ধর্ম মানুষকে পরিশীলিত করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ন্যায়নীতি, শান্তি-শৃঙ্খলা ও মূল্যবোধ প্রতিষ্ঠার প্রেরণা থেকেই ধর্ম। শৈশবকাল থেকে যে ব্যক্তি যে ধর্মে বিশ্বাসী, সে ব্যক্তি ওই ধর্মের রীতিনীতি ও বিধিবিধানগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকে। সে তার ধর্মীয় মূল্যবোধ দ্বারা লালিত হয় এবং স্বধর্মীয় বৈশিষ্ট্যগুলো পরে তার চারিত্রিক বৈশিষ্ট্যে প্রতিফলিত হয়। ধর্ম মানুষের মনে সামাজিক মূল্যবোধ সঞ্চারিত করে, সত্যবাদিতা, কর্তব্যসচেতনতা, ন্যায়পরায়ণতা, সহমর্মিতা, সহযোগিতা প্রভৃতি আদর্শ গুণে গুণান্বিত হতে শিক্ষা দেয়। যার যার ধর্ম মানুষকে মন্দ পথ পরিহার করে সৎপথে চলার নির্দেশ দেয়, সদাচরণ ও ন্যায়পরায়ণ হতে শিক্ষা দেয়। এভাবে ধর্মীয় আদর্শের ভিত্তিতে ভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে সদ্ভাব ও সম্প্রীতি সৃষ্টি করে সমাজজীবনে স্থিতিশীলতা ও শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘ধর্মে কোনো জোরজবরদস্তি নেই; সত্য পথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট হয়েছে।’ (সূরা আল-বাকারা, আয়াত: ২৫৬)ধর্মের সামাজিক রীতিনীতি ও বিধিবিধানসমূহ মানুষের মনে মানবিক মূল্যবোধ সঞ্চার করে। মানুষের পারস্পরিক কল্যাণকর কর্ম ও সুসম্পর্ক প্রতিষ্ঠাই সকল ধর্মের মৌলিক লক্ষ্য ও উদ্দেশ্য। ধর্মই সর্বপ্রথম সমাজ থেকে অন্যায়-অত্যাচার, পাপাচার-অনাচার, উৎপীড়ন-নির্যাতন, খুনখারাবি, হত্যাযজ্ঞ, ছিনতাই-রাহাজানি ও সব ধরনের শরিয়ত গর্হিত কার্যকলাপের অবসান ঘটিয়ে সমাজজীবনে মানুষের নিরাপত্তা বিধান করেছে। ইসলামে সব রকম সহিংসতা, উগ্রতা ও হানাহানি পরিহারের এবং জীবনের সর্বত্র মধ্যম পন্থা অবলম্বনের ওপর সমান গুরুত্ব আরোপ করা হয়েছে। মহানবী (সা.) মুসলিম জাতি সম্পর্কে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন, ‘সেই ব্যক্তি প্রকৃত মুসলমান, যার মুখ ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে।’ (বুখারি ও মুসলিম)ধর্মের সব বিধিবিধান ও আচার-অনুষ্ঠান মানবকল্যাণে এবং মানুষকে সত্য-সুন্দর, ন্যায়নীতি ও সুখ-শান্তির দিগ্দর্শন প্রদানে নিয়োজিত। ইসলামের প্রকৃত মর্মবাণী ও মূল লক্ষ্য পথহারা মানুষকে সঠিক পথপ্রদর্শন। দুনিয়াতে মুসলমানদের কল্যাণকর কাজের লক্ষ্যেই অগ্রসর হওয়ার তাগিদ দেওয়া হয়েছে। জাতি-ধর্ম-বর্ণ-গোত্রনির্বিশেষে সব মানুষের সমান অধিকার নিশ্চিত করার জন্য আর্থসামাজিক ব্যবস্থা গ্রহণের সুনির্দিষ্ট বিধান দিয়েছে ইসলাম; যা মানুষের সামগ্রিক কল্যাণসহ ধনী-দরিদ্রের অর্থনৈতিক নিরাপত্তা দিতে পারে। পবিত্র কোরআনে সম্পদের আয়-ব্যয় ও বণ্টনের নীতিমালার সঠিক দিকনির্দেশনা দেওয়া হয়েছে। দৈনন্দিন জীবনযাত্রার জন্য ইসলাম কঠোর পরিশ্রম সহকারে হালাল উপায়ে অর্থ উপার্জনের ওপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে। সম্পদের নিরাপত্তার জন্য ধর্মের প্রয়োজন। কেননা পৃথিবীর অধিকাংশ অঘটনের মূল কারণ ধনসম্পদ। প্রত্যেক ধর্মপ্রাণ মানুষই সমাজে নিজ নিজ মান-ইজ্জত, সম্মান-মর্যাদা ও সম্ভ্রমের নিরাপত্তা নিয়ে চলতে চায়। ইসলাম মানুষের জানমালের নিরাপত্তার বিধান করেছে। ধর্মীয় অনুষ্ঠানাদি পালনের মাধ্যমে পরস্পরের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হয় এবং ঐক্য প্রগাঢ় হয়। সংগঠিতভাবে ধর্ম পালনের উপকারিতা বহুবিধ ও জনকল্যাণ অপরিসীম। ধর্ম মানুষের মনের আবেগ-অনুভূতি, বিচারবুদ্ধি, ইচ্ছাশক্তি তথা সমগ্র ব্যক্তিত্ব ও চরিত্রকে কীভাবে বিকশিত করতে হয় তা শেখায়, মানুষকে যথার্থ মনুষ্যত্বের আসনে দেখতে চায়। ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমে ব্যক্তির মনে শান্তি বিরাজ করে। তার চরিত্র গঠিত হয়, সে লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, পরচর্চা-পরনিন্দা ইত্যাদি পরিহার করে। প্রত্যেক ধর্মেই চরিত্রকে সংশোধন করতে বলা হয়েছে। ইসলাম ধর্মে মানবচরিত্রকে উন্নত গুণাবলিসম্পন্ন করার জন্য দিকনির্দেশনা প্রদান করে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দানের জন্য আমি প্রেরিত হয়েছি।’ (ইবনে মাজা) মানুষের যাবতীয় কুপ্রবৃত্তি দূরীভূত করার জন্য ধর্মের জ্ঞান থাকা প্রয়োজন; যা সত্যবাদী ও সহমর্মী হতে শেখায় এবং ভালো কাজে প্রণোদিত করে। ধর্মের অনুশীলনের মাধ্যমে পরিবার হয় মার্জিত, ভদ্র ও ধার্মিক। এভাবে ধর্ম মানুষের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে শান্তি প্রতিষ্ঠা করে। সামাজিক শান্তি-শৃঙ্খলা সুরক্ষা ও মানব কল্যাণে ধর্মের প্রভাব সর্বাধিক। ধর্মীয় মূল্যবোধ ও বিধিনিষেধ সামাজিক বিশৃঙ্খলা রোধে যথেষ্ট অবদান রেখে চলেছে। সমাজ থেকে সকল প্রকার নৈতিকতাবিবর্জিত ও শরিয়ত গর্হিত পাপ কাজ ধর্মের দ্বারা দূর করা সম্ভব। ধর্ম জাতীয় ঐক্য, সংহতি ও স্থিতিশীলতার নিশ্চয়তা বিধান করতে পারে। ধর্ম দ্বন্দ্ব-বিক্ষুব্ধ অশান্ত পৃথিবীতে সামাজিক শান্তি ও নিরাপত্তা বিধান করতে পারে। মানুষের সেবা করাই ধর্মের কাজ। বিপদগ্রস্ত ও অভাবীর অভাব দূর করা, ঋণগ্রস্তকে ঋণ দিয়ে সহযোগিতা করা প্রভৃতি ইসলাম ধর্মের শিক্ষা। মানুষের প্রতি দায়িত্ব-কর্তব্য ও ন্যায়পরায়ণতা সম্পর্কে সব ধরনের দৃষ্টিভঙ্গিই অভিন্ন; যা মানুষকে কর্তব্যপরায়ণ ও দায়িত্বশীল হতে শেখায়। ধর্ম মানুষকে সৎকর্মের প্রেরণা জোগায়। কেননা বৈষয়িক উন্নতির মূলমন্ত্র হলো ভালো কাজ করা, তাই ধর্ম মানুষকে মহৎ কাজ করার জন্য উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছে। ধর্মীয় জ্ঞান মানুষকে পরিশীলিত করে। ইসলামে নর-নারীর বিদ্যার্জনকে ফরজ ঘোষণা করা হয়েছে। ইহকালে কীভাবে পথ চললে মানুষের সার্বিক কল্যাণ আসবে এবং পরকালের জন্য কী করলে মানুষ কঠিন শাস্তি থেকে মুক্তি পাবে, ধর্ম তার শিক্ষা দেয়। ধর্মের মাধ্যমে মানুষ মহান সৃষ্টিকর্তার পরিচয়, তাঁর নিদর্শন, আল্লাহর নৈকট্য লাভ করার উপায় জানতে পারে। এসব কিছু জেনে ধর্মীয় বিধিবিধান পালন ও অনুশীলনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। সুতরাং মানবজীবনে ধর্মের প্রয়োজনীয়তা অপরিসীম। মানুষের ইহলৌকিক কল্যাণ, পরকালীন শান্তি ও মুক্তির জন্য ধর্মের যাবতীয় বিধিবিধান ও অনুশাসন মেনে চলাও অবশ্যকর্তব্য। ধর্ম কোনো বিভেদ নয়, বরং মানবতার ঐক্যের কথা বলে। জাতি-ধর্ম-বর্ণ-গোত্রনির্বিশেষে সব মানুষকে মুক্তি ও শান্তির দিগ্দর্শন দেয়। এককথায় বলা যায়, ধর্মীয় আচার-অনুষ্ঠান, রীতিনীতি ও বিধিবিধানসমূহ ব্যক্তির সামাজিকীকরণ প্রক্রিয়ায় যথেষ্ট প্রভাব বিস্তার করে।ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও কলাম লেখক। [email protected]