে জলিলের জীবনের ১৪টি বছর নিঃশেষিত হয়েছে চৌদ্দ শিকের বন্দিশালায়।
সদ্বিশ্বাসে ভুল বিচারের সাজা নেই, আইনে দায়মুক্তি আছে। কিন্তু এই মামলায় যে গাফিলতি ঘটেছে, সে জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সাজা প্রাপ্য। সুতরাং ক্ষতিপূরণ প্রদান ও সুপ্রিম কোর্টের তদারকিতে একটি সুষ্ঠু তদন্ত প্রত্যাশিত।