সাভারের পরিকল্পিত চামড়া শিল্পনগরী নিয়ে এত কিছু করার পরও দেখা যাচ্ছে, সকলই গরল ভেল। আক্ষরিক অর্থেই চামড়াজাত দূষিত গরল নষ্ট করে ফেলছে পাশের ধলেশ্বরী নদীর পানি। পরিকল্পিত শিল্পনগরীতে পরিকল্পনার বদলে বিশৃঙ্খলাই প্রধান।
চামড়ার বর্জ্য পরিশোধনে প্রথম গোঁজামিল হলো লবণ শোধনাগার না বসিয়েই অতিরিক্ত লবণাক্ত পানি ধলেশ্বরীতে ছাড়া। সোমবারের প্রথমআলো জানাচ্ছে আরও গোড়ার গলদের কথা। সেখানে ৬৩৯ কোটি টাকা ব্যয়ে যে চামড়ার বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) নির্মিত হয়েছে, তা মানসম্মতভাবে পরিশোধন করছে না। ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ও দুর্বল ব্যবস্থাপনা এর জন্য দায়ী। পরিবেশ অধিদপ্তর ওই সিইটিপি নির্গত পানি পরীক্ষা করে তাতে ১১টি উপাদানের ক্ষতিকারক মাত্রা পেয়েছে। অতিরিক্ত লবণাক্ত পানি এবং ক্ষতিকারক মাত্রার রাসায়নিক ছাড়াও নিষ্কাশিত পানির তাপও মাত্রার বাইরে। এই তিনটি কারণ ধলেশ্বরী নদীর মাছ, জলজ উদ্ভিদসহ সব প্রাণের জন্যই বিপজ্জনক। ইতিমধ্যে সাভারের কাছে ধলেশ্বরী নদী মাছশূন্য হয়ে যাচ্ছে। এটা চলতে থাকলে ফসলসহ সার্বিক পরিবেশের ওপরও প্রভাব পড়বে।
শিল্প মন্ত্রণালয় যখন ডিসেম্বরের মধ্যেই হাজারীবাগের সব ট্যানারি কারখানাকে সাভারে স্থানান্তরের চূড়ান্ত নির্দেশ দিচ্ছিল, তখন কি তারা নিজেদের দায়িত্ব পালনের হিসাব মিলিয়েছিল? এ নিয়ে দশমবারের মতো সময়সীমা বেঁধে দিলেও চামড়া শিল্পনগরে পূর্ণাঙ্গ বর্জ্য পরিশোধনব৵বস্থাই অদ্যাবধি প্রস্তুত নয়। শিল্প মন্ত্রণালয়ের নিয়োগপ্রাপ্ত প্রকল্প পরিচালক সতর্ক থাকলে এটা ঘটতে পারার কথা নয়। ওদিকে প্রকল্পের পরামর্শকের দাবি, দরপত্র চূড়ান্ত করার সময় অর্থাভাবে লবণ পরিশোধনের ব্যবস্থা রাখা হয়নি। এটা যেমন হঠকারী, তেমনি সিইটিপির অবকাঠামোয় ত্রুটি থাকা অপরাধ। যে চীনা কোম্পানি সিইটিপি নির্মাণের দায়িত্বে ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাই যুক্তিযুক্ত হবে।
সুপরিকল্পনা করা এবং তা বাস্তবায়নে দক্ষতা ও নিষ্ঠার অভাব যেন সরকারি কাজের বৈশিষ্ট্য হয়ে গেছে। সাভারের চামড়া শিল্পনগরের অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচালনের মান প্রথম শ্রেণিতে উন্নীত করায় আর গাফিলতি নয়।