একজন মন্ত্রীর নেতৃত্বাধীন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ৪৮ ঘণ্টা বেআইনি ধর্মঘট পালন করেই ক্ষান্ত হয়নি; তাদের ভাষায়, দাবি না মানলে ভবিষ্যতে ৯৬ ঘণ্টা ধর্মঘট পালনেরও ঘোষণা দিয়ে রেখেছে। যে আট দফা দাবিতে তারা ধর্মঘট পালন করেছে, সেটি মেনে নিলে সড়কপথে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা আরও বাড়বে। এখনো কাগজপত্রে যেটুকু জবাবদিহি আছে, সেটুকুও থাকবে না।
যেখানে বিরোধী দলকে নিয়মতান্ত্রিক সভা-সমাবেশই করতে দেওয়া হয় না, দিলেও নানা শর্ত জুড়ে দেওয়া হয়, সেখানে ধর্মঘটের নামে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন দেশের অর্থনীতি তো বটেই, জনগণকেও ৪৮ ঘণ্টা জিম্মি করে রাখল, অথচ সরকার ছিল পুরোপুরি নির্বিকার। জনগণের নিরাপত্তা রক্ষায় সদা উদ্গ্রীব সরকারকেও সড়কে যাত্রীদের নিরাপত্তা রক্ষায় কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
যেকোনো আন্দোলন বা কর্মসূচির একটি নিয়মকানুন থাকে, এখানে তা-ও লঙ্ঘন করা হয়েছে। ধর্মঘট পালন করতে হলে ১৫ দিন আগে কর্তৃপক্ষকে নোটিশ দিতে হয়। কিন্তু সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন তা না দিয়ে এটিকে কর্মবিরতি হিসেবে চালিয়ে দিয়েছে। সেটাই যদি হবে তাহলে পরিবহনশ্রমিকেরা রাস্তায় হানাহানি ও নৈরাজ্য সৃষ্টি করলেন কেন? তাঁরা শুধু নিজেরাই গণপরিবহন বন্ধ রাখেননি; ব্যক্তিগত গাড়ি, রিকশা, অটোরিকশা পরিবহনেও বাধা দিয়েছেন। ব্যক্তিগত গাড়ির চালকের মুখে পোড়া মবিল মেখে দিয়েছেন, অনেক চালককে কান ধরে ওঠবস করিয়েছেন। এমনকি তাঁদের মাস্তানি থেকে রেহাই পায়নি স্কুল-কলেজের ছাত্রীরাও।
এ ধর্মঘটে অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়েছে, দুই দিনের জন্য জনজীবন নিশ্চল হয়ে পড়েছে, সে কথা সবার জানা। কিন্তু তার চেয়েও মর্মান্তিক হলো ধর্মঘটের কারণে মৌলভীবাজার ও সুনামগঞ্জে দুটি শিশুর মৃত্যু। এর মধ্যে ধর্মঘটি শ্রমিকেরা হাসপাতালগামী অ্যাম্বুলেন্স আটকে দিয়ে এক শিশুকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। যানবাহন না পেয়ে অনেক রোগী হাসপাতালে যেতে পারেনি। এসব অপূরণীয় ক্ষতির দায় কে নেবে? সড়কে পরিবহনশ্রমিকদের নৈরাজ্য ও মাস্তানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। মন্ত্রীর সংগঠন বলেই িক এই রেয়াত? পরিবহনশ্রমিকেরা ফের ধর্মঘটের হুমকি দিয়েছেন। কীভাবে তাঁরা এই হুমকি দিতে পারলেন? তাঁদের ন্যায়সংগত দাবিদাওয়া থাকলে সরকারের সঙ্গে আলোচনা করে তার সমাধান করতে পারেন। কিন্তু ধর্মঘটের নামে দেশের অর্থনীতি ও জনগণকে জিম্মি করে কোনো ধর্মঘট চলতে পারে না।
ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মসূচি আমাদের জাতীয় জীবনে একেকটি ক্ষত রেখে যায়। সড়ক পরিবহনশ্রমিকেরাও ৪৮ ঘণ্টার ধর্মঘটে পোড়া মবিলের মহড়া দিয়ে যে ক্ষত সৃষ্টি করেছেন, তা সহজে মুছে ফেলা যাবে না। এর আগে আমরা বোমা–সংস্কৃতি, গ্রেনেড–সংস্কৃতি, চাপাতি, রামদা–সংস্কৃতি দেখেছি এবং তা প্রত্যাখ্যান করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছি।
এখন মন্ত্রীর নেতৃত্বাধীন সংগঠনের পোড়া মবিল–সংস্কৃতি থেকেও দেশ মুক্ত হোক, এটাই প্রত্যাশা।