ধানচাষির বঞ্চনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে আমন ধানের বাম্পার ফলন হওয়ার পরও কৃষকের ন্যায্যমূল্য না পাওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। ধানের উৎপাদন খরচ এবং বিক্রয়মূল্যে সমন্বয়হীনতার কারণে ব্যাপক লোকসান গুনতে হচ্ছে সেখানকার কৃষকদের। মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, গত কয়েক বছরের ধারাবাহিকতায় পটুয়াখালীতে এবারও আমনের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলন হলেও সরকার এ অঞ্চল থেকে পর্যাপ্ত চাল কিনছে না। ফলে বাজারে ধান বিক্রি করতে গিয়ে কৃষকেরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। লাভ চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের কাছে।

জেলা কৃষি কার্যালয় ও কৃষকদের ভাষ্য অনুযায়ী, জেলায় বছরে সরকারি বিভিন্ন প্রকল্পের ও খাদ্যবান্ধব কর্মসূচির জন্য যে পরিমাণ চালের প্রয়োজন, তা স্থানীয় কৃষকদের কাছ থেকে সরকার কিনছে না। আনা হচ্ছে উত্তরাঞ্চল থেকে। এতে সরকারের চাল আমদানির জন্য পরিবহন ব্যয় যেমন বাড়ছে, তেমনি কৃষকেরা ধানের ন্যায্যমূল্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। চলতি বছর জেলায় ২ লাখ ২ হাজার ৬০৮ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৩৭ হাজার ৭৩৬ মেট্রিক টন। ভিজিডি, ভিজিএফসহ সরকারের বিভিন্ন প্রকল্পে জেলায় চালের চাহিদা ৩৬ হাজার মেট্রিক টন। অথচ সরকার এই জেলা থেকে ৯ হাজার ৪০৮ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সরকার চাইলে এর চেয়ে বেশি চাল এই জেলা থেকে কিনতে পারে।

শুধু পটুয়াখালীর কৃষকেরা নন, আমন ধানের এই মৌসুমে দেশের প্রায় সব জেলার কৃষকদের একই অবস্থা। ধানের বাম্পার ফলনের ধারাবাহিক সাফল্য একদিকে দেশের খাদ্যনিরাপত্তায় বড় অবদান রাখছে, অন্যদিকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনকে নিজেদের কৃতিত্ব হিসেবে দাবি করছে সরকার। কিন্তু যাঁরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ভূমিকা রাখছেন, সেই কৃষকদের লাভ-লোকসানের দিকে সরকারের কোনো নজর নেই। এমনও দেখা গেছে, দেশে পর্যাপ্ত ধান উৎপাদনের পরও সরকার বাইরের বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করেছে। এটা কোনোভাবেই কাম্য নয়।

কৃষকদের কাছ থেকে সরকারের ধান-চাল কেনার ক্ষেত্রেও নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। বছরে চালের চাহিদার পুরোটা দেশের কৃষকেরা জোগান দিলেও চালের বাজারমূল্যের নিয়ন্ত্রণ থাকে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের হাতে। কৃষিপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণে কৃষক এবং সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরকারকে সবার আগে কৃষকের স্বার্থ দেখতে হবে। কৃষকের উৎপাদন খরচ এবং নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতার ওপর ভিত্তি করে চালের মতো নিত্যপণ্যের বাজারমূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রণ করতে হবে।

মনে রাখতে হবে, দেশের খাদ্যনিরাপত্তা এবং কৃষকের নিরাপত্তা একই সূত্রে গাঁথা। কৃষকের ভাগ্যোন্নয়ন ছাড়া উন্নয়নের জাতীয় লক্ষ্যমাত্রা কখনোই অর্জিত হবে না।