ধরমপাশায় সড়কে ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর খবর অনুযায়ী, ২০১৪ সালের মার্চ মাসে প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘে্যর এ সড়ক ও প্রতিরক্ষা দেয়াল নির্মাণের কাজ শুরু হয়। শেষ হয় ২০১৫ সালের জানুয়ারির শেষ সপ্তাহে। এর চার মাসের মাথায় ওই বছরের মে মাসের শেষ সপ্তাহে সড়কের ৩০০ ফুট জায়গাজুড়ে ভাঙন দেখা দেয়, ওই অংশের প্রতিরক্ষা দেয়ালও হেলে পড়ে। একটি সড়ক নির্মাণের পর সাধারণত দু-চার বছরে তার সংস্কারের প্রয়োজন পড়ে না।

বোঝাই যাচ্ছে, নির্মাণকাজে ত্রুটি ছিল বা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। অথচ এ সড়ক দিয়ে প্রতিদিন সেলবরষ ইউনিয়নের সাতটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ চলাচল করে। চলে রিকশা, ইজিবাইক, ঠ্যালাগাড়ি, মোটরসাইকেলসহ অর্ধশতাধিক ধরনের যানবাহন। ভাঙন দেখা দেওয়ায় সড়কটি সরু হয়ে পড়ছে। ফলে সড়কে চলাচল করতে গিয়ে মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

এ পরিস্থিতিতে এলাকাবাসী বর্ষা আসার আগেই সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। এর আগেও এলাকাবাসী এ দাবি জানিয়েছিলেন। কিন্তু কোনো কাজ হয়নি। সড়কটি  সংস্কারের দায়িত্ব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)। কিন্তু তারা যেন দেখেও দেখছে না।

 এ বিষয়ে ধরমপাশা উপজেলা প্রকৌশলীর বক্তব্য হচ্ছে, সড়কটি সংস্কার ও সামগ্রিক প্রয়োজনীয়তা উল্লেখ করে চার মাস আগে এলজিইডির আরআইডিপি-২ প্রকল্পের প্রকল্প পরিচালকের কাছে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে।

আমরা চাই এলজিইডি ওই প্রতিবেদনকে গুরুত্ব দেবে এবং অবিলম্বে সড়কটি সংস্কার করে ওই এলাকার মানুষের ভোগান্তি দূর করবে।