একটি শহর বেহাত ও অব্যবস্থাপনার শিকার হলে যা হয়, ঢাকার অবস্থা তা-ই। এই শহরের দুর্গতিগুলোর অন্যতম হলো সড়কে ও জনপরিসরে অবৈধ স্থাপনা। কিছুদিন পরপর এসব স্থাপনার কিছু কিছু উচ্ছেদে অভিযান চলে। বারবারই যদি উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করার অভিযান চলে, তাহলে তো একসময় ঢাকা সম্পূর্ণ দখল ও অবৈধ স্থাপনামুক্ত হওয়ার কথা। আর উচ্ছেদের প্রয়োজনই পড়ে না যদি বেআইনিভাবে স্থাপনা নির্মাণের সময়ই বাধা দেওয়া হয়। তাহলে এ ধরনের স্থাপনা তৈরি ও তা উচ্ছেদের কুকুর-বিড়াল খেলার তাৎপর্য আসলে কী?
বুধবারের প্রথম আলো জানাচ্ছে, রাজধানীর উত্তরায় ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ঢাকা মেডিকেলের রাস্তাও দখলমুক্ত করা হয়েছে। ঢাকা উত্তরের মেয়র তেজগাঁও ট্রাকস্ট্যান্ড ও গাবতলীর সড়ক থেকে পার্কিং উচ্ছেদের ব্যবস্থা নিয়েছেন। আমরা কি আশা করতে পারি যে একবার উচ্ছেদের পর এসব জায়গা নতুন করে আর দখলের কবলে পড়বে না?
রাজধানী ঢাকা যে বিশ্বের বসবাসের অযোগ্য শহরগুলোর প্রধানতম হয়ে উঠল, তার পেছনে রয়েছে নগর প্রশাসনের দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও গাফিলতি। কিন্তু এ শহরকে টিকিয়ে রাখতে হলে ‘দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ’। সরকার ও নগর প্রশাসনের সদিচ্ছা থাকলে এটা অসম্ভব নয়। অবৈধ স্থাপনা, পার্কিং, দখল থেকে সড়ক, মাঠ, বাঁধ, খাল-নালা, ফুটপাত মুক্ত করার কর্মসূচি নিরন্তরভাবে চালাতে হবে। কেবল উচ্ছেদই নয়, দখলদারদের কঠিন শাস্তির ব্যবস্থা করে দৃষ্টান্ত রাখতে হবে। কিন্তু যে প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়া ছাড়া এসব অনিয়ম চলা সম্ভব নয়, তাদের দমনে আপসহীন হতে পারবে তো নগর প্রশাসন? অতীতের অভিজ্ঞতা সেই ভরসা দেয় না।
অবৈধ স্থাপনা ও ব্যবহার থেকে ঢাকাকে মুক্ত করা জীবনের দাবি, সময়ের দাবি। এই দাবি অস্বীকার করা হবে আত্মঘাতী কাজ।