দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেত্রী খালেদা জিয়াকে যেভাবে তাঁর গুলশান কার্যালয়ে বালু ও ইটভর্তি ট্রাক বসিয়ে, গেটে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে, যেভাবে বিএনপির কেন্দ্রীয় অফিসে তালা লাগানো হয়েছে, তাতে সরকারের চরম অসহিষ্ণু মনোভাবই প্রকাশ পেয়েছে।  

 দুই বিবদমান পক্ষের ঘোষিত সভা-সমাবেশ আহ্বানের দোহাই দিয়ে সরকার ঢাকা মহানগরে সভা-সমাবেশ নিষিদ্ধ করলেও সরকারি দল দিনভর নির্বিঘ্নে নানা কর্মসূচি পালন করেছে। এতে প্রমাণিত হয় যে শুধু বিরোধী দলের সমাবেশ বন্ধ করতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ ও সরকারি দলের সমর্থকদের সংঘর্ষে পরিস্থিতি আরও বিপজ্জনক মোড় নিয়েছে। জনমনে দেখা দিয়েছে আতঙ্ক।  

বিএনপির নেত্রী সমস্যা সমাধানে যে সাত দফা প্রস্তাব দিয়েছেন, সে সম্পর্কে সরকারের ভিন্নমত থাকতে পারে। তাই বলে ক্ষমতাসীনদের পক্ষ থেকে বিরোধী দলকে সভা-সমাবেশ করতে না দেওয়ার ঘোষণা কেবল অগণতান্ত্রিক নয়, অসাংবিধানিকও। 

জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণে বিরোধী দলকে শান্তির পথে আসার আহ্বান জানানো হলেও সরকার ও সরকারি দলের আচরণে সেই শান্তি ও সমঝোতার কোনো লক্ষণ নেই। আবার সরকারের দমননীতির জবাবে বিএনপির নেত্রী যে দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছেন, তাও সমর্থনযোগ্য নয়। এ ধরনের কর্মসূচি মানুষের জীবন-জীবিকার পথই রুদ্ধ করবে না, অর্থনীতিকেও মারাত্মক হুমকিতে ফেলবে। 

তাই, উভয় পক্ষের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, দ্রুত যাতে দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসে, সেই পদক্ষেপ নিন। জনগণের জানমালের ক্ষতি হয় এমন কোনো কাজ করবেন না। সংঘাত নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজুন।