নারীকে যুগে যুগে অপমান করা হয়েছে বিচিত্রভাবে। স্বামী ও শাশুড়ির হাতে লাঞ্ছনা-গঞ্জনা ছাড়াও আরও কতভাবে প্রকাশ্যে ও গোপনে হয়েছে নারী অপমানিত, তার খবর সমাজ রাখার প্রয়োজন বোধ করেনি। তা করেনি কারণ পৃথিবীর সমাজ বলতে পুরুষসমাজ। নারীর কোনো সমাজ নেই। পৃথিবীর প্রতিটি নারীই একা। এই গ্রহের প্রতিটি গৃহে সে পরবাসী। মানুষের মধ্যে শুভবুদ্ধিও যে নেই, তা নয়। নারীর প্রতি অবিচারের বিষয়টি পুরুষদেরও অনেকে উপলব্ধি করতে পারেন। তাঁরা প্রতিকারের পথ খোঁজেন। সাম্প্রতিক শতাব্দীগুলোতে নারীর মানসিক ও শারীরিক যন্ত্রণা লাঘবের যখনই একটুখানি উদ্যোগ নেওয়া হয়েছে, তখনই পুরুষদের একটি গোত্র লাঠিসোঁটা নিয়ে তেড়ে উঠেছে। তবে লাঠি ও তলোয়ারের চেয়ে যে অস্ত্রটি নারীবিদ্বেষীরা ব্যবহার করে, তা হলো ধর্ম। কোনো বিশেষ ধর্ম নয়—বলতে গেলে জগতের প্রায় সব সংঘবদ্ধ ধর্ম। মানুষের মধ্যে কেউ মনে করেন—নারী যখন এগিয়ে যায়, তখন পৃথিবীটাই এগিয়ে যায়। কেউ মনে করেন, নারী এগিয়ে গেলে ধর্মটাই যায়।বহু সংগ্রাম ও সাধনার পর বাংলার নারী আজ একটি জায়গায় এসেছে। সে বিপুল প্রতিবন্ধকতার মধ্যেও নিজের যোগ্যতায় জীবনের সব ক্ষেত্রে তার স্থান করে নিয়েছে। যাচ্ছিলাম ঢাকা থেকে চাটগাঁ বিমানে। ককপিট থেকে ঘোষণায় জানা গেল নারী পাইলট। আমার পাশের এক ধর্মপরায়ণ যাত্রী তসবির দানা টিপছিলেন। নারী পাইলটের নাম শুনেই তিনি তসবি হাঁটুর ওপর নামিয়ে রাখলেন। চোখেমুখে কেমন এক ভীতির ভাব। ভরসা পাচ্ছিলেন না। পুরুষ পাইলট হলে ভয়টা বোধ করতেন না। আমি তাঁকে অযাচিতভাবে অভয় দিলাম। বললাম, ভয় নেই, নারী বৈমানিক বলেই তিনি প্লেন ফেলে দেবেন না। ঠিকই চালিয়ে নিয়ে আপনাকে পৌঁছে দেবেন বন্দরনগরে। তিনি অবিশ্বাসের হাসি হেসে আবার তসবি তুলে নিলেন হাতে। অন্যমনস্কভাবে টিপতে লাগলেন। পুরুষপ্রাধান্য সমাজের একটি ভ্রান্ত ধারণা যে পুরুষ যা পারে, নারী তা পারে না। তাদের ধারণা, শারীরিকভাবে ও বুদ্ধিতে সে দুর্বল। পুরুষ বোঝার প্রয়োজন মনে করে না যে সুযোগ না দিলে নারী যোগ্যতার প্রমাণ দেবে কী করে? এমনকি উপযুক্ত মালমসলাসহ রাঁধতে না দিলে একজন নারী যে ভালো রাঁধুনি, তাও জানা যায় না। কয়েক বছর আগের কথা। এক গ্রামে গিয়ে দেখি, কিছু মাতব্বরগোছের লোক জটলা করছেন। কেউ পান চিবুচ্ছেন। কেউ জয়তুনের ডাল দিয়ে মেছওয়াক করছেন। কোনো গুরুতর বিষয়ে আলোচনা, তাতে সন্দেহ রইল না। জানতে চাইলাম, বিষয়টা কী? জানা গেল যে ওই গ্রামে এক এনজিওর কোনো কোনো নারী কর্মী সাইকেল চালায়। তাঁদের বক্তব্য, নারীরা সাইকেলে চড়বে কেন? সে অধিকার তাদের কে দিয়েছে। চাকরি যদি তাদের করতেই হয়, তাহলে বোরকা পরে পায়ে হেঁটে করবে। তাঁদের বললাম, নারীরা বিমান চালালে দোষ নেই, সাইকেল চালালে দোষের কী? আমার কথা গ্রাহ্য করতে তাঁরা বাধ্য নন। শত শত বছর বঙ্গীয় সমাজব্যবস্থা এমন ছিল যে তাতে একপর্যায়ে বিচলিত বোধ করেছেন অনেক সংবেদনশীল মানুষ। মহামতি রামমোহন রায় বলেছেন, ‘দুঃখ, অপমান, তিরস্কার, যাতনা, তাহারা [বাঙালি হিন্দু নারী] কেবল ধর্ম ভয়ে সহ্য করে’ থাকে। পুরুষরা বেশ্যাবাড়ি যাওয়া থেকে নানা রকম ফুর্তি করত, কিন্তু নারীদের যৌনজীবন ছিল অবদমিত। সারা জীবনে অনেক নারী দু-চার বারের বেশি যৌনসম্ভোগের সুযোগ পেতেন না। রামমোহনের ভাষায়, ‘অনেক কুলীন কন্যারই বিবাহের পর যাবজ্জীবনের মধ্যে দুই চারিবার স্বামীর সহিত সাক্ষাত হয়, তথাপি ওই সকল স্ত্রীলোকের মধ্যে অনেকেই পিতৃগৃহে বা ভ্রাতৃগৃহে নানা দুঃখ সহ্যপূর্ব্বক থাকিয়াও যাবজ্জীবন ধর্ম নির্ব্বাহ করে।’ (‘সহমরণ বিষয়ে প্রবর্ত্তক ও নিবর্ত্তকের দ্বিতীয় সংবাদ’]নারীর ওপর নিপীড়ন চিরকালই হয়েছে ধর্মের নামে। প্রকৃতপক্ষে পুরুষের স্বার্থে। পৌনে ২০০ বছর আগে রামমোহন রায় আরও লিখেছিলেন: ‘বিবাহের সময় স্ত্রীকে অর্দ্ধাঙ্গিনী বলিয়া স্বীকার করেন কিন্তু তাহাদের সহিত পশুর অধিক ব্যবহার করেন। স্বামীর গৃহে প্রায় সকলের পত্নী দাস্যবৃত্তি করে অর্থাৎ অতি প্রাতে কি শীতকালে কি বর্ষাতে স্থান মার্জ্জন, ভোজনাদি পাত্র মার্জ্জন, গৃহ লেপনাদি তাবৎ কর্ম্ম করিয়া থাকে এবং বৃহৎ পরিবারের সূপকারের কর্ম্ম বিনা বেতনে দিবসে ও রাত্রিতে করে।...এ সকলই স্ত্রীলোকেরা ধর্ম্মভয়ে সহ্য করে, আর সকলের ভোজন হইলে ব্যঞ্জনাদি উদর পূরণের অযোগ্য যৎকিঞ্চিৎ অবশিষ্ট থাকে তাহা সন্তোষপূর্ব্বক আহার করিয়া কাল যাপন করে। ...যাহার স্বামী দুই তিন স্ত্রীকে লইয়া গার্হস্থ্য করে তাহারা দিবারাত্রি মনস্তাপ ও কলহের ভাজন হয়। কখনো স্বামী এক স্ত্রীর পক্ষ হইয়া অন্য স্ত্রীকে সর্ব্বদা তাড়ন করে, আবার কেহ কেহ সামান্য ত্রুটি পাইলে বা বিনা কারণে সন্দেহবশতঃ স্ত্রীকে চোরের তাড়ণা করে (অর্থাৎ চোরের ন্যায় প্রহার করে) অনেক স্ত্রীই ধর্ম্মভয়ে এ সকলই সহ্য করে।’নারীর মর্যাদা রক্ষায় হিন্দুসমাজের সংস্কারকেরা প্রবল প্রতিকূলতার মধ্যে দীর্ঘ লড়াই করেছেন। তাতে নারী নির্যাতন, বহুবিবাহ, বাল্যবিবাহ প্রভৃতি অভিশাপ থেকে সমাজ অনেকখানি মুক্তি পেয়েছে। নারীশিক্ষা ব্যাপক বিস্তারিত হয়েছে, নারীকে পর্দার কারাগার থেকে বের করে আনা হয়েছে, সমাজের সব ক্ষেত্রে নারী তার মেধা ও প্রতিভার পরিচয় দিচ্ছে। এখন দরকার নারীর অগ্রযাত্রার পথকে আরও সহজ করা। যেসব বাধা এখনো আছে তা তার সামনে থেকে সরিয়ে ফেলা। সব ধর্মের নেতাদেরই উচিত তাদের পূর্বসূরিদের ভুল স্বীকার করে নারীর চলার পথকে আরও সহজ করা। আমি একসময় বাঙালি মুসলমান নারীদের সম্পর্কে কিছু অনুসন্ধানমূলক কাজ করেছিলাম। দুজন নারীর জীবন ও কর্ম নিয়ে আমার গবেষণা আছে। একটি বই পথিকৃৎ নারীবাদী খায়রুন্নেসা খাতুন (সাহিত্য প্রকাশ, ঢাকা, ১৯৯২)। তিনি ছিলেন সিরাজগঞ্জের অধিবাসী। বয়সে বেগম রোকেয়ার চেয়ে সামান্য বড়। রোকেয়া কাজ করেছেন উচ্চবিত্ত ও মধ্যবিত্ত সমাজে এবং কলকাতায়। খায়রুন্নেসার কর্মক্ষেত্র ছিল পল্লিতে ও নিম্নবিত্তদের মধ্যে। উনিশ শতকের শেষ দশকে মুষ্টিচাল তুলে তিনি হোসেনপুর গ্রামে বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। তিনি ছিলেন কংগ্রেসের একজন সক্রিয় কর্মী। অসামান্য অসাম্প্রদায়িক। স্বশিক্ষিতা হলেও তাঁর সাহিত্যকর্ম যথেষ্ট মননশীল। তিনি তাঁর এক লেখায়, ‘প্রত্যেক নগরে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক পাড়ায়’ বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছিলেন। অসামান্য প্রগতিশীল খায়রুন্নেসা বঙ্গভঙ্গ আন্দোলনের আগে, মহাত্মা গান্ধীর বিদেশি পণ্য বর্জনের আন্দোলনের বহু আগে এক প্রবন্ধে লিখেছিলেন: ‘ভগ্নিগণ, আইস, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হইয়া বিদেশী শাড়ী পরিত্যাগ করি, বিলাতি বডিজ [ব্রা], সেমিজ ও মোজা ঘৃণার চক্ষে দেখি, লেভেণ্ডারের পরিবর্তে আতর ও গোলাপ ব্যবহার করিতে শিখি এবং লেড্-সু পায়ে দিয়া হুচট্ খাওয়ার দায় হইতে নিষ্কৃতি পাই। তবেই আমরা স্বদেশের অনেক উপকার করিতে পারিব।...আমরা নির্ব্বোধ না হইলে সাত সমুদ্র পার হইতে বণিকগণ আমাদিগকে সামান্য জর্ম্মান সিলভারের গহনা ও বেলোয়ারি চুড়ির দ্বারা প্রতারিত করিয়া জাহাজ ভরিয়া ভারতের ধন ও ধান্য লইয়া যাইতেছে আর আমরা মনে করিতেছি যে, বহুমূল্য দ্রব্য লাভ করিলাম। [‘স্বদেশানুরাগ’]১৯৯০ সালে খায়রুন্নেসা মারা যান। ১৯১১ সালে রোকেয়া প্রতিষ্ঠা করেন ‘সাখাওয়াত মেমোরিয়াল স্কুল’ কলকাতায়। আর একজন অকালপ্রয়াত নারী সম্পর্কে আমি কাজ করি। তিনি মোসাম্মাৎ রেজিয়া খাতুন। তিনি ছিলেন খুলনার টুটপাড়া এলাকার অধিবাসী। বিয়ে হয় দৌলতপুরের সম্ভ্রান্ত ‘খাঁ-বাড়ি’তে। কিশোরী অবস্থায় গান্ধীজির অসহযোগ আন্দোলনে যোগ দেন। কলকাতার উন্নত মানের সাময়িকীতে গল্প-কবিতা লিখতেন। বাঙালি মুসলমান মেয়েদের মধ্যে সম্ভবত তিনি প্রথম চিত্রশিল্পী। নারীশিক্ষা বিস্তার ও নারীমুক্তির জন্য অসামান্য কাজ করেন। মাত্র ১৭ বছর বয়সে তাঁর মৃত্যু হলে প্রভাবশালী পত্রিকা প্রবাসী লিখেছিল: ‘...ইঁহার লেখার ভিতর দিয়া প্রগাঢ় ধর্ম ও সমাজপ্রীতি সর্বত্র ফুটিয়া উঠিত। ইঁনি স্বীয় ধর্মে দৃঢ় বিশ্বাসী হইলেও ধর্মান্ধতা বা কোনোরূপ কুসংস্কারের অধীনা ছিলেন না।’ [প্রবাসী, মাঘ ১৩৩৩]আজ থেকে ৮৭ বছর আগে নামাজ-রোজা করা ১৭ বছর বয়সী একটি মেয়ে ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। আজ ধর্মান্ধতা ও কুসংস্কারকে আমরা সুপ্রতিষ্ঠিত করার আয়োজন করছি। নারীমুক্তির জন্য সেদিন সংগ্রাম করতে হয়েছে। নারীর অধিকার হেফাজত করতে আজ আমাদের হিমশিম খেতে হচ্ছে। ধর্মের নামে নারীর অধিকার সংকুচিত করার দাবি উঠছে, অসাম্প্রদায়িক আধুনিক শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ উচ্চারিত হচ্ছে। অথচ আজ যদি জীবনের সব ক্ষেত্র থেকে মাত্র তিন মাসের জন্য সব নারীকে সরিয়ে রাখা হয়, তাদের ঘরে বন্দী করা হয়, দেশের গোটা অর্থনীতি ভেঙে পড়বে। আমরা কোনো কিছুই আর হেফাজত করতে পারব না। কোনো বড় মহাসমাবেশ তো দূরের কথা, দৈনন্দিন জীবনযাত্রা পর্যন্ত ব্যাহত হবে। সুতরাং আসুন, আমরা নারীর অর্জিত অধিকার ও মর্যাদা হেফাজত করি।সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।