নতুন অভিজ্ঞতার মুখোমুখি আপিল বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সর্বোচ্চ আদালত একটি অসাধারণ আইনি অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন। সবার নজর থাকবে সংসদের বেঁধে দেওয়া ৬০ দিন সময়সীমার মধ্যে কাদের মোল্লার মামলায় চূড়ান্ত রায় মেলে কি না। সংসদ অতীব জরুরি বিবেচনা করেই আপিল বিভাগে এই মামলা নিষ্পত্তিকল্পে সময়সীমা বেঁধে দিয়েছে। কিন্তু আপিল বিভাগের রোববারের আদেশটিতে তার যথেষ্ট উপযুক্ত প্রতিফলন ঘটেছে বলে প্রতীয়মান হয় না।১০ মার্চ আদালত সিদ্ধান্ত দিয়েছেন, ৩১ মার্চ শুনানি শুরু হবে। দেখা যাচ্ছে, এই একটি মুলতবির সিদ্ধান্তেই পুরো তিন সপ্তাহ পার হবে। অথচ গোড়াতে মাত্র সাড়ে ছয় সপ্তাহের মধ্যে রায়দানে সংসদীয় আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছিল। খসড়া বিলে বলা হয়েছিল, আপিল দাখিলের ৪৫ দিনের মধ্যে আপিল বিভাগ রায় দেবেন। এই সময়ে না পারলে সংগত কারণ দেখিয়ে তাঁরা আরও ১৫ দিন নিতে পারবেন। পরে সংসদীয় স্থায়ী কমিটি ৪৫ দিন + ১৫ দিনের বিধান বাদ দিয়ে সরাসরি ৬০ দিন করে দিয়েছে। সুতরাং খসড়া আইনের বিধানটি, অর্থাৎ দ্রুত বিচারের চেতনাও আদালতের কাছে বিবেচ্য হওয়া উচিত।আসামিপক্ষের আইনজীবী গতকাল সময়ক্ষেপণের মনোভাব ব্যক্ত করেছেন। তাঁরা আপিল বিভাগের বিধি দেখিয়ে ‘কনসাইজ স্টেটমেন্ট’ (যে বৃিবতিতে আপিল করার মূল কারণ লেখা থাকে) দাখিলে ৩০ দিনের সময় চেয়েছিলেন। কিন্তু সবারই এটা জানা যে ৩০ দিন প্রাপ্তি কোনো বাধ্যতামূলক বিষয় নয়। বহু সাধারণ মামলার আপিল শুনানিতে উভয় পক্ষের উপস্থিতিতে আপিল বিভাগ এ ধরনের বিবৃতি দাখিলে সাত দিনের সময়ও মঞ্জুর করে থাকেন। আবার দীর্ঘ কালক্ষেপণের নজিরও আছে। আপিল বিভাগ কাদের মোল্লার আইনজীবীদের ২৪ মার্চের মধ্যে বিবৃতি দাখিল করতে বলেছেন। আপিল বিভাগের ১৯৮৮ সালের বিধিতে ‘৩০ দিনের মধ্যে’ কথাটি বলা আছে। সুতরাং আদালত সাত দিনের কম সময়ও কাদের মোল্লাকে দিতে পারতেন। গতকালের শুনানিকালে দেখা গেছে, রাষ্ট্রপক্ষ ৩১ মার্চে কিছুটা বিলম্বে শুনানি শুরু করা নিয়ে কোনো বক্তব্য দেয়নি। দেশের বিরাজমান পরিস্থিতিতে এই মামলা নিষ্পত্তির সময়সীমার বিষয়টির একটি সংবেদনশীলতা আছে। এটা যাতে অহেতুক প্রলম্বিত না হয়। আপিল বিভাগকে রায়দানে সময়সীমা বেঁধে দেওয়া আমাদের ইতিহাসে প্রথম, কিন্তু তা একেবারে অস্বাভাবিক কিংবা রেওয়াজ-বিরুদ্ধ নয়। কারণ, দেশের প্রচলিত অনেক বিশেষ আইনে এমন বিধান আছে। যেমন দ্রুত বিচার ট্রাইব্যুনালকে ১৩৫ (৯০+৩০+১৫) দিনের মধ্যে রায় দিতে হয়। আপিল বিভাগ হাইকোর্টকে রায় প্রদানে সময়সীমা বেঁধে দিতে পারেন এবং সেটা বাস্তবে দেদার ঘটেও থাকে। যদিও সাংবিধানিক আদালত হিসেবে আপিল বিভাগ ও হাইকোর্টের স্বতন্ত্র অস্তিত্ব স্বীকৃত।