বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর গণতান্ত্রিক সমাজব্যবস্থায় টানাপোড়েনে থাকা সিভিল-মিলিটারি সম্পর্ক নিয়ে খোলামেলা আলাপ-আলোচনা খুবই প্রত্যাশিত। ২০ জুলাই বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটিজিক স্টাডিজ (বিস) আয়োজিত আলোচনায় যথার্থই এটা চিহ্নিত হয়েছে যে, জনগণ থেকে সামরিক বাহিনী এবং সরকারের সত্তাকে পৃথক করার সুযোগ খুবই সীমিত। কারণ, জনগণ সবার ওপরে। তা ছাড়া, সামরিক বাহিনী সরকারের বাইরের কেউ নয়।
দেশ সন্ত্রাসবাদী হামলার শিকার হওয়ার পটভূমিতে জাতীয় নিরাপত্তার প্রশ্ন যখন জনমনে গভীর উদ্বেগের বিষয়, তখনই বিশেষ এই সেমিনার অনুষ্ঠিত হলো, যা একে বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত করেছে। সেমিনারে সামরিক বাহিনীর পক্ষ থেকে রাজনৈতিক নেতৃত্বের উচ্চ অবস্থান মেনে নেওয়ার অঙ্গীকার অধিকতর জোরালোভাবে পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে একটা সীমারেখা নির্দিষ্ট করার কথাও যুক্তিসংগতভাবে উঠে এসেছে। সেই সীমারেখা, যার মূল উদ্দেশ্য নির্বাচিত জনপ্রতিনিধিদের অধীনে সিভিল-মিলিটারি প্রশাসনের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, সেটা নির্দিষ্ট করতে গিয়ে সামরিক ও বেসামরিক প্রশাসনকে চূড়ান্ত অর্থে একটি সমন্বিত সত্তা হিসেবেই বিবেচনায় নিতে হবে। জাতীয় প্রশাসন পরিচালনায় যোগ্যতা ও মেধার প্রাধান্য এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার মধ্যে দ্বন্দ্ব নেই।
সেমিনারে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত মন্ত্রিসভা কাউন্সিল ও জয়েন্ট সর্ভিসেস হেড কোয়ার্টারের জন্য ডিফেন্স কমিটির মতো সংস্থা গঠনের তাগিদকে আমরা স্বাগত জানাই। কিন্তু এসব করতে রাজনীতিকেরাই শিথিল মনোভাব দেখিয়ে চলছেন। আনুষ্ঠানিকভাবে ‘ন্যাশনাল কাউন্সিল ফর সিকিউরিটি’র কথা জানা গেলেও তা খুব সক্রিয় নয়, গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে অধিকতর সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও বিশেষজ্ঞদের তরফে শোনা যায়। ডিজিটাল যুগে নিরাপত্তার ধারণা আমূল বদলেছে। ফলে সামগ্রিক বাস্তবতা বিবেচনায় নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি হয়ে পড়েছে।
আমরা আশা করব, জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত সংস্থা ও কাঠামো গঠনের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেবে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ জরুরি ভিত্তিতে গ্রহণ করবে।