ধরমপাশার সড়কে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার একটি সড়ক মেরামতের তিন মাস না যেতেই ফাটল দেখা দেওয়ার ঘটনাটি দেশে সড়ক নির্মাণ ও মেরামতকাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের বিষয়টিকে আবারও সামনে এনেছে।

শনিবার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী ধরমপাশা উপজেলার টানমেউহারী গ্রামের সামনে থেকে ঘুলুয়া কদমতলা বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কটির কার্পেটিংসহ মেরামতের কাজ শেষ হয়েছিল মাত্র মাস তিনেক আগে। এতে ব্যয় হয়েছে প্রায় ৪৫ লাখ টাকা। কিন্তু এরই মধ্যে সড়কটির ২৫ থেকে ৩০ ফুট অংশে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছে ধরমপাশা ও আশপাশের ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ। এখন সড়কের এই ফাটল ধরা অংশের কাছাকাছি এসে যানবাহন থামিয়ে যাত্রী নামিয়ে ঝুঁকি নিয়ে ওই অংশ অতিক্রম করছেন চালকেরা। এরপর আবার তাঁরা যাত্রী তোলেন।

শুধু ধরমপাশার এই সড়কই নয়, দেশের বহু স্থানে এ রকম সড়ক মেরামত হতে না হতেই ভেঙে পড়ার ঘটনা ঘটছে। প্রশ্ন হচ্ছে, এ রকম কি চলতেই থাকবে? কারও কি কিছু করার নেই?

একটা বহুল উচ্চারিত অভিযোগ, সড়ক-মহাসড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণকাজের গুণগত মান অত্যন্ত খারাপ। কিন্তু কেন খারাপ? নির্মাণ ও মেরামতের কাজ তদারকির দায়িত্ব যাঁদের, তাঁরা কি তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন? যদি করেন, তাহলে নির্মাণ-মেরামতকাজের গুণগত মান খারাপ হয় কীভাবে? এ ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ অস্বীকার করার সুযোগ নেই। তদারকির অভাবে নির্মাণ-মেরামতের গুণগত মান খারাপ হলে এবং সেই কারণে সড়ক-মহাসড়কগুলো ভেঙেচুরে গেলেও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে কোনো জবাবদিহি করতে হয় না বা তাদের কোনো শাস্তি হয় না। ফলে অবাধে অনিয়ম-দুর্নীতি চলছে। কিছু প্রকল্প গ্রহণ করা হয় দুর্নীতির উদ্দেশ্যেই, এমন অভিযোগও পাওয়া যায়। দরপত্র আহ্বান থেকে শুরু করে নির্মাণকাজ পর্যন্ত চলে দুর্নীতি। দরপত্রের মাধ্যমে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়। সড়ক নির্মাণে ও মেরামতে নিম্নমানের ইট, খোয়া ও বিটুমিন ব্যবহার করা হয়। ঠিকমতো মাটি ও বালু ফেলা হয় না। ফলে যা হওয়ার তা-ই হয়।

ধরমপাশার মাত্র দুই কিলোমিটার সড়ক মেরামতে ৪৫ লাখ টাকা ব্যয় করার পর যখন কিছুদিনের মধ্যেই তাতে ফাটল দেখা দেয়, তাতে বোঝা যায় কী ব্যাপক দুর্নীতি সেখানে হয়েছে। সড়কপথ নির্মাণ ও সংস্কারে এভাবে নৈরাজ্য আর চলতে দেওয়া যায় না। সড়ক-মহাসড়ক টেকসই করতে হলে সবার আগে দুর্নীতি দমন করতে হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সংস্কার ও মেরামতের কাজে যারা গাফিলতি করে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এর কোনো বিকল্প নেই।