ধর্ষণবিরোধী লংমার্চে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করে সরকার অধ্যাদেশ জারি করেছে। মন্ত্রী-নেতাদের দাবি, সরকার ধর্ষকদের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা দেখাচ্ছে। কিন্তু ‘ধর্ষক ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’-এর ব্যানারে যখন ছাত্র-তরুণেরা লংমার্চ বের করলেন, তখন তাঁদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটল কীভাবে? তা-ও যেদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধর্ষণবিরোধী জনমত গঠনের লক্ষ্যে সারা দেশে সভা-সমাবেশ করেছে।

ধর্ষণবিরোধী লংমার্চের উদ্যোক্তাদের অভিযোগ, নোয়াখালীতে সমাবেশ শেষে ঢাকায় ফিরে আসার পথে কুমিল্লায় বাসে ওঠার সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর লাঠিসোঁটা নিয়ে চড়াও হন। এতে লংমার্চকারীদের ১৫ জন আহত হন, ৬টি বাস ভাঙচুর হয়। আহত কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলেছেন, তাঁদের কোনো নেতা-কর্মী হামলা চালাননি। তবে তাঁরা এ-ও দাবি করেছেন যে লংমার্চকারীদের হাতে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গাত্মক ব্যানার থাকায় ‘সাধারণ জনতা’ ক্ষুব্ধ হয়ে এ হামলা চালাতে পারে। কারও ক্ষুব্ধ হওয়া আর সন্ত্রাসী কায়দায় হামলা চালানো এক কথা নয়। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রহস্যজনক ভূমিকা পালন করেছে। হামলার পরপরই তারা দৃশ্যপটে আবির্ভূত হয়ে ত্রাতার ভূমিকা নিয়েছে। তারা সেখানে আগে গেলে হামলার ঘটনা এড়ানো যেত। দায়িত্বরত পুলিশ সদস্যরা আক্রান্ত ব্যক্তিদের সহায়তার দাবি করেছেন। কিন্তু তাঁরা আগে থেকে লংমার্চকারীদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করলেন না কেন?

একদিকে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধর্ষণবিরোধী সমাবেশ, অন্যদিকে ধর্ষণবিরোধী লংমার্চে অংশগ্রহণকারী ছাত্র-তরুণদের ওপর সন্ত্রাসী হামলা চলতে পারে না। এই ধৃষ্টতা তারা কোথায় পেল? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর কৃতিত্ব দাবি করেছেন, ভালো কথা। কিন্তু যারা আক্রমণ করল, তাদের খুঁজে বের করলেন না কেন? এটি কি তাঁদের পেশাদারি দক্ষতা, না সদিচ্ছার অভাব?

ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশের আয়োজকেরা আগাম ঘোষণা দিয়ে কর্মসূচি পালন করেছেন। তাঁদের লংমার্চ বা সমাবেশে কোনো গোলমাল হয়নি। তারপরও যদি তাঁদের ব্যানার বা স্লোগানকে আপত্তিকর মনে হয়, সেটি দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, স্বঘোষিত ‘সাধারণ জনতা’ নামে সন্ত্রাসী গোষ্ঠীর নয়। শান্তিপূর্ণ লংমার্চে যারা হামলা করেছে, তাদের রাজনৈতিক ও সামাজিক পরিচয় যা-ই হোক না কেন, তারা অপরাধী। সরকার যদি বিচারহীনতার সংস্কৃতিকে প্রশ্রয় না দেয়, তাহলে তাদের উচিত হবে অপরাধীদের খুঁজে বের করে আইনের হাতে সোপর্দ করা।