দ্রুত বিচারের ওপরই বেশি জোর দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামিন ব্যক্তিস্বাধীনতার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। উন্নত গণতান্ত্রিক বিশ্বের বিচারব্যবস্থায় এটা খুবই স্বীকৃত যে কোনো অভিযুক্ত ব্যক্তিকে আদালতে হাজির করার পর তাকে নানা শর্তে জামিন দেওয়াটাই নিয়ম। আর কারও জামিন নাকচ করাটা ব্যতিক্রম। সুতরাং জামিন লাভ করা নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু মুশকিল হলো দেশে হয়রানিমূলক মামলা দায়েরের আধিক্য, তদন্তে বিলম্ব এবং বিচারে দীর্ঘসূত্রতা ইত্যাদি প্রচলিত ফৌজদারি বিচারব্যবস্থার ওপর একটি বিরাট চাপ সৃষ্টি করেছে।
কারাগারের মোট কয়েদি ও দণ্ডিত ব্যক্তিদের মধ্যে যেকোনো সময় বিচারাধীন মামলার আসামিদের ভিড়টাই বেশি থাকে, এমনকি তারাই সংখ্যাগরিষ্ঠ। এই প্রেক্ষাপটে গণমাধ্যমে মাঝেমধ্যেই খবর ছাপা হচ্ছে যে জামিনে বেরিয়ে গিয়ে অপরাধীরা আরও বেশি অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। গত পাঁচ বছরে নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্রীর, জেএমবি, হুজি ও আনসারুল্লাহ বাংলা টিমের নেতা-কর্মী বা সন্দেহভাজন সংশ্লিষ্ট হিসেবে গ্রেপ্তার হওয়া প্রায় ৫০০ ব্যক্তি জামিন পেয়েছে। এবং এটা অত্যন্ত উদ্বেগজনক যে জামিনে বেরিয়ে গিয়ে অনেকেই হত্যা, নাশকতার মতো বড় অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিকার হলো, রাষ্ট্রপক্ষকে এসব জামিন বাতিলে আপিল দায়েরে উদ্যোগী হতে হবে। কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের প্রভাবিত হওয়ার যে অভিযোগ আছে, তার তদন্ত করতে হবে। সরষের ভূত না তাড়িয়ে সেই সরষে দিয়ে ভূত তাড়ানো যাবে না।
কারও বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ আনলেই চলবে না, তার অনুকূলে সন্তোষজনক প্রমাণাদি সরবরাহ করতে হবে। কিন্তু সেটা না করে কেবল অভিযোগ দায়েরের ভিত্তিতে বিনা বিচারে কাউকে দীর্ঘকাল কারাগারে আটকে রাখার মনোভাবেও পরিবর্তন আনতে হবে। অনেক সময় গুরুতর অপরাধের মামলায় কোনো আসামিকে জামিন দেওয়ামাত্রই স্পর্শকাতরতা দেখানো হয়, যা বিচার বিভাগের স্বাধীনতা ও তার প্রতি আস্থাশীল থাকার সঙ্গে সংগতিপূর্ণ নয়। দ্রুত বিচারই এই সমস্যার প্রতিকার, এটা চাইলে পুলিশ, রাষ্ট্রপক্ষ ও আদালতের সমন্বিত ভূমিকা লাগবে।