ধানুয়া-কামালপুর স্থলবন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালে জামালপুরের ধানুয়া-কামালপুরে একটি স্থলবন্দর চালু হয়। ভারত সীমান্তের ওই স্থলবন্দর দিয়ে সড়কপথে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। কিন্তু একটি আন্তর্জাতিক স্থলবন্দর পূর্ণাঙ্গভাবে কাজ করতে হলে যেসব অবকাঠামো প্রয়োজন, সেগুলোর প্রায় কিছুই ছিল না সেখানে। অবকাঠামো নির্মাণের জন্য ২০১৮ সালে ৫৬ কোটি ৩০ লাখ টাকার প্রকল্প গ্রহণ করা হয়; প্রায় ১৬ একর ব্যক্তিমালিকানাধীন জমি অধিগ্রহণ করা হয়। গত বছর অবকাঠামো নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয় এবং প্রতিযোগিতার ভিত্তিতে তিনটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান অবকাঠামো নির্মাণের কাজ পায়। আগামী জুনের মধ্যে অবকাঠামো নির্মাণের এই প্রকল্পের কাজ শেষ করার কথা।

কিন্তু গত এক বছরে নির্মাণ প্রকল্পটির কাজের তেমন কোনো অগ্রগতি নেই। আগামী জুনের মধ্যে কাজ শেষ করা কোনোভাবেই সম্ভব হবে না। তাহলে প্রশ্ন ওঠে, যেসব ঠিকাদারি প্রতিষ্ঠানকে এই নির্মাণকাজগুলো দেওয়া হয়েছে, তারা এক বছর ধরে কী করেছে।

আমাদের জামালপুর প্রতিনিধি খোঁজ নিয়ে জানতে পেরেছেন, যেসব ব্যক্তির জমি অধিগ্রহণ করে স্থলবন্দরটির অবকাঠামো নির্মাণ করা হচ্ছে, সেই ব্যক্তিরা একজোট হয়ে ঠিকাদারদের কাজে বাধা দেওয়ার কারণে নির্মাণকাজ এগোতে পারেনি। জমির মালিকদের অভিযোগ, তাঁদের জমি কম দামে অধিগ্রহণ করা হয়েছে। এখন তাঁরা জমির ‘পর্যাপ্ত’ মূল্য দাবি করছেন। তাঁদের এই দাবি পূরণ করা হয়নি বলে তাঁরা এক বছর ধরে ঠিকাদারদের নির্মাণকাজে দফায় দফায় বাধা দিয়ে আসছেন।

স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে ঠিকাদারেরা গত বুধবার থেকে আবার কাজ শুরু করতে পেরেছেন, কিন্তু জমির মালিকেরা এখনো নানাভাবে তাঁদের কাজে বাধা সৃষ্টি করছেন বলে ঠিকাদারদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সে জন্য ঠিকাদারদের পক্ষে জোর কদমে কাজ করা সম্ভব হচ্ছে না। স্থলবন্দরটির কর্মকাণ্ড পূর্ণাঙ্গভাবে চালু করার স্বার্থে অবকাঠামো নির্মাণের কাজ যথাসম্ভব দ্রুত শেষ করা প্রয়োজন। সে জন্য প্রয়োজন জমির মালিকদের বাধা অপসারণ করা। অধিগ্রহণ করা জমির দাম তাঁদের পরিশোধ করা হয়েছে সেই সময়ের বাজারমূল্যে, যখন কাঁটাতার পরিবেষ্টিত এলাকায় ওই সব জমির দাম খুবই কম ছিল। স্থলবন্দর চালু হওয়ার পর গত পাঁচ বছরে সেসব জমির দাম প্রায় ১০ গুণ বেড়ে গেছে দেখে তাঁরা বর্তমান বাজারমূল্যে দাবি করছেন। এটা যুক্তিসংগত হতে পারে না এবং এভাবে নির্মাণকাজে বাধা দেওয়া অন্যায়। স্থানীয় প্রশাসনের উচিত জমির মালিকদের সঙ্গে আলোচনায় বসে বিষয়টি বোঝানো। তারপরও যদি তাঁরা নির্মাণকাজে বাধা দেওয়া অব্যাহত রাখেন, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া উচিত। তবে সে পর্যন্ত যাওয়ার আগেই বিষয়টির সুরাহা হোক এবং নির্মাণকাজ দ্রুত শেষ হোক—এটাই আমরা প্রত্যাশা করি।