ধর্মঘট চিকিৎসকদের প্রতিবাদের পথ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকেরা যখন ধর্মঘট করেন, তখন রোগীদের ভোগান্তি হয়, মুমূর্ষু রোগীদের প্রাণসংশয়ও দেখা দিতে পারে। এই বাস্তবতা চিকিৎসকেরা যে উপলব্ধি করেন না, তা নয়; কিন্তু তা সত্ত্বেও এ দেশে চিকিৎসকদের কর্মবিরতি ও ধর্মঘটের ঘটনা প্রায়ই ঘটে। উদ্বেগের বিষয় হলো, প্রতিবাদ জানানো, দাবি আদায় কিংবা ক্ষোভ প্রকাশের পন্থা হিসেবে ধর্মঘট যদি অন্য পেশাজীবীদের মতো চিকিৎসকদের মধ্যেও একটা সাধারণ ব্যাপার হয়ে ওঠে, তবে তা দেশের চিকিৎসাব্যবস্থার পেশাদারির জন্য ক্ষতিকর হবে।
গত ২৮ ফেব্রুয়ারি খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শেখ আবদুল্লাহ আল মামুনকে কর্তব্যরত অবস্থায় পিটিয়ে আহত করার অভিযোগে একটি মামলা হয়েছে তেরখাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফ এম ওয়াহিদুজ্জামানসহ পাঁচজনের বিরুদ্ধে। চিকিৎসক নিজেই বাদী হয়ে মামলাটি করেছেন। পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দিয়েছে। কিন্তু প্রধান আসামি ওয়াহিদুজ্জামানসহ সবাইকে গ্রেপ্তার করার দাবিতে ধর্মঘট করছেন খুলনা জেলার সব সরকারি-বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠানের চিকিৎসকেরা। পুলিশ বলছে, তারা আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা করছে, কিন্তু তাঁরা পলাতক।
এ অবস্থায় একটি জেলার সরকারি-বেসরকারি সব হাসপাতাল, ক্লিনিক, স্বাস্থ্য কমপ্লেক্সের সব চিকিৎসকের ধর্মঘটের মতো চূড়ান্ত কর্মসূচি চার দিন ধরে পালন করা অমানবিক। অবশ্য গতকাল সোমবার ধর্মঘট শেষ করে কাজে ফিরেছেন, কিন্তু বৃহস্পতিবারের মধ্যে সব আসামিকে গ্রেপ্তার করা না হলে তাঁরা আবার ‘কঠোর কর্মসূচি’র হুমকি দিয়ে রেখেছেন।
আমরা আশা করব, হাজার হাজার রোগীর প্রতি পেশাগত দায়িত্ব ও মানবিকতার স্বার্থে তাঁরা ধর্মঘটের মতো কর্মসূচি থেকে বিরত থাকবেন। আর পুলিশের উচিত অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করা, আইনের যথার্থ প্রয়োগ নিশ্চিত করা। প্রধান আসামি ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলে যদি তাঁর বিরুদ্ধে আইন প্রয়োগে শিথিলতা দেখানো হয়, তবে সেটা অন্যায় হবে।