ধর্ষণের ভয়াবহতা রুখতে চাই আইনের শাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী নির্যাতন দিবসে উঠে এল নারী নির্যাতনের ভয়াবহতার চিত্র। বলা বাহুল্য, এই চিত্রটিও খণ্ডিত। কেননা, নারী নির্যাতনের বেশির ভাগ ঘটনাই জনসমক্ষে প্রকাশিত হয় না, আদালতে ওঠে না। 
সমাজ বদলেছে, প্রযুক্তি বদলেছে, আইন বদলেছে; কিন্তু প্রাচীন তেলাপোকার মতোই নির্বিকারভাবে টিকে আছে মানুষের কুৎসিত এই ব্যাধি। নারীর বিরুদ্ধে পুরুষের আগ্রাসী কামনার চরম প্রকাশ ঘটে ধর্ষণে। ধর্ষণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধর্ষণের পর হত্যার প্রকোপও বাড়ছে। এসবের খুব কমই সংবাদ বা থানায় লিপিবদ্ধ হয়। তার পরও এ বছরের প্রথম ১০ মাসে ৭৭২ জনের ধর্ষণের শিকার হওয়ার পরিসংখ্যান আতঙ্কজনক বৈকি! এর মধ্যে ৭৮ জন নিহত হয়েছেন।
চার বছরের শিশু থেকে শুরু করে প্রতিবন্ধী, বৃদ্ধা—কেউই রেহাই পাচ্ছেন না। মুঠোফোনের ভিডিওকে জিম্মি করে, হুমকি ও চাপ দিয়ে, অসতর্ক মেলামেশার সুযোগে—বিভিন্ন কৌশলে ধর্ষণ চলছে। সালিসের নামে নির্যাতিতকে আরও কোণঠাসা করা, মীমাংসার নামে বিয়ে পড়িয়ে দেওয়ার প্রহসনে সক্রিয় অংশ নিতে দেখা যাচ্ছে সমাজপতি ও আইনের রক্ষকদের একাংশকে। এককথায়, ধর্ষণের বাড়াবাড়ির মুখে প্রতিরোধ বাড়েনি, বরং বেড়েছে ‘সামাল’ দেওয়ার ও ম্যানেজ করার প্রবণতা।
সুতরাং, ধর্ষণসহায়ক সংস্কৃতি এবং আইন পালনে প্রাতিষ্ঠানিক শিথিলতায় পরিস্থিতির অবনতি ঘটছেই। পাশাপাশি আইন সংস্কার, নির্যাতিতাকে সহায়তা দেওয়ার প্রাতিষ্ঠানিক আয়োজন এবং কিছু ক্ষেত্রে শাস্তির ভালো দৃষ্টান্তও আছে। কিন্তু বলা যাচ্ছে না যে ধর্ষণ বিচ্ছিন্ন ঘটনা। বরং প্রতিনিয়ত ঘটে যাওয়া এবং প্রতিনিয়ত পুলিশ ও প্রশাসনের গাফিলতি থেকে মনে হয়, বিষয়টা গা-সহা হয়ে যাচ্ছে না তো? ধর্ষকেরা যখন ক্ষমতাধর গোষ্ঠীর আশ্রয় পায় বা বিত্তের জোরে পার পায়, তখন সমগ্র নারীসমাজই বিপদের মুখে থাকে। এ অবস্থা দূর হওয়া শুরু করবে যদি আইন-আদালত-প্রশাসন ও রাজনীতি নারী নির্যাতনের বিষয়ে কঠোর থাকে।