নওয়াজের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষয়টি এমন নয় যে দুর্নীতির অভিযোগে পাকিস্তানের কোনো বিচারিক আদালতে একজন নির্বাচিত প্রধানমন্ত্রীর বিচার করে তাঁকে দোষী সাব্যস্ত করেছে এবং এরপর সুপ্রিম কোর্ট আপিলে তাঁর রায় দিয়েছেন। বরং ২০১৩ সালের সাধারণ নির্বাচনের আগে একজন প্রার্থী নওয়াজের শুধু কিছু আয়ের তথ্য গোপন করাকে ‘অসততা’ এবং সে কারণে তাঁকে প্রধানমন্ত্রীর পদে অযোগ্য ঘোষণা করা হয়েছে। সুতরাং, এই রায়ে নির্বাচনী প্রার্থীদের আয়-ব্যয়ের যাবতীয় তথ্য প্রকাশের যে সুউচ্চ মান নির্দিষ্ট করা হয়েছে, তা যদি আগামী সাধারণ নির্বাচনে কঠোরভাবে অনুসরণ করা হয়, তাহলে সাংসদদের গুণগত মান বৃদ্ধিতে তা যুগান্তকারী ভালো ফল বয়ে আনতে পারে। অনেকে অবশ্য বলছেন, একই মানদণ্ডে এই মুহূর্তেও ‘বিপুলসংখ্যক’ সাংসদ পদ হারাতে পারেন! অবশ্য তথ্য গোপন ছাড়া আরও যেসব অভিযোগ আনা হয়েছে, তার ‘পূর্ণ তদন্ত ও বিচারের’ দাবি রাখে। খোদ সুপ্রিম কোর্টও সে কারণে নওয়াজ, তাঁর তিন সন্তানসহ অন্যদের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন।

এই রায় এসেছে এমন এক প্রেক্ষাপটে, যখন দেশটির সিভিল-সামরিক সম্পর্ক নিম্ন পর্যায়ে ছিল। শক্তিশালী জেনারেলদের সঙ্গে নওয়াজের চার বছরের শাসনামলে সম্পর্ক প্রায় কখনোই স্বাভাবিক ছিল না। তাঁরা পরোক্ষভাবে বিরোধী দলের হাত শক্তিশালী করেছেন। এরপর আলোচ্য পানামা পেপারস মামলায় শুনানিকালে সুপ্রিম কোর্ট যে যৌথ তদন্ত কমিটি করেছিলেন, তাতে বিতর্কিত সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এবং সামরিক গোয়েন্দা সংস্থার প্রতিনিধি রাখার বিষয়টিকেও অনেকে সন্দেহের বাইরে রাখতে রাজি নন।

এটা লক্ষণীয়, নওয়াজ কঠোর আপত্তি সত্ত্বেও আদালতের রায় মেনে দ্রুত পদত্যাগ করছেন। এটা ভালো নজির। কিন্তু অভ্যন্তরীণ গণতন্ত্রহীনতার কারণে পরবর্তী নেতা নির্বাচনে মুসলিম লিগ দ্বিধার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। অন্যদিকে বিরোধী দলের নেতা ইমরান খানের বিষয়ে অনেকের প্রশ্ন থাকলেও তিনি প্রমাণ করেছেন, অব্যাহত আন্দোলন সুফল দেয় বৈকি। তবে সব থেকে বড় কথা, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুরক্ষা দিতেই হবে। পাকিস্তানে গণতান্ত্রিক ধারাকে দুর্বল করে এমন কিছুকে সে দেশের রাজনীতিকেরা প্রশ্রয় দেবেন না, সেটাই প্রত্যাশা।