খুচরা বাজারে কেজিপ্রতি চালের দাম যখন বাড়ছে, তখন মণপ্রতি ধানের দাম কমছে! এই বৈপরীত্য বড়ই বিস্ময়কর। এর ফল হচ্ছে, একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ধানের উৎপাদক কৃষক, অন্যদিকে দেশের সাধারণ জনগণ। এই দুটি গোষ্ঠীর স্বার্থরক্ষায় সরকার কী উদ্যোগ নেয়, সেটাই এখন দেখার বিষয়।প্রথম আলোর বিশাল বাংলায় প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সপ্তাহ খানেকের ব্যবধানে আমন ধানের দাম মণপ্রতি ৪০ থেকে ৫০ টাকা পড়ে গেছে। সামনের দিনগুলোতে যেহেতু বাজারে আমনের আমদানি আরও বাড়বে, তাই দাম আরও পড়ে যাওয়ার আশঙ্কাটাও জোরালো। গত বছরের সঙ্গে তুলনা করলে এ বছর ধানের দামের করুণ দশা টের পাওয়া যাবে। গত বছর কৃষকেরা ধান বিক্রি করতে পেরেছেন সর্বনিম্ন ৭২০ থেকে ৭৮০ টাকা দরে। এখন বিক্রি হচ্ছে ৫৩০ থেকে ৫৮০ টাকা দরে। ধান নিয়ে হাটবাজার ও মোকামে গিয়ে কৃষক কী পরিমাণ হতাশ হচ্ছেন, তা আমরা অনুমান করতে পারছি।সবচেয়ে বড় কথা, বর্তমানে যে দামে ধান বিক্রি হচ্ছে, তাতে ধানের উৎপাদনের খরচও ওঠানো যাচ্ছে না। সাধারণ কৃষকদের হিসাব অনুযায়ী, মণপ্রতি আমন ধানের উৎপাদন খরচ গড়ে ৬০০ টাকা। কৃষক যদি তাঁর উৎপাদন খরচও না ওঠাতে পারেন, তবে তাঁরা নিজে কী খেয়ে বাঁচবেন এবং আবার ধান উৎপাদনে কীভাবে উৎসাহিত হবেন। দুপচাঁপিয়া গ্রামের এক কৃষক যে আক্ষেপ প্রকাশ করলেন, তাঁর জবাব কী? তিনি বলেছেন, গতবারের তুলনায় ধানের দাম কমেছে কিন্তু উল্টো সার, কীটনাশকসহ সব জিনিসের দাম বাড়ছে। ধান আবাদ করতে গিয়ে এবার তিনি যে লোকসান দিলেন, তা পোষাবেন কীভাবে?কৃষক ধানের দাম পাচ্ছেন না অন্যদিকে খুচরা চালের দাম বাড়ছে, সাধারণ ক্রেতারা বেশি দাম দিয়ে চাল কিনছেন—এই পরিস্থিতি এটাই প্রমাণ করে যে এর মাঝখানে যে মধ্যস্বত্বভোগীরা রয়েছেন, তাঁরাই সুফলটি ভোগ করছেন। বাজার অর্থনীতিতে সরকারের বাজারে হস্তক্ষেপ করার সুযোগ কম। কিন্তু এ ধরনের ক্ষেত্রে, বিশেষ করে ধান-চালের মতো দেশের প্রধান খাদ্য এবং এর উৎপাদনের সঙ্গে জড়িত কৃষক ও সাধারণ জনগণের স্বার্থরক্ষায় সরকারের কিছু পদক্ষেপ ও হস্তক্ষেপ জরুরি। এ ক্ষেত্রে সরকার যা করতে পারে তা হচ্ছে, আমন ধানের মণপ্রতি উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে কিছু লাভসহ ধানের সংগ্রহমূল্য নির্ধারণ এবং অবিলম্বে সংগ্রহ কার্যক্রম শুরু করা। সরকার এ ধরনের উদ্যোগ নিলে বাজারে তার প্রভাব পড়বে এবং কৃষক অন্তত লোকসানের হাত থেকে বাঁচবেন।