ধর্ষণের বিচার ও অবিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল প্রথম আলোয় প্রকাশিত এক বিশদ প্রতিবেদনে গত ১৬ বছরে দায়ের করা ধর্ষণ মামলাগুলোর যে চিত্র তুলে ধরা হয়েছে, তা এককথায় হতাশাব্যঞ্জক। এ সময়ের মধ্যে ওসিসিগুলো ধর্ষণের শিকার নারী ও শিশুদের পক্ষে মোট ৪ হাজার ৫৪১টি মামলা করেছে, সেগুলোর প্রায় ৭৩ শতাংশেরই নিষ্পত্তি হয়নি। আর যে প্রায় ২৭ শতাংশ বা ১ হাজার ২২৯টি মামলার নিষ্পত্তি হয়েছে, তার মাত্র ৬০টিতে অপরাধীদের দণ্ড হয়েছে। শতকরা হিসাবে এটা মাত্র ৪ দশমিক ৮ শতাংশ। মোট দায়ের করা মামলার তুলনায় নগণ্যসংখ্যক অপরাধীর শাস্তি পাওয়ার এই চিত্র যেন এ দেশে ধর্ষকদের বিচারহীনতার পরিবেশেরই ইঙ্গিতবাহী। এ থেকে এমন ধারণা সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয় যে এ দেশে ধর্ষণ করে শাস্তি এড়ানো কঠিন কিছু নয়।

ধর্ষণের বিচারপ্রক্রিয়া সম্পর্কে হতাশা তিন স্তরের। প্রথমত, ধর্ষণের শিকার নারী স্বজন ও সমাজের ভয়ে মুখ খুলে বলতেই চান না যে তিনি অত্যন্ত গুরুতর অপরাধের শিকার হয়েছেন। দ্বিতীয়ত, যাঁরা দ্বিধা-সংকোচ কাটিয়ে বিচার চাইতে যান, তাঁরা বিচারপ্রক্রিয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের দিক থেকে অত্যন্ত লাঞ্ছনাময় আচরণের শিকার হন, এমনকি প্রকাশ্য আদালতেও। তৃতীয়ত, মামলা দায়েরের পর থেকে আসামিদের ভয়ভীতি প্রদর্শন, শারীরিক আক্রমণ ইত্যাদি চলে। তা ছাড়া ধর্ষণের আলামত সংগ্রহ থেকে শুরু করে মামলার তদন্তপ্রক্রিয়ায় পুলিশের অদক্ষতা, আন্তরিকতাহীনতা, দুর্নীতিপ্রবণতা, নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি ইত্যাদি কারণে অধিকাংশ ধর্ষণ মামলায় আদালতে অপরাধ প্রমাণিত হয় না বলে ধর্ষক ছাড়া পেয়ে যায়।

বাংলাদেশে ধর্ষিত নারীর সঙ্গে এমন আচরণ করা হয়, যেন অপরাধের শিকার তিনি হননি, বরং ধর্ষিত হয়ে তিনি নিজেই অপরাধ করেছেন। ধর্ষণ সম্পর্কে আমাদের সমাজের এই সাধারণ দৃষ্টিভঙ্গি ধর্ষকদের বিচার ও শাস্তি দেওয়ার পথে এক মৌলিক প্রতিবন্ধকতা। পরিবারের আপনজন থেকে শুরু করে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা পর্যন্ত সবাই ধর্ষণের শিকার নারীর সহমর্মী হয়ে তাঁর পাশে না দাঁড়ালে এই পরিস্থিতির পরিবর্তন হওয়া খুব কঠিন। তবে ধর্ষণের বিচারপ্রক্রিয়ায় আইনি সহযোগিতা দেওয়া থেকে শুরু করে আইন প্রয়োগের প্রতি ধাপে দক্ষতা বাড়ানো এবং দুর্নীতি দূর করার ওপর বিশেষ জোর দেওয়া দরকার।