সাড়ে ছয় বছর বন্ধ থাকার পর বিজয় দিবসে সুনামগঞ্জ জেলার ধরমপাশা গণপাঠাগারটি নতুন করে চালু হয়েছে, এটি আনন্দের খবর। কিন্তু এ পাঠাগার কেন বারবার বন্ধ হয়, কেন প্রশাসন এ ব্যাপারে নির্বিকার ছিল, সেই প্রশ্নের উত্তর মেলে না।
এবার যে পাঠাগারটি ফের চালু হয়েছে, তার কৃতিত্ব যতটা না প্রশাসনের, তার চেয়ে বেশি স্থানীয় মানুষের। একপর্যায়ে ধরমপাশা সাহিত্য পরিষদের সদস্যরা পাঠাগার চালুর দাবিতে আমরণ অনশন শুরু করেছিলেন। সচেতন শিক্ষার্থীদের ব্যানারে একাধিকবার মানববন্ধন হয়েছে।
প্রথম আলোর ধরমপাশা প্রতিনিধির দেওয়া খবর অনুযায়ী, অবকাঠামোগত সমস্যা ও প্রয়োজনীয় বই না থাকায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার একমাত্র সরকারি গণপাঠাগারটির কার্যক্রম সাড়ে ছয় বছর বন্ধ ছিল। ১৯৯৩ সালে উপজেলা পরিষদ জামে মসজিদের পুকুরপাড় এলাকায় গণপাঠাগার প্রতিষ্ঠিত হয়। ২০০৪ সালের বন্যায় পাঠাগারটির ভেতরে পানি ঢুকে এর বই ও আসবাব ক্ষতিগ্রস্ত হয়। এতে পাঠাগারটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ২০০৭ সালে উপজেলা প্রশাসন বইপত্র সংগ্রহ ও আসবাব সংস্কার করে পুনরায় এটি চালু করে। ২০০৮ সালে পাঠাগারটি থেকে আট শতাধিক মূল্যবান বই ও বেশ কিছু আসবাব চুরি হয়। ২০১৪ সালে ঘূর্ণিঝড়ে ভবনটির টিনের ছাউনির একটি অংশ ভেঙে যায়। এতে ভেতরে থাকা পাঁচ শতাধিক বই বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়। এরপর আবার বন্ধ হয়ে যায় পাঠাগারটির কার্যক্রম।
একটি গণপাঠাগার বছরের পর বছর বন্ধ ছিল, অথচ প্রশাসনের পক্ষ থকে চালু করার কার্যকর উদ্যোগ না থাকা দুঃখজনক। পাঠাগারের অবকাঠামো এমন কেন হয়, বন্যা হলে মেঝে পানিতে ভেসে যাবে, বৃষ্টি হলে চালা উড়ে যাবে। সরকারি পাঠাগার থেকে বিপুলসংখ্যক বই চুরি হওয়া রহস্যজনক। এর পেছনে এর কর্মকর্তা-কর্মচারীদের কোনো যোগসাজশ ছিল কি না, তা-ও তদন্ত করে দেখা দরকার।
তিন লক্ষাধিক মানুষের বাস ধরমপাশায়। এখানে তিনটি কলেজ ও ২২টি উচ্চবিদ্যালয় আছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবসরে গণপাঠাগারে গিয়ে পড়তে পারেন। এ ছাড়া উপজেলা প্রশাসনের অনেক কর্মকর্তা-কর্মচারীও উপজেলা সদরে বাস করেন। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি তাঁরাও এটি ব্যবহার করতে পারবেন। আধুনিক তথ্যপ্রযুক্তির যুগেও বই ও পত্রিকার প্রয়োজন ফুরিয়ে যায়নি। ভবিষ্যতে যাতে ধরমপাশা গণপাঠাগারটি বন্ধ না হয়, সে ব্যাপারে প্রশাসন সজাগ দৃষ্টি রাখবে আশা করি। অন্যদিকে পাঠাগারটি সুষ্ঠুভাবে পরিচালনার ব্যাপারে স্থানীয় বাসিন্দাদেরও সক্রিয় ভূমিকা থাকতে হবে।