টাঙ্গাইলের সখীপুরে খেলার মাঠে বসে গল্প করছিলেন এক জোড়া তরুণ–তরুণী। তিনটা মোটরসাইকেলে পাঁচ যুবক এসে তাঁদের তুলে নিয়ে গেলেন কাছের একটা বনে। তরুণটিকে আটকে রেখে তাঁর সামনেই তরুণীকে ধর্ষণ করলেন তিনজন, সেই দৃশ্যের ভিডিওচিত্র তুললেন অন্য দুজন। গত সোমবার প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনের এই বর্ণনা থেকে স্পষ্টতই বোঝা যায়, বাংলাদেশে ধর্ষণ কত সহজ ও সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। এমন গুরুতর অপরাধ করেও অধিকাংশ ব্যক্তি গ্রেপ্তার হয় না, তাদের বিরুদ্ধে মামলা করা হলেও তারা বিচার ও শাস্তি এড়িয়েই চলতে পারে।
সেদিক থেকে সখীপুরের এ ধর্ষণের ঘটনা সম্পর্কে ইতিবাচক খবর হলো পাঁচ ধর্ষণকারীর মধ্যে অন্তত একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশকে
তিনি বলেছেন, ধর্ষণের শিকার মেয়েটি ধর্ষণকারীদের তিনজনের প্রতিবেশী। কিন্তু তরুণীটি অন্য এক গ্রামের ছেলের সঙ্গে ‘প্রেম করে’ বলে তাঁকে
প্রেমিকসহ তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এই স্বীকারোক্তি থেকে ধর্ষণকারীদের মানসিকতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে তার চেয়েও গুরুতর কথা হলো মেয়েটির ওপর সেই বর্বরতা প্রয়োগের সাহস তাঁরা পেয়েছেন ধর্ষণ করে পার পেয়ে যাওয়ার বিশ্বাস থেকে, যা কোনো সমাজে গড়ে উঠতে পারে
বিচারহীনতার পরিবেশে।
ধর্ষণের বিচার করার ক্ষেত্রে আইন প্রয়োগের দুর্বলতা ও দীর্ঘসূত্রতার ফলে সমস্যাটি অত্যন্ত জটিল হয়েছে। আইন প্রয়োগকারীদের একটি অংশ ধর্ষণের শিকার নারীর প্রতি বিরূপ ধারণা প্রকাশ করেন, তাঁরা নারীটির ব্যক্তিগত ‘চরিত্র’ সম্পর্কে সন্দেহ পোষণ করেন। ফলে ধর্ষণের অপরাধ সংঘটিত হয়েছে—এটা আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণ করার জন্য যতটা আন্তরিক তাগিদের সঙ্গে আইন প্রয়োগ করা প্রয়োজন, বাস্তবে তার অভাব রয়েছে। শুধু আইন প্রয়োগকারীদের মধ্যে নয়, আমাদের সাধারণ মানুষেরও একটি অংশের ভেতরে ধর্ষণের শিকার নারীর প্রতি নেতিবাচক ধারণা পোষণ করা হয়।
ফলে অত্যন্ত কঠোর আইন থাকা সত্ত্বেও ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। এ মাসে নরসিংদীতে মা–মেয়ে ধর্ষণ ও কুমিল্লার চৌদ্দগ্রামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যাসহ বেশ কয়েকটি ধর্ষণের খবর প্রকাশিত হয়েছে।
মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের দেওয়া পরিসংখ্যানের ভিত্তিতে গত ১৯ জানুয়ারি প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ বছরে বাংলাদেশে ৩ হাজার ৫৮৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২৭৮ জনকে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো ধর্ষণের শিকার নারীদের মধ্যে ৮৬ শতাংশই শিশু ও কিশোরী। ৬ বছর থেকে ১২ বছর বয়সী মেয়েরাই সবচেয়ে বেশি ধর্ষণের শিকার। চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম ১৮ দিনে ২৩টি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাদের মধ্য ১৫ জনই শিশু ও কিশোরী। ধর্ষণের পর হত্যার শিকারও হয় এরাই বেশি। অনেক ধর্ষণের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয় না।
আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে যে পাঁচ বছরে ৩ হাজার ৫৮৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন, পুলিশ সদর দপ্তরের হিসাবে সেই একই সময়ে ধর্ষণসংক্রান্ত মামলা হয়েছে ১৯ হাজারের বেশি; গড়ে প্রতিদিন ১১টি মামলা হচ্ছে। কিন্তু সেই তুলনায় ধর্ষণ মামলায় আসামিদের হার অত্যন্ত কম। প্রথম আলো ঢাকা জেলার পাঁচটি নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালে প্রায় ১৫ বছরে (২০০২-১৬) আসা ধর্ষণসংক্রান্ত পাঁচ হাজারের মতো মামলার পরিস্থিতি অনুসন্ধান করে দেখতে পেয়েছে, নিষ্পত্তি হওয়া মামলাগুলোর মাত্র ৩ শতাংশের সাজা হয়েছে।
এই প্রায় বিচারহীনতার পরিবেশের অবসান ঘটাতে না পারলে ধর্ষণের প্রবণতা রোধ করা অসম্ভব।