সমাজ ও নৈতিকতার ভাঙনের একটা লক্ষণ হলো, রক্ষকের ভক্ষকে পরিণত হওয়া। সৎপিতা ধর্ষণ করেছে ১২ বছরের শিশুকে, চিকিৎসার জন্য গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। সালিসের নামে সমাজপতিরা গৃহবধূটিকে দ্বিতীয় দফা নির্যাতন করলে তিনি আত্মহত্যা করেন। পরিবার, প্রতিষ্ঠান ও সমাজ; নারীর ভরসা কি কোথাও মিলবে না?
সৎপিতাও পিতা। তিনি কিনা ধর্ষণ করেন নিজ স্ত্রীর শিশুসন্তানকে! ধর্ষক কুলাঙ্গার আটক হয়েছেন; এখন তাঁর বিচার নিশ্চিত করা দরকার। কিন্তু যে মানসিকতা থেকে একজন অভিভাবক অধীনস্থকে ধর্ষণ করে, সেই মানসিকতার নিরাময় হবে কীভাবে? নিরাময় প্রয়োজন৷ কারণ, প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। নারী নির্যাতনের বিচার নিশ্চিত করা সরকার, প্রশাসন ও আদালতের দায়িত্ব। কিন্তু নারীর ওপর পুরুষের উদগ্র আকাঙ্ক্ষা যে সংস্কৃতিতে জন্মায়, সেই সংস্কৃতি বদলের দায়িত্ব সবার।
দ্বিতীয় ঘটনাটি ঘটিয়েছেন একজন চিকিৎসক। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গৃহবধূ চিকিৎসক রফিকুজ্জামানের কাছে চিকিৎসার জন্য গেলে, কৌশলে তাঁকে অচেতন করে ধর্ষণ করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ যদি সঙ্গে সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করত, তাহলে নির্যাতিতাকে সালিসের জন্য আর সমাজপতিদের দ্বারস্থ হতে হতো না। তাহলে তাঁকে সেখানে মারধর করে ধর্ষণ হয়নি, এমন মুচলেকায় স্বাক্ষর করানোরও সুযোগ হতো না।
চিকিৎসকের কাছে নারী-পুরুষ সবাই যান ভরসা নিয়ে। কুষ্টিয়ার কুমারখালীর হাসিমপুরের চিকিৎসক রফিকুজ্জামান সেই ভরসা ভঙ্গ করে রোগীকে অচেতন করে নির্যাতন করেন। দ্বিতীয়ত, স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকে দিয়ে নির্যাতিতাকে আবারও মারধর করে মুচলেকা নেওয়া হয়। আইনত ওই ধর্ষক চিকিৎসক এবং সালিসকারী উভয়ই ধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্ত। অথচ পুলিশ গ্রেপ্তার করেছে কেবল চিকিৎসক রফিকুজ্জামানকে। পুলিশের দায় এখানেই যে ধর্ষণের অভিযোগ পাওয়ামাত্রই তারা যদি অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় নিত, তাহলে হয়তো হতভাগ্য গৃহবধূটি আত্মহত্যার প্ররোচনা পেতেন না।