দ্রুত সংস্কারের উদ্যোগ নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গলবার প্রকাশিত প্রথমআলোর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ওই সড়কগুলো হচ্ছে মাইজগাঁও-ভাটেরা, মাইজগাঁও-পুরান বাজার, বিয়ানীবাজার-ঘিলাছড়া, কটালপুর-পাঠানচক ও উপজেলা সদর-ফেঞ্চুগঞ্জ-রেলস্টেশন সড়ক। এক বছর ধরে এসব সড়ক বেহাল। প্রতিদিন প্রায় ৫০ হাজার মানুষ কষ্ট স্বীকার করে এসব সড়ক দিয়ে চলাচল করছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সংস্কারের ব্যাপারে মাথাব্যথা নেই।

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়কগুলোর বিভিন্ন অংশের ইট, পাথর ও বিটুমিন উঠে ছোট-বড় গর্ত হয়েছে। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে থাকে। এর মধ্যে মাইজগাঁও-ভাটেরা সড়কের অবস্থা সবচেয়ে নাজুক। আট কিলোমিটার সড়কের সাত কিলোমিটার অংশে অসংখ্য গর্ত। প্রতিদিন সিলেট-ভাটেরাগামী যাত্রীবাহী বাসসহ কয়েক শ যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। রাস্তা খারাপ থাকায় সিএনজিচালিত অটোরিকশার চালকেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। অন্য এলাকা থেকে কোনো অটোরিকশাচালক পারতপক্ষে এসব এলাকায় আসতে চান না। ফলে লোকজন দুর্ভোগে পড়ছে।

একটি নয়, দুটি নয়, পাঁচ-পাঁচটি সড়কই বেহাল, অথচ সেগুলো সংস্কারের কোনো উদ্যোগ নেই। উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শহিদুর রহমানের ভাষ্য অনুযায়ী, গ্রামীণ রাস্তা হলে টিআর, কাবিখার মাধ্যমে সড়কগুলো সংস্কার করা যেত। কিন্তু সড়কগুলোর কিছু অংশ সিলেট সড়ক ও জনপথ বিভাগের এবং বাকিগুলো এলজিইডির অধীন হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে তাঁর কিছুই করার থাকছে না।

 এখানে নিশ্চিতভাবেই সওজ ও এলজিইডির গাফিলতি রয়েছে। তারা তৎপর হলে এত দিনে সড়কগুলো সংস্কার হয়ে যেত। এ ব্যাপারে সওজ সিলেটের বক্তব্য হচ্ছে, সড়কগুলোর যে অংশ সওজের, সেসব অংশ সংস্কার করার প্রস্তাব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু মন্ত্রণালয় এ ব্যাপারে এখনো উদ্যোগ নেয়নি। আমরা চাই সওজ ও এলজিইডি এ ব্যাপারে আরও বেশি তৎপর হয়ে দ্রুত এসব সড়ক সংস্কারের উদ্যোগ নিক।