ধান-চালের সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালের দাম বাড়ার এটা একটা দিক। অন্যদিকে সরকারি গুদামে চালের মজুত এখন ছয় বছরের মধ্যে সর্বনিম্ন—আড়াই লাখ টনের কিছু বেশি। কিন্তু গত বছর এই সময় মজুতের পরিমাণ ছিল ৬ লাখ ৩০ হাজার টন। এর সঙ্গে হাওর-অধ্যুষিত জেলাগুলোর ব্যাপক ফসলহানির বিষয়টি বিবেচনায় নিলে বলা যায়, দেশের খাদ্যনিরাপত্তা এখন একটা ঝুঁকির মুখে। আমরা খবর পাচ্ছি, ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের হতদরিদ্র মানুষের মধ্যে যাঁরা সরকারি ভিজিএফ কর্মসূচির বাইরে রয়ে গেছেন, তাঁদের অনেকের জীবনে অর্ধাহার–অনাহারের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এই পরিস্থিতিতে বাজারে ধান-চালের দাম বেড়ে যাওয়ায় সরকারের পক্ষে ধান-চাল সংগ্রহ করা কঠিন হয়ে উঠেছে। কেননা, ধান-চালের কলমালিকেরা খোলাবাজারে বেশি দাম পেলে কম দামে সরকারের কাছে ধান-চাল বিক্রি করবেন না, এটা স্বাভাবিক। বাস্তবে সেটাই ঘটছে। সরকার চালের সংগ্রহমূল্য নির্ধারণ করেছে কেজিপ্রতি ৩৪ টাকা, আর খোলাবাজারে একই চাল বিক্রি হচ্ছে ৪৪-৪৫ টাকা দরে। সে কারণে চালকলের মালিকেরা সরকারি গুদামে ধান-চাল দিতে রাজি হচ্ছেন না।

খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে এখন চাল আমদানি করতে হবে। বেসরকারি আমদানিকারকদের সুবিধার্থে চালের আমদানি শুল্ক কমানোও যেতে পারে। তবে সে ক্ষেত্রে চাহিদা নির্ধারণ করে নির্দিষ্ট পরিমাণ চাল আমদানিই বাঞ্ছনীয়। কারণ, তা না করা হলে স্থানীয় বাজারে চালের দাম বেশি কমে গিয়ে কৃষকের ক্ষতির কারণ ঘটাতে পারে। অবশ্য আশা করা হচ্ছে, বোরো মৌসুমের সব ফসল ওঠার পর চালের দাম সহনীয় মাত্রায় নেমে আসবে।

তবে সরকারি চালের মজুত অবশ্যই যথেষ্ট পরিমাণে বাড়াতে হবে, যেন গরিব মানুষের খাদ্যনিরাপত্তা হুমকির মুখে না পড়ে।