ধন্য ছাত্রদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগঠনের নাম ছাত্রদল, কিন্তু ছাত্র বলতে আমরা যাদের বুঝি, তাদের কেউই নেই সংগঠনটিতে! ছাত্রদের বদলে আছেন ছাত্রদের বাবারা। ছাত্রদের দেখভাল তাদের বাবারাই ভালো করতে পারবেন, ছাত্রদল যদি এমনটি মনে করে থাকে, সেটা অবশ্য ভিন্ন কথা! কিন্তু ছাত্রদলের পদ পাওয়ার জন্য বাবারা যখন এত মরিয়া, তখন প্রকৃত ছাত্ররা পাত্তা পায় না। ছাত্রদলের একটি পদ যে কত লোভনীয়!আজ থেকে ৩৪ বছর আগে গঠিত ছাত্রদলের স্থায়ী গঠনতন্ত্র বলে কিছু নেই। যে খসড়ার ওপর ভিত্তি করে সংগঠনটি চলছে সেখানে বলা আছে, শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রীরাই কেবল জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য হতে পারবে। অথচ ছাত্রদলের কমিটিতে এখন নিয়মিত ছাত্র বলে কেউ নেই। নানা কৌশলে নিজেদের ছাত্র পরিচয় ধরে রেখেছেন অল্প কয়েকজন, আর অধিকাংশই ছাত্রত্ব থেকে শত হাত দূরে। ছাত্রদলে ছাত্রদের বদলে শুধু বাবারা নন, আছেন ঠিকাদার, ব্যবসায়ী ও বিভিন্ন মামলার আসামিরাও। নিয়ম অনুযায়ী ছাত্রদলের কমিটি হওয়ার কথা ১০১ জনের, কিন্তু এখন যে কমিটি হয়েছে, তার সদস্যসংখ্যা ২৯১ জন। মূল কমিটির চেয়ে বাড়তি সদস্যের সংখ্যাই বেশি, ১৯০ জন! এতজনকে নিতে হয়েছে; কারণ, অনেককেই খুশি করা দরকার, এঁদের দিয়ে কাজ হবে। সামনে নির্বাচন এবং নির্বাচনের আগে এঁদের কাজে লাগানো যাবে। ছাত্রদলের ইচ্ছায় তো আর ছাত্রদল চলে না, হিসাবনিকাশ হয় আরও বড় জায়গা থেকে। তাদের ইচ্ছাই ছাত্রদলের সবচেয়ে বড় গঠনতন্ত্র।বড় বড় ছাত্রসংগঠনের পদ পাওয়ার জন্য বাবা, ব্যবসায়ী বা ঠিকাদারদের এই যে মরিয়া ভাব, তার পেছনের কারণটি সবার জানা। কারণ, এই বড় ছাত্রসংগঠনগুলোর পেছনে থাকে বড় বড় রাজনৈতিক দল। তারা ক্ষমতায় যায়, আবার ক্ষমতা থেকে ছিটকেও পড়ে। দল ক্ষমতায় থাকলে ছাত্রসংগঠনগুলোর নেতারা পেয়ে যান সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজির লাইসেন্স। বছর পাঁচেক কামাই করার পর বিদায় নিলে আবার দলকে ক্ষমতায় আনার জন্য আন্দোলন! ছাত্রদলের এখন প্রয়োজন দলকে ক্ষমতায় আনা, দলও তা-ই চায়। এটাই তো ছাত্রদলের সবচেয়ে বড় গঠনতন্ত্র। ধন্য ছাত্রদল!