পরিকল্পনা মন্ত্রণালয় সরকারি সব কেনাকাটা ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্টের (ইজিপি) আওতায় আনার যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত সময়োপযোগী। কাগুজে দরপত্র সরকারি কেনাকাটা নিয়ে কেবল অনিয়ম-দুর্নীতিরই প্রসার ঘটেনি, অনেক অঘটনেরও জন্ম দিয়েছে। অনেক সময় দরপত্র জমা দিতে গিয়ে প্রকৃত দরপত্রদাতারা হয়রানির শিকার হয়েছেন। কেউবা মাস্তানদের ভয়ে দরপত্র জমাই দিতে পারেননি। আবার এই মাস্তানদের পেছনে যে স্বার্থান্বেষী মহল থাকে, তারাই সরকারি কেনাকাটা নিয়ন্ত্রণ করে থাকে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় করদাতা ও সেবাপ্রার্থী তথা জনগণ।
এই পরিস্থিতি থেকে রেহাই পেতে সরকার ২০১১ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ, পানি উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কেনাকাটায় ইজিপি পদ্ধতি চালু করে। সেটি ছিল পরীক্ষামূলক। প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যায়, বর্তমানে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ২০ শতাংশ কেনাকাটা ইজিপির আওতায় এসেছে, বাকিটা রয়ে গেছে ইজিপির বাইরে। বিশেষ করে, ৫০ কোটি টাকার বেশি পূর্ত কাজ ও ১০ কোটি টাকার বেশি বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবা কেনাকাটার কাজ হয়ে থাকে কাগুজে দরপত্রে। সরকারের ঘোষিত ডিজিটাল জনপ্রশাসনে এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়।
সম্প্রতি পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে লেখা একটি চিঠিতে কেনাকাটার বড় বড় দরপত্রও অনলাইনে হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন। যে চারটি সংস্থা বা বিভাগের সরকারি কেনাকাটা ইজিপির আওতায় আনা হয়েছে, সেগুলোতে বেশ সাফল্য পাওয়া গেছে। সে ক্ষেত্রে অন্যান্য সরকারি অফিস ও বিভাগে একই নিয়ম চালু করতে বাধা কোথায়?
ইজিপি পদ্ধতি সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে বলেই দরপত্রে অংশ নিতে ২০ অক্টোবর পর্যন্ত ১৭ হাজার ১৭০ জন ঠিকাদার নিবন্ধন করেছেন। নিবন্ধন করেছে ২ হাজার ৬৭টি সরকারি ক্রয়কারী সংস্থাও। ফলে সরকারি সব কেনাকাটাই ইজিপি পদ্ধতিতে হোক। এটাই সময়ের দাবি।