নগরে নগরে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজার নদীর দেশে বর্ষা মৌসুমে বৃষ্টি হয় আবহমান কাল ধরে। রাজধানী ঢাকা এককালে ছিল খাল-ঝিলের শহর; চারপাশ ঘিরে বহমান নদীগুলোর কথা বলাই বাহুল্য। প্রবল বৃষ্টিতেও এ নগরে জলাবদ্ধতা হতো না; কারণ, দ্রুত পানি নেমে যাওয়ার ব্যবস্থা ছিল। কিন্তু এখানে নগরায়ণ ঘটেছে অস্বাভাবিক রকমের দ্রুতগতিতে, একেবারেই অপরিকল্পিতভাবে। নগরের খাল, ঝিলসহ অন্য জলাশয়গুলো ভরাট হয়েছে, কিন্তু তার বিকল্প হিসেবে পর্যাপ্ত কার্যকর পানিনিষ্কাশনের ব্যবস্থা গড়ে তোলা হয়নি। যা গড়ে তোলা হয়েছে, তারও সঠিক রক্ষণাবেক্ষণ নেই। এই অবস্থা শুধু ঢাকায় নয়, চট্টগ্রামসহ দেশের অধিকাংশ বড় শহরেই। অথচ প্রতিটি শহর-নগরেই সিটি করপোরেশন কিংবা পৌর কর্তৃপক্ষ আছে।

ঢাকা ওয়াসা স্বীকার করেছে, তাদের পানিনিষ্কাশনব্যবস্থা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। এটা তারা বলছে বৃষ্টির পানি পাম্প দিয়ে নিষ্কাশনের ব্যাপারে। কিন্তু একটি মহানগরে বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নেমে যাওয়ার নর্দমা ব্যবস্থা পর্যাপ্ত মাত্রায় না থাকলে ব্যাপক ভোগান্তি অবশ্যম্ভাবী। নর্দমার সংখ্যা আরও বাড়ানো, প্রতিটি পাড়া-মহল্লায় নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার করার মাধ্যমে পানি দ্রুত নেমে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এটা শুধু বৃষ্টির মৌসুমের ব্যাপার নয়, সারা বছরই নালা-নর্দমাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কর্তৃপক্ষের পাশাপাশি নাগরিকদের সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে নগরবাসীর সচেতন সহযোগিতার মাধ্যমেই নগরীর নালা-নর্দমাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যায়। এ কথা ঢাকার বাইরের শহরগুলোর জন্যও সমানভাবে প্রযোজ্য।

জলাবদ্ধতা মোকাবিলার জন্য প্রথমত প্রয়োজন সঠিক, সুদূরপ্রসারী ও সমন্বিত পরিকল্পনা। অপরিকল্পিত নগরায়ণ অব্যাহত থাকলে বৃষ্টির মৌসুমে ঢাকা-চট্টগ্রামসহ বড় শহরগুলো জলাবদ্ধতার কারণে বসবাসের অযোগ্য হয়ে পড়তে পারে। তাই সব নির্মাণের ক্ষেত্রে পানিনিষ্কাশনের ব্যবস্থা বিবেচনায় রাখতে হবে এবং এই ব্যবস্থার অবকাঠামোগত সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণ নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে। জবরদখল হয়ে যাওয়া খাল, ছড়া ও অন্যান্য প্রাকৃতিক জলাশয় পুনরুদ্ধার করতে হবে।