ধ্বংসাত্মক প্রকল্পগুলো বাতিল করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে প্রাকৃতিক প্রাচুর্য আর ‘অসামান্য ও বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ’ অরণ্যভূমির গৌরবদানই কি সুন্দরবনের অপরাধ? নইলে যতভাবে পারা যায়, ততভাবেই এই পরমা বনটিকে ধ্বংস করার আয়োজন কেন? যেখানে সরকারের দায়িত্ব ছিল কতিপয় মানুষের স্বার্থপর আচরণ থেকে বনটিকে রক্ষা করা, সেখানে নিজেই হয়েছে সুন্দরবন বিনাশের প্রধান উদ্যোগী? দেশবাসীর প্রতিবাদ-অভিযোগের পর এবার ইউনেসকো থেকেও এসেছে বনের ক্ষতি না করার আহ্বান। এই আহ্বান উপেক্ষার কোনো সুযোগই নেই।

সুন্দরবনের ভেতরে ও পাশে তিনটি বড় প্রকল্প হাতে নিয়েছে সরকার। এগুলো হচ্ছে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, সুন্দরবনের ভেতরের পশুর নদ দিয়ে বাণিজ্যিক পরিবহন এবং বনসংলগ্ন এলাকায় দূষণকারী শিল্পকারখানা স্থাপন। মড়ার উপর খাঁড়ার ঘা হয়েছে বেসরকারি উদ্যোগে স্থাপিত ছোট-বড় অজস্র বাণিজ্যিক প্রকল্প। বিদ্যুৎকেন্দ্র, নৌপথ ও কারখানা হওয়া মানে এসব ঘিরে আরও অনেক প্রতিষ্ঠান গড়ে ওঠা। ইতিমধ্যে নৌপথ চালু, বনের ভেতর পর্যবেক্ষণ মিনারসহ বিবিধ সরকারি-বেসরকারি তৎপরতায় সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য বদলাতে শুরু করেছে। এসবের ভিত্তিতেই ইউনেসকো সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে, প্রকৃতিবিরোধী কার্যকলাপ বন্ধ না হলে ইউনেসকোর দেওয়া বিশ্ব ঐতিহ্যের সম্মান ও সুবিধা হারাবে সুন্দরবন।
বিষয়টা কেবল সম্মানেরও নয়, সুন্দরবন বিপন্ন হলে বিরল বেঙ্গল টাইগার বিলীন হওয়ার ঝুঁকিতে পড়বে। বিলুপ্তির পথে ধাবিত হবে দুর্লভ ডলফিন, কচ্ছপসহ অজস্র প্রাণী এবং অর্থনৈতিক ও বৈজ্ঞানিকভাবে মূল্যবান প্রাণবৈচিত্র্য। কী কারণে অন্য সব জায়গা ফেলে সুন্দরবনের কাছেই কয়লা পোড়ানো বিদ্যুৎকেন্দ্র বানাতে হবে, তা কোনোভাবেই বোধগম্য নয়? কেন কয়লাবাহী জাহাজসহ পণ্য আনা-নেওয়া করার জন্য বনের ভেতরের নৌপথকেই বেছে নিতে হবে?
দেশের পরিবেশবাদীরাসহ নাগরিক সমাজের প্রায় সব অংশ থেকেই সুন্দরবন রক্ষার যে আওয়াজ উঠেছে, তার সঙ্গে শামিল হয়েছে ইউনেসকো, রামসারসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান। সর্বোপরি পরিবেশ-জলাভূমি ও জীববৈচিত্র্য রক্ষার সাংবিধানিক বাধ্যবাধকতাও সরকারকে মানতে হবে।