ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ীতে ধর্ষণের শিকার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী খালেদা খাতুনকে (১৪) সমাজ বাঁচতে দিল না। এটাই স্বাভাবিক যে, তার আত্মহত্যার জন্য অনেকেই শুধু ধর্ষক হিসেবে অভিযুক্ত স্কুলশিক্ষকের দিকে অঙ্গুলি নির্দেশ করবেন। এবং কোনো সন্দেহ নেই খালেদার আত্মহত্যার জন্য ধর্ষণকারীর দায় মুখ্য। কিন্তু যারা, খালেদার পাশে দাঁড়াতে পারলেন না, তাঁদের দায়িত্বহীনতা কি জবাবদিহির ঊর্ধ্বে থাকার বিষয়? খালেদার মতো বিড়ম্বিত মেয়েদের আত্মহত্যার ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনের শাসনের আওতায় দ্রুত প্রতিকার একটি রক্ষাকবচ হতে পারে।
খালেদা দেখে গেছে, শুধু ধর্ষণকারীই নয়, তার সঙ্গে তার নিজের স্কুল ও প্রশাসনের দায়িত্বশীলরাও যথেষ্ট দায়িত্বশীল আচরণ করেনি। অপরাধের শিকার হওয়ার পরে সে দেখে গেছে, আশা নিয়ে বাঁচার মতো পরিবেশ তার সামনে নেই। নিজের পরিবারসহ সবাই মুখ ঘুরিয়ে নিয়েছে। সুতরাং অপরাধ সংঘটনের পরে যথা পদক্ষেপ নিতে দায়িত্বশীলদের যে গাফিলতি, তাকে ফৌজদারি অপরাধ হিসেবেই গণ্য করতে হবে। এই সংবেদনশীলতা দেখাতে আমরা ব্যর্থ ও নিরুদ্বিগ্ন থাকছি বলেই খালেদার মতো কিশোরীরা এভাবেই আত্মহত্যার পথে পা বাড়ায়।
ধর্ষণের অভিযোগে খালেদার স্কুলের গ্রন্থাগারিক শহিদুল ইসলাম (৩৮) হাতেনাতে গ্রেপ্তার হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা তাঁকে গাছের সঙ্গে বেঁধে রেখেছিলেন। এ রকম একটি ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি স্কুল কমিটিকে তিন দিন সময় বেঁধে দেওয়াই বেশি ছিল। কিন্তু তারা রিপোর্ট না দিয়ে দিব্যি দুই মাস সময় বাড়িয়ে নিয়েছিল। ছাত্ররা আন্দোলন করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। খালেদা যে স্কুলের ছাত্রী ছিল, সেই স্কুল তার সঙ্গে এ রকম নিষ্ঠুরতা দেখাতে পেরেছে।
অন্যদিকে চিকিৎসক ও পুলিশ কর্মকর্তারাও যথারীতি গাফিলতি করেছেন। দেড় মাস আগে ধর্ষণের ঘটনা ঘটলেও কয়েক দিন আগে ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পুলিশ পেয়েছে। সুতরাং আইন ও ব্যবস্থাটাই হলো ভুক্তভোগী বিরোধী। প্রত্যেকেই জানেন, তারা যে যেমনই কর্তব্য অবহেলা করুন, এ জন্য কারও জবাবদিহি করতে হবে না। আমরা তাই আশা করব, এই জবাবদিহি তৈরি করে আইন হোক এবং তা কার্যকর হোক।