ধর্ষণ: আর কত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ধর্ষণ কার্যত এক অপ্রতিরোধ্য অপরাধ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। অত্যন্ত কঠোর আইন, নারী অধিকার সংগঠন, মানবাধিকার সংগঠন ও নাগরিক সমাজের প্রতিবাদ, সংবাদমাধ্যমের লেখালেখি—কোনো কিছুতেই ধর্ষণকারীদের দৌরাত্ম্য কমছে না। দেশের আনাচে-কানাচে প্রতিনিয়ত বিভিন্ন বয়সী নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। কখনো কখনো অবিশ্বাস্য রকমের পাশবিক কায়দায় একের পর এক ঘটে চলেছে ধর্ষণ; যেন ধর্ষকদের মধ্যে প্রতিযোগিতা চলছে। এই মুহূর্তে সারা বাংলাদেশে ধর্ষণবিরোধী প্রতিবাদ চলছে। কারণ, কয়েক সপ্তাহ ধরে ধর্ষণপ্রবণতা সংক্রামক ব্যাধির মতো বেড়ে গেছে।

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগের কতিপয় কর্মীর সংঘবদ্ধ ধর্ষণযজ্ঞের পর নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন চালানো এবং সেই ন্যক্কারজনক পৈশাচিকতার ভিডিও চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশ প্রতিবাদ-বিক্ষোভে ফেটে পড়েছে। রাজধানীসহ দেশের অন্তত ৩৫টি জেলায় নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ চলছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন, প্রতিবাদের প্রয়োজন নেই; সরকার ব্যবস্থা নিচ্ছে। আর খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সিলেট ও নোয়াখালীর দুই ঘটনাকে ‘বর্বরতার চূড়ান্ত উদাহরণ’ বলে আখ্যায়িত করে আশ্বাস দিয়েছেন, এই ঘটনায় যারাই জড়িত হোক না কেন, তাদের সবাইকে সর্বোচ্চ শাস্তি পেতেই হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস পূরণ হোক, এটাই কাম্য। তবে এ বিষয়ে নিশ্চিতভাবে আশ্বস্ত হওয়া কঠিন। কারণ, অতীতে এ রকম অনেক আশ্বাস পূরণ করা হয়নি। ধর্ষণ ও নারীর প্রতি সহিংস নানা অপরাধের বিচার ঠিকমতো হলে, অপরাধীদের দণ্ড হলে এবং তারা সেই দণ্ড ভোগ করলে আজ বাংলাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের চিত্র এমন ‘বর্বরতার চূড়ান্ত’ পর্যায়ে পৌঁছাতে পারত না। খোদ সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, ২০০১ থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে দায়ের করা মামলার মাত্র ৩ দশমিক ৫৬ শতাংশের ক্ষেত্রে আদালতের রায় ঘোষিত হয়েছে; আর অপরাধীদের দণ্ডাদেশ ঘোষিত হয়েছে মাত্র শূন্য দশমিক ৩৭ শতাংশ মামলায়।

যে দেশে ৯৯ শতাংশের বেশি মামলায় অপরাধীরা শাস্তির বাইরে থেকে যায়, সেই দেশে সময়ে-সময়ে স্বরাষ্ট্রমন্ত্রীদের ন্যায়বিচারের আশ্বাসবাণী উচ্চারণ জনমনে কোনো আশ্বাস জাগাতে পারে না। আসলে কোনো দেশে আইনের শাসন কার্যকর থাকলে অপরাধীদের বিচার ও শাস্তি নিশ্চিত হয় স্বাভাবিক প্রক্রিয়ায়; এ জন্য সরকারের নেতারা কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস-অঙ্গীকারের প্রয়োজন পড়ে না, প্রশ্নও ওঠে না।

ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতাপূর্ণ নানা অপরাধের ঘটনায় বিচারহীনতার যে সংস্কৃতি পাকাপোক্ত রূপ পেয়েছে, তার পেছনে রয়েছে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়। সিলেট ও নোয়াখালীর ঘটনায় অপরাধীদের ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা বিচ্ছিন্ন কিছু নয়। ‘অপরাধী যে বা যারাই হোক না কেন’—সরকারি তরফে এ রকম বাক্যবন্ধ ব্যবহার করে জনগণকে প্রবোধ বা আশ্বাস দেওয়ার চেষ্টা চলে যে অপরাধীরা যদি ক্ষমতাসীন দলের কোনো অংশের সঙ্গে সম্পৃক্ত হয়েও থাকে, তবু তাদের বিচার ও শাস্তি হবে। কিন্তু কার্যত অপরাধীদের শাস্তি কালেভদ্রে হয়ে থাকে, যার কোনো ইতিবাচক প্রভাব ধর্ষণ ও নারী নির্যাতন প্রবণতা হ্রাসের ক্ষেত্রে পড়ে না। নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনার হোতা দেলোয়ার হোসেন রাজনৈতিক ক্ষমতার ছায়ায় আশ্রিত অপরাধবৃত্তির সর্বসাম্প্রতিক দৃষ্টান্ত।

ধর্ষণ, নারী-শিশু নির্যাতনসহ সব ধরনের অপরাধবৃত্তি দমনের দায়িত্ব যথাযথভাবে পালন করা সরকারের একান্ত দায়িত্ব। কিন্তু এই ক্ষেত্রে সরকার ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। ফলে পরিস্থিতির অবনতি ঘটে চলেছে। এ থেকে উত্তরণের জন্য সরকার ও ক্ষমতাসীন দলকে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে হবে: কোনো অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া চলবে না।