‘ফণী’ নামে একটি প্রবল ঘূর্ণিঝড় ঘনিয়ে আসছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে। গত ৪০ বছরে ভারত মহাসাগরীয় অঞ্চল যে ধ্বংসাত্মক শক্তিমত্তা দেখেনি, সেই রকমের শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে আসছে সে। রবীন্দ্রনাথের ‘দেবতার গ্রাস’ কবিতার ঝঞ্ঝার মতো ধেয়ে আসছে সে। ‘লোলুপ লেলিহজিহ্বা সর্পসম ক্রূর/ খল জল ছল-ভরা তুলি লক্ষ ফণা/ ফুঁসিছে গর্জিছে...চারিদিকে ক্ষিপ্তোন্মত্ত জল/....লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বারিরাশি।’
ঘূর্ণিঝড়ের গতি–প্রকৃতি বিশ্লেষণ করে এখন পর্যন্ত বলা হচ্ছে, হিংস্র রূপ নিয়ে ‘উদ্ধতবিদ্রোহভরে’ আজ শুক্রবার ফণী ভারতের ওডিশা রাজ্যের উপকূলে ছোবল হানতে পারে। তারপর এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকার খুলনা ও বরিশাল বিভাগের দিকে ফণা তুলে আসতে পারে।
বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে এখন ঘূর্ণিঝড়ের যাত্রাপথ, তার গতি, সম্ভাব্য ধ্বংসাত্মক ক্ষমতা—ইত্যাদি সম্পর্কে আগেভাগে জানা যাচ্ছে। ‘ফণী’ মোকাবিলায় ইতিমধ্যে সরকারের তরফ থেকে বেশ কিছু প্রস্তুতি নেওয়া হয়েছে। পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সদরঘাট টার্মিনালসহ সারা দেশের ৪১টি রুটের যাত্রীবাহী নৌযান বন্ধ ঘোষণা করা হয়েছে। উপকূলের ১৯ জেলায় নানা প্রস্তুতি নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এই জেলাগুলোতে নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে এবং ৫৬ হাজার স্বেচ্ছাসেবীকে সেখানে প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট, আর্মড ফোর্সেস ডিভিশন (এএফডি), ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষ খুলেছে। মন্ত্রণালয়ের বিশেষ রেডিওর পক্ষ থেকে বার্তা যাচ্ছে। সেখান থেকে সাবধান হওয়ার জন্য বলা হচ্ছে। প্রতিটি উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সওজ, এলজিইডিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন বিভাগ ও সংস্থাকে সার্বিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ফণীর মোকাবিলায় ভারতেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ওডিশায় এরই মধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্ধ্র প্রদেশ, ওডিশা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের জন্য ভারতের কেন্দ্রীয় সরকার ১ হাজার ৮৬ কোটি রুপি আগাম বরাদ্দ দিয়েছে। ভারতীয় কোস্টগার্ড, নৌবাহিনীর জাহাজ ও হেলিকপ্টার সাহায্যের জন্য প্রস্তুত রাখা হয়েছে। সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও প্রস্তুত। পাশাপাশি ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ৪১ টিমকেও প্রস্তুত রেখেছে।
১৯৭০ সালের ১৩ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের দক্ষিণাঞ্চলে যে ঘূর্ণিঝড় আঘাত হানে, সেটি ছিল ভয়ংকরতম প্রাকৃতিক দুর্যোগের একটি। ওই ঝড় ও জলোচ্ছ্বাসে প্রায় ৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছিল। এরপর ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়েও ১ লাখ ৩৮ হাজারের মতো প্রাণহানি ঘটেছিল। সেই আমলে আগেভাগে ঘূর্ণিঝড় আসার খবর যেমন মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি, তেমনি দুর্যোগ ব্যবস্থাপনা ও উপকূল থেকে মানুষজনকে সরিয়ে আনার কার্যক্রমও তেমন জোরদার ছিল না। আশার কথা হচ্ছে, সেই সীমাবদ্ধতা থেকে এখন বাংলাদেশ বেরিয়ে আসতে পেরেছে।
ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বেশ সাফল্যের পরিচয় দিয়েছে। বলা যায়, এ ক্ষেত্রে বাংলাদেশ যথেষ্ট দক্ষতা অর্জন করেছে। উপকূলীয় বা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে আনা সব সময়ই একটি বড় চ্যালেঞ্জ। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ, বাতাসের শক্তি ও জোয়ারের বিষয়টি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরানোর কাজটি গুরুত্বের সঙ্গে করতে হবে। উপকূল অঞ্চলের সব গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমানবন্দর, তেল রিজার্ভার, বিদ্যুৎকেন্দ্র, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র—এসবের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় সব উদ্যোগ নিতে হবে।
প্রাকৃতিক দুর্যোগের ওপর কারও হাত নেই। একমাত্র আগাম প্রস্তুতির মাধ্যমেই জানমালের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। অতীতের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ এই দুর্যোগ মোকাবিলায় সক্ষম হবে—এটাই প্রত্যাশা।