কাদের মোল্লার আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক গতকাল শুনানিকালে নম্র সুরে এই সময়সীমা বাঁধা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর যুক্তি সম্ভবত এই যে সংসদ এভাবে সময়সীমা নির্দিষ্ট করে দিলেও এটা আপিল বিভাগের ওপর নির্দেশনামূলক, বাধ্যতামূলক নয়। এটা বোধগম্য, তবে বিষয়টিকে যান্ত্রিকভাবে দেখার যেকোনো প্রয়াসই অগ্রহণযোগ্য।কাদের মোল্লার মামলার শুনানিকালে আপিল বিভাগ যদি আদৌ মনে করেন, কোনো বিষয়ে পুনর্বিচার দরকার, তাহলে তাঁরা রায় না দিয়ে মামলাটি বিচারিক ট্রাইব্যুনালে পাঠাতে পারেন। সে ক্ষেত্রে ট্রাইব্যুনালের নতুন রায় না আসা পর্যন্ত আপিল বিভাগ ৬০ দিনের সময়সীমার বাইরে থাকবেন। আবার সব পক্ষই দ্রুত শুনানি সম্পাদনে আন্তরিকভাবে চেষ্টা চালানোর পরও কিছু সময় বেশি লাগল কিংবা কোনো দৈবদুর্বিপাক ঘটল, তখন সেটা ভিন্ন কথা। তবে আমাদের অতীতের তিক্ত অভিজ্ঞতা হচ্ছে, সুবিধা অনুযায়ী বাধ্যতামলূক বিধানকে নির্দেশনামূলক হিসেবে দেখার চেষ্টা চলেছে। এ ক্ষেত্রে যা কোনোক্রমেই কারও কাম্য হতে পারে না।সুপ্রিম কোর্ট ১৫ মার্চ সাধারণ ছুটিতে যাচ্ছেন। খুলবে ৩১ মার্চ। আমরা দৃশ্যত লক্ষ করি যে গতানুগতিকভাবে এই ছুটির সঙ্গে শুনানি শুরু করার একটা সমন্বয় ঘটেছে।আদালতের হাত লম্বা। আপিল বিভাগের হাত আরও বেশি লম্বা। হাইকোর্টের সমতুল্য ট্রাইব্যুনালে বিচার হয়েছে। সে জন্য নতুন অবকাঠামো হয়েছে। কিন্তু আপিল বিভাগ থাকছেন আগের মতোই। কিন্তু ইতিহাসে এই প্রথম তাঁরা ১৯৭৩ সালের আইনের আওতায় আপিল আদালত হিসেবে প্রথম রায় দিতে যাচ্ছেন। বাংলাদেশ যে আইনি কাঠামোয় মানবতাবিরোধী অপরাধের বিচার করছে, তা নিয়ে আইনবিদদের মধ্যে একটা মতভিন্নতা আছে। আমাদের কথা হলো, আপিল বিভাগের সামনে আছে ‘সম্পূর্ণ ন্যায়বিচার প্রতিষ্ঠার’ এক অনন্য সুযোগ। আমাদের চাইতে হবে সেই বিচার, মুখে যে যা-ই বলুক, আগে বা পরে হোক, যা মামলার সব পক্ষের মনেই ন্যায্য বিচার লাভের প্রতীতি জন্মাবে। আইনে বা বিচারিক প্রক্রিয়ায় কোনো ত্রুটি-বিচ্যুতি ঘটলেও তা অপনোদনের সুযোগ ও এখতিয়ার আপিল বিভাগের সামনে বারিত নয়। ১৯৭৩ সালের আইন বিশ্লেষণ করে ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজি ২০১০ সালে সম্ভবত জামায়াতের কাছে নেতিবাচক পেশাগত আইনি অভিমত দিয়েছিলেন। বাক্স্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষার জন্য তিনি পদ্মভূষণ খেতাবে ভূষিত। তিনি মনে করেন, মৃত্যুদণ্ডের মতো শাস্তিদানের জন্য এই আইন ও তার বিধিবিধান যথাযথ নয়।আমাদের কথা হলো, প্রায় সব ধরনের বালামুসিবত নিরাময়ে বাংলাদেশ সংবিধানের ১০৪ অনুচ্ছেদটি একটি অবিসংবাদী রক্ষাকবচ। যুদ্ধাপরাধ মামলার আইনজীবীদের সমন্বয়ক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমানও এই অনুচ্ছেদের ওপর দাঁড়াতে চাইছেন। যদিও একজন আইনবিদ বলেন, এটি কারও জীবন দেওয়ার জন্য, নেওয়ার জন্য নয়।সংবিধানের ১০৪ অনুচ্ছেদ বলেছে, ‘কোনো ব্যক্তির হাজিরা কিংবা কোনো দলিলপত্র উদ্ঘাটন বা দাখিল করিবার আদেশসহ আপিল বিভাগের নিকট বিচারাধীন যেকোনো মামলা বা বিষয়ে সম্পূর্ণ ন্যায়বিচারের জন্য যেরূপ প্রয়োজনীয় হইতে পারে, উক্ত বিভাগ সেইরূপ নির্দেশ, আদেশ, ডিক্রি বা রিট জারি করিতে পারিবেন।’আইনজীবী আনিসুল হক সংবিধানের ১০৪ অনুচ্ছেদের কথা বলতে গিয়ে লেখককে বলেন, ‘সংবিধানের ৩১ অনুচ্ছেদকে বিবেচনায় নিতে হবে।’ এই অনুচ্ছেদ বলেছে, ‘আইনের আশ্রয়লাভ এবং আইনানুযায়ী ও কেবল আইনানুযায়ী ব্যবহার লাভ যেকোনো স্থানে অবস্থানরত প্রত্যেক নাগরিকের এবং সাময়িকভাবে বাংলাদেশে অবস্থানরত অপরাপর ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার এবং বিশেষত আইনানুযায়ী ব্যতীত এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাইবে না, যাহাতে কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম বা সম্পত্তির হানি ঘটে।’ কোনো সন্দেহ নেই, ১০৪ অনুচ্ছেদটির প্রয়োগ আমাদের দেশে বিরল। আর এখানে দাঁড়িয়ে আন্তর্জাতিক অপরাধের বিচার একেবারেই নতুন ঘটনা। রেওয়াজ হিসেবে এই শুনানিতে আমরা আন্তর্জাতিক আইন এবং বিদেশি আদালতগুলোর রায়ের তুলনামূলক তর্ক আশা করতে পারি।সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম লিখেছেন, ‘সংবিধানে ১০৪ অনুচ্ছেদের সংযোজন বিশেষ পরিপ্রেক্ষিতে এবং বিশেষ কারণ থেকে উদ্ভূত পরিস্থিতি সামলানোর জন্য। এই অনুচ্ছেদ কোনো একটি নতুন অধিকারের এলাকা তৈরি করেনি। আদালতকে ক্ষমতা দিয়েছে সেখানে, যেখানে তার এখতিয়ার রয়েছে।’ আপিল বিভাগও বলেছেন, নির্দিষ্ট আইনের সঙ্গে বিরোধ ঘটলে ১০৪ অনুচ্ছেদ বাঁচাতে পারবে না।মাহমুদুল ইসলাম আরও লিখেছেন, ‘এই ক্ষমতাকে কোনো শব্দ দিয়ে সীমিত বা কর্তন করা হয়নি। এটা সংবিধান দ্বারা অর্পিত একটি অসাধারণ ক্ষমতা এবং “সম্পূর্ণ” ন্যায়বিচার বলতে কী বোঝায়, সেটি সংজ্ঞায়িত করতে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আর এ ধরনের কোনো উদ্যোগ নেওয়ার অর্থ হবে, যে কারণে এই ক্ষমতা আপিল বিভাগকে দেওয়া, তার উদ্দেশ্যকেই সম্ভবত নস্যাৎ করে দেওয়া।’ কিন্তু আমরা এটা বুঝতে পারি, ট্রাইব্যুনাল এর আগে যেসব হলফনামা বিবেচনায় নেননি, আপিল বিভাগ সম্পূর্ণ ন্যায়বিচারের স্বার্থে সেসব এখন বিবেচনায় নিতে পারবেন।১৯৯৬ সালে ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ বনাম নাসরিন বানু মামলায় আমাদের আপিল বিভাগ যে মন্তব্য করেছেন, তার আলোকে যুদ্ধাপরাধীদের বিচারের মতো বিষয়টিকে বিশেষ বিবেচনায় নেওয়ার সুযোগ খোলা বলেই মনে হয়। ওই রায়ে বলা হয়েছে, ‘একটি মামলা থেকে আরেকটি মামলা ভিন্ন হতে পারে। পরিস্থিতিগত তারতম্য ঘটতে পারে এবং সম্পূর্ণ ন্যায়বিচারের মাপদণ্ড বদলে যেতে পারে। কখনো আইন অনুসারে বিচার হতে পারে। কখনো বিচার হতে পারে ন্যায্য, ন্যায়পরায়ণতা এবং সুবিবেকের ভিত্তিতে। এমনকি কখনো এই বিচার হতে পারে ক্ষমার মহত্ত্বে উদ্ভাসিত। কখনো একজন সাধারণ যুক্তিবাদী মানুষের অনুমানসিদ্ধ বা এমন কিছু ধারণার ভিত্তিতে।’আমাদের সাধারণ জ্ঞানে মনে হয়, ১০৪ অনুচ্ছেদে আছে আদালতের সেই পরম ক্ষমতা, যা সম্ভবত কোনো মানদণ্ডে ফেলেই পরিমাপযোগ্য নয়। ১৯৯৩ সালে নাজির উদ্দিন বনাম হামিদা বানু মামলায় আমাদের আপিল বিভাগ বলেছেন, ‘সম্পূর্ণ ন্যায়বিচার যথার্থ বিচার না-ও হতে পারে এবং যদি তা অর্জনে চেষ্টা করা হয়, তাহলে তা আত্মশ্লাঘা বলে গণ্য হবে।’ ওই মামলাতেই আপিল বিভাগের আরেকটি পর্যবেক্ষণ প্রণিধানযোগ্য: ‘সম্পূর্ণ ন্যায়বিচারের নামে যদি ১০৪ অনুচ্ছেদকে ঘন ঘন ব্যবহার করা হয়, তাহলে এই আপিল বিভাগকে “তালগাছের বিচার” বহনকারীর গ্লানি বইতে হবে। যেখানে সামাজিক অবস্থা এবং মালিকানাগত সম্পর্কের পরিবর্তন ঘটে অথচ আইন সেই পরিবর্তন ধারণ করতে ব্যর্থ হয়, তখনই বিচার প্রদান এবং বিরোধ নিষ্পত্তির জন্য আদালতের দরকার পড়ে। আদালত তখন পক্ষসমূহকে বলবেন না যে পার্লামেন্ট একটি উপযুক্ত আইন প্রণয়ন না করা পর্যন্ত বিচার চাওয়ার আশায় অপেক্ষা করুন।’সরকার আপিল আবেদন দাখিল করেছে ৩ মার্চ। মোল্লা করেছেন ৫ মার্চ। ৩ মার্চ ধরে ৬০ দিন গণনা করা হলে ২ মে-র মধ্যে আমরা রায় পাব। শুধু কর্মদিবস ধরে ৬০ দিন গুনলে এই সময়সীমা মধ্য জুন ছাড়িয়ে যাবে। তার মানে, ৬০ দিনে রায় পেতে হলে ২৫ দিনে শুনানি ও রায়দান শেষ করতে হবে। আমরা মনে রাখব, এরপর আরও এক ধাপ আছে। এবং রিভিউর দরখাস্ত নিষ্পত্তির জন্য কোনো সময়সীমা বাঁধা হয়নি। মিজানুর রহমান খান: সাংবাদিক।[email protected]