জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী আছেন বলে যে তথ্য দিয়েছেন, সেটাই উদ্বেগের একমাত্র কারণ নয়। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে কারাগারে বন্দী ধারণক্ষমতা ৪০ হাজার ৯৪৪ জন এবং কারাবন্দী আছেন ৮৮ হাজার ৮৪ জন। মন্ত্রী কারাগার সম্প্রসারণের কথা বলেছেন। এতে বন্দীদের আবাসন-সংকট হয়তো কাটবে। কিন্তু বাংলাদেশের কারাগারগুলোতে যে অনিয়ম, দুর্নীতি ও বিশৃঙ্খলা চলছে, তা দূর করার উপায় কী।
কারাগারে বন্দীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কারা কর্তৃপক্ষের। যে কারাগারকে নিরাপদ ভাবা হয়, সেই কারাগারেই ঘটছে একের পর এক খুনের ঘটনা। গত বছর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক বন্দীকে আরেক বন্দী হত্যা করেছেন ইট দিয়ে মাথায় আঘাত করে। পঞ্চগড় কারাগারে এক বন্দীকে সহবন্দীরা আগুনে পুড়িয়ে হত্যা করেছেন অভিযোগ রয়েছে। দুটি ঘটনার পরই স্বরাষ্ট্রমন্ত্রী তদন্ত করার কথা বলেছিলেন। কিন্তু সেই তদন্তের ফল এখনো অজানা। কারাগারে বন্দীদের খাবার, বাসস্থান ও চিকিৎসা নিয়ে গুরুতর অভিযোগ আছে। সরকারি নিয়ম অনুযায়ী একজন বন্দীকে যে পরিমাণ খাবার দেওয়ার কথা, তার চেয়ে কম দেওয়া হয়। বিশেষ করে পুষ্টিকর খাবারগুলো কারাগারে আসার আগেই বেহাত হয়ে যায় একশ্রেণির অসাধু কর্মকর্তা ও ঠিকাদারদের যোগসাজশে। তদুপরি বন্দীদের যে খাবার দেওয়া হয় তা অতি নিম্নমানের। কারাবন্দীদের চিকিৎসা সুবিধার অনেকটা ‘কাজির গরু কেতাবে আছে, গোয়ালে নেই’-এর মতো।
প্রতিটি ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি হয়। আর এই দুর্নীতিতে কারাগারের একশ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারী। তাঁদের যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান কারাগারের জন্য বরাদ্দ খাবার বাইরে বিক্রি করে দেয়। বন্দীদের যে ন্যূনতম খাবার দেওয়া হয়, তা–ও অতি নিম্নমানের। ৮০ হাজার বন্দীর জন্য নিয়োজিত আছেন মাত্র দুজন চিকিৎসক। সম্প্রতি সরকার বাড়তি চিকিৎসক নিয়োগ দেওয়ার উদ্যোগ নিলেও সেটি সফল হয়নি।
বাংলাদেশের কারাগারের সঙ্গে অনেক নির্মম ও বেদনাবিধুর স্মৃতি জড়িত। পাকিস্তান আমলে রাজশাহী কারাগারে গুলি করে সাত বন্দীকে হত্যা করা হয়েছিল। স্বাধীনতার পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিহত হন চার জাতীয় নেতা। জিয়াউর রহমানের শাসনামলে খুলনা কারাগারে বন্দী বিদ্রোহের প্রেক্ষাপটে কারা সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। ১৯৮০ সালে সেই কমিশন কিছু গুরুত্বপূর্ণ সুপারিশসহ রিপোর্টও সরকারের কাছে জমা দেয়। কিন্তু গত ৪০ বছরে কোনো সরকারই সেই রিপোর্ট বাস্তবায়ন করার প্রয়োজন বোধ করেনি। এটি অত্যন্ত দুঃখজনক।
কারা সংস্কার কমিশনের সঙ্গে দ্রুত বিচারের প্রশ্নটি জড়িত। কারাগারে যত বন্দী আছেন, তাঁদের সিংহভাগ বিচারাধীন কয়েদি। বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হলে কারাগারে বন্দীর সংখ্যা স্বাভাবিকভাবেই কমে যাবে। কারাগার প্রতিষ্ঠার উদ্দেশ্য অপরাধীর শাস্তির পাশাপাশি তাঁর চরিত্র সংশোধন; যাতে তিনি কারাগার থেকে বেরিয়ে এসে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন করতে পারেন। কিন্তু দেশের কারাগারগুলোর যে পরিবেশ পরিস্থিতি, তাতে সংশোধন না হয়ে বন্দীদের আরও বেশি অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। কারারক্ষীদের কেউ কেউ যখন মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন, তখন কারাগার হয়ে পড়ে মাদকের ‘স্বর্গরাজ্য’। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কারণে দু-একজন কারারক্ষী মৃদু শাস্তি পেলেও কারাগারের সার্বিক পরিস্থিতির খুব উন্নতি হয়নি।
সব দেশেই অন্য বন্দীদের থেকে জঙ্গিদের আলাদা রাখা হয়; যাতে তারা সহবন্দীদের জঙ্গিবাদে দীক্ষিত না করতে পারে। কিন্তু আমাদের কারা কর্তৃপক্ষ স্থানাভাবের দোহাই দিয়ে অন্য বন্দীদের সঙ্গেই জঙ্গিদের থাকার ব্যবস্থা করে থাকে; যা ভয়ংকর বিপদ ডেকে আনতে পারে।
কারাগারে অনিয়ম-দুর্নীতি বন্ধ হোক। অবিলম্বে বাস্তবায়ন করা হোক কারা সংস্কার কমিশনের সুপারিশ।