ধান-চালসহ বিভিন্ন সংগ্রহ অভিযানের নামে অনেক ক্ষেত্রে কী হয়, তা টের পাওয়া গেল সাভারের বোরো ধান সংগ্রহ অভিযানসংক্রান্ত তথ্য বিচার-বিশ্লেষণ করে। তথ্য অধিকার আইনে গত বছরের বোরো ধান সংগ্রহের যে তথ্য পাওয়া গেল, অন্যান্য ক্ষেত্রেও এমনটি ঘটা অস্বাভাবিক নয়।
কাগজপত্র অনুযায়ী গত বছর সাভার উপজেলা খাদ্য বিভাগ ৮৫৭ টন বোরো ধান কিনেছিল ২৯১ জন কৃষকের কাছ থেকে। এ ব্যাপারে তথ্য পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। শেষ পর্যন্ত কৃষকদের যে তালিকা পাওয়া গেছে, তাতে অনেকেরই মা-বাবার নাম নেই, সুনির্দিষ্ট ঠিকানাও নেই। এই তালিকা থেকে ১৩০ জনের বিষয়ে খোঁজখবর নিয়ে নানা অনিয়ম পাওয়া গেছে।
কাগজপত্র অনুযায়ী ‘কৃষক বাবু মিয়া’র কাছ থেকে ৩ মেট্রিক টন ধান কিনেছে খাদ্য বিভাগ। কিন্তু বাস্তবে এই নামে কোনো কৃষক নেই। ১৩০ জন কৃষকের ব্যাপারে খোঁজখবর নিতে গিয়ে ১১০ জনেরই কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। বোঝা যায়, এখানে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ বলতে যা বোঝায়, তার কিছুই হয়নি।
এসব অনিয়ম ঘটতে পেরেছে কারণ খাদ্য বিভাগ কখন কীভাবে ধান সংগ্রহ করে, তার কিছুই আসলে কৃষকেরা জানেন না। এ নিয়ে কোনো প্রচার-প্রচারণাও নেই। খাদ্য বিভাগের লোকজনের সঙ্গে স্থানীয় কিছু প্রভাবশালী লোকজন মিলেমিশে নিজেরাই ধান সংগ্রহের কাজটি করেন। এখানে কার্যত কৃষকের কোনো যুক্ততা নেই। তাঁরা নিজেরা কৃষকদের ভুয়া তালিকা বানান, ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট করেন এবং সেসব নামে ধান সংগ্রহ করেন। ধান সংগ্রহের নামে আসলে যা হয়, তা কিছু লোকের ভাগ-বাঁটোয়ারা ছাড়া আর কিছু নয়।
সাভারের ঘটনাটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই। তথ্য অধিকার আইনের সুযোগ নিয়ে খোঁজখবর করায় অনিয়মের মাত্রাটি টের পাওয়া গেছে। সরকারের নানা পর্যায়ের সংগ্রহ অভিযানেও যে একই ঘটনা ঘটছে না, তা বলা যাবে না।
আমরা আশা করছি, এ ঘটনা খাদ্য বিভাগের টনক নাড়াবে। সংগ্রহ অভিযানের নামে কার্যত কী হয়, তা জানতে ও বুঝতে তারা আগের চেয়ে তৎপর হয়ে উঠবে।