ধূপখোলা মাঠে বহুতল মার্কেট নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর খবর অনুযায়ী, ডিএসসিসির ৪৫ নম্বর ওয়ার্ডের অধীন প্রায় সাত একর আয়তনের ধূপখোলা মাঠে গত বছর বাণিজ্যিক শিশুপার্ক নির্মাণের একটি উদ্যোগ নেওয়া হয়। কিন্তু স্থানীয় বাসিন্দারা এখানে এ ধরনের পার্ক নির্মাণের বিরোধিতা শুরু করলে ডিএসসিসি একটি গণশুনানির আয়োজন করে। তাতে এলাকার লোকজন ধূপখোলা মাঠ রক্ষার পক্ষে অবস্থান নেন। গণদাবির মুখে বাণিজ্যিক শিশুপার্ক নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এলেও সেখানে গ্যালারিসহ খেলার মাঠ ও শিশু কর্নার এবং একটি বহুতল মার্কেট নির্মাণের পরিকল্পনা করেছে ডিএসসিসি।

প্রশ্ন হচ্ছে ধূপখোলা মাঠকে মাঠ হিসেবে রাখতে দিলে ক্ষতি কী? কেন সেখানে শিশুপার্ক করতে হবে আর কেনই–বা মার্কেট করতে হবে? সিটি করপোরেশনের কাজ নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা, সবকিছুতেই ব্যবসা করা নয়। কিন্তু এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে ব্যবসায়িক উদ্দেশ্যে ও অর্থ আয় করাই পরিবর্তিত প্রকল্পের উদ্দেশ্য। তা না হলে বাণিজ্যিক শিশুপার্কের বদলে মাঠের জায়গায় বহুতল মার্কেট নির্মাণের পরিকল্পনা করা হতো না।

পুরান ঢাকা এমনিতেই ঘনবসতিপূর্ণ এলাকা। সেখানে দোকানপাট ও মার্কেটের কোনো অভাব নেই। প্রকট অভাব যেটির আছে তা হচ্ছে উন্মুক্ত সবুজ পরিবেশ ও খেলার মাঠ। ধূপখোলা মাঠে পুরান ঢাকার সাতটি থানা এলাকার শিশু-কিশোরেরা খেলাধুলা করে। এই মাঠ ক্রিকেট ও ফুটবলের জাতীয় পর্যায়ের অনেক খেলোয়াড় তৈরি করেছে। মাঠটির যে ঐতিহ্য রয়েছে তা ধরে রাখতে হবে। মাঠটি বর্তমানে খেলাধুলার অনুপযোগী অবস্থায় রয়েছে। মাঠের ভেতরে রয়েছে গাড়ি ও রিকশার অনেক গ্যারেজ। প্রবেশপথে রয়েছে অনেক দোকানপাট। মাঠ ঘিরে গড়ে উঠেছে মাদকের আখড়া। সিটি করপোরেশনের এখন উচিত হবে বহুতল মার্কেট নির্মাণের পরিকল্পনা থেকে সরে এসে মাঠটিকে সংস্কার করা। গ্যারেজ, দোকানপাট সরিয়ে একে খেলাধুলার উপযোগী করা।