ধামরাইয়ে মন্দিরের জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪০০ বছর আগে প্রতিষ্ঠিত ধামরাইয়ের যশোমাধব মন্দির বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। ৩০০ বছরেরও বেশি সময় ধরে ওই মন্দিরকে ঘিরে রথযাত্রা উৎসব ও মেলা চলছে। অথচ কিনা এই মন্দির প্রাঙ্গণের ৮ শতাংশ জমি ঢাকার জেলা প্রশাসক দীর্ঘ মেয়াদের জন্য ইজারা দিয়ে বসেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদকে। ধামরাইয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ এর প্রতিবাদে মানববন্ধন করেছেন। বিবাদ না বাড়িয়ে এই ইজারা বাতিল করা সবার জন্যই মঙ্গলজনক। তা ছাড়া মুক্তিযোদ্ধা সংসদ ও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে দূরত্ব সৃষ্টি করাও কোনো কাজের কথা নয়।
ধামরাই মৌজার যাত্রাবাড়ী এলাকায় মাধবের দ্বিতীয় মন্দির প্রাঙ্গণে যশোমাধবের নামে ১৬৭ শতাংশ জমি রয়েছে। কোনো দলিল ছাড়াই এসএ ও আরএস রেকর্ডে ওই সম্পত্তি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়। কাজটা করে স্থানীয় ভূমি প্রশাসন। এই জমি মন্দির প্রাঙ্গণেরই অংশ এবং এ জমি ছাড়া সেখানে রথযাত্রা ও পূজা উদ্যাপন খণ্ডিত হয়ে পড়বে। মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে ঢাকার জেলা প্রশাসকের জমি ইজারার সিদ্ধান্ত।
সমস্যা এখানেই যে মন্দির পরিচালনা কমিটি এটা মন্দিরের জমি হিসেবে দাবি করলেও ওই জমি সরকারের খাস খতিয়ানভুক্ত। এবং এ বিষয়ে যেহেতু মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে আদালতে মামলা করা হয়েছে, সেহেতু নিষ্পত্তি হওয়ার আগে জেলা প্রশাসন কাউকে ওই জমি ইজারা দিতে পারে না। বিষয়টা তাই অত জটিল নয়, আইন মেনে চলার মানসিকতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারের প্রতি শ্রদ্ধার ঘাটতির জন্যই এই বিবাদের জন্ম হয়েছে।
সারা দেশেই দুর্বলের সম্পত্তি ও সরকারি খাসজমি দখলের ঘটনা ঘটছে। আইনের শাসন বজায় থাকলে এই পরিস্থিতি ঘটার কথা নয়। সুতরাং, পুলিশ ও প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব রয়েছে সম্পত্তির অধিকার রক্ষার পক্ষে থাকা, বিপরীত পক্ষে নয়।