ধানের দামে আবারও বঞ্চনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষকেরা এ বছরও বোরো ধান তোলার পর বিক্রির সময় উৎপাদনের খরচ তুলতে পারছেন না। সমস্যাটা নতুন নয়, এর আগেও এমন সমস্যা ছিল। তাহলে কৃষি মন্ত্রণালয় ও বাজার নিয়ন্ত্রক অন্যান্য সংস্থা একবারের জন্যও কার্যকর সমাধানে নেমে পড়ল না কেন?
কথায় বলে লাভের গুড় পিঁপড়ায় খায়, কৃষকের বেলায় লাভ তো দূরের কথা আসলটাই খেয়ে নেন মধ্যস্বত্বভোগী ব্যক্তিরা। ইংরেজ আমলে মধ্যস্বত্বভোগী ছিলেন জমিদার, মহাজন আর ফড়িয়ারা। এখন তাঁদের জায়গা নিয়েছেন একশ্রেণির ধানকল ও চাতাল মালিক, আড়তদার ও ধান-চালের ব্যবসায়ীরা। পরে কৃষকের ধান ফুরালে এঁরাই আবার অনেক লাভে এই ধান–চাল বিক্রি করবেন। এভাবে গ্রাম শহরকে সুবিধাজনক মূল্যে খাদ্য সরবরাহ করে যাচ্ছে, কিন্তু গ্রামীণ অর্থনীতি তার প্রাপ্যটা ফেরত পাচ্ছে না। এভাবে শুধু কৃষকই ঠকছেন না, কৃষি অর্থনীতিও স্থায়ীভাবেই দুর্বল থেকে যাচ্ছে।
এ বছর কৃষির জন্য দুঃসংবাদ দুটি—একদিকে বোরো ধানের চাষ কমে যাওয়ায় খাদ্যনিরাপত্তায় ঝুঁকি সৃষ্টি হচ্ছে, অন্যদিকে ফসলের ন্যায্য দাম না পাওয়ায় কৃষকেরা বঞ্চিত ও দরিদ্রতর হচ্ছেন। আর এ বছরের বঞ্চনার শিকার কৃষকেরা সামনের বছর যদি বোরো চাষে আরও অনুৎসাহিত হয়ে পড়েন, তবে সমস্যা সংকটের রূপ নেবে। সোমবারের প্রথম আলো কৃষি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে আটটি জেলার ধানের দরের বিশ্লেষণ থেকে জানিয়েছে, কৃষকেরা প্রতি মণ ধান বিক্রি করে ২৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত লোকসান দিচ্ছেন।
ধান কাটার পর সরকারি উদ্যোগে কৃষকের জন্য লাভ ধরে রেখে ধান-চাল কেনার ব্যবস্থায় অনেক ফাঁকফোকর। সরকারি ক্রয়ব্যবস্থা কৃষকের দোরগোড়ায় নিয়ে না গেলে এমনটাই হওয়ার কথা। তা ছাড়া, দেশে খাদ্যগুদাম অপ্রতুল হওয়ায় একদিকে সরকারও বেশি ধান রাখতে পারে না, অন্যদিকে কৃষকও ধান-চাল গুদামজাত করে উপযুক্ত সময়ে বিক্রিরও কোনো সুযোগ পান না।
খাদ্যনিরাপত্তা জাতীয় স্থিতিশীলতার শর্ত। কৃষিই যেহেতু এখন পর্যন্ত সবচেয়ে বড় কর্মসংস্থানের ক্ষেত্র, তাই কৃষি ও কৃষককে অবহেলা করা আত্মঘাতেরই আরেক নাম